Gold-Silver Price Hike: যুদ্ধে আবহে বেলা গড়াতে না গড়াতেই MCX-এ বাড়ল সোনা ও রুপোর দাম, কোথায় গিয়ে দাঁড়াবে?
Gold-Silver Price Today: এমসিএক্স বা মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের সোনার এপ্রিল ফিউচারের দাম বেড়েছে ১.০৪ শতাংশ। প্রতি ১০ গ্রামের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৬২ হাজার ৭৯০ টাকায়।

ইজরায়েল ও ইরানের (US and Israel Vs Iran) মধ্যে সংঘাত সময়ের সঙ্গে বাড়ছে বই কমছে না। আর সেই পরিস্থিতিতে সোনা ও রুপোর (Gold and Silver Price Hike) দাম বেড়েছে ১ শতাংশেরও বেশি। যা থেকে বোঝা যাচ্ছে আসলে বাড়ছে সেফ হেভেনে বা নিরাপদ ক্ষেত্রে বিনিয়োগের চাহিদা।
এমসিএক্স বা মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের (MCX) সোনার এপ্রিল ফিউচারের (April Future) দাম বেড়েছে ১.০৪ শতাংশ। প্রতি ১০ গ্রামের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৬২ হাজার ৭৯০ টাকায়। প্রায় ২ শতাংশ দাম বেড়েছে এমসিএক্স রুপোর মে ফিউচারের (Silver Future) দাম। প্রতি কেজিতে এই মূল্যবান ধাতুর দাম ১.৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৭০ হাজার ২০০ টাকা।
একদিকে পশ্চিম এশিয়ায় (Middle East) বাড়ছে উত্তেজনা। আর তার সঙ্গে পাল্লা দিয়ে পড়ছে গোটা পৃথিবীর বিভিন্ন দেশের শেয়ার বাজার (Stock Market)। ফলে বিনিয়োগকারীরা এই মুহূর্তে বিনিয়োগের জন্য এমন কিছু খুঁজছে যেখানে দীর্ঘ সময় বিনিয়োগ বিনিয়োগকারীর পোর্টফোলিওর কোনও ক্ষতি করবে না। আবার মুদ্রাস্ফীতি দেখা গিয়েছে আমেরিকায়, ফলে সে দেশের ফেডারেল রিজার্ভ তাদের সুদের হারও বদল না করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে, বিনিয়োগকারীদের কাছে এই মুহূর্তে সোনার থেকে ভাল বিনিয়োগ আর কিছু নেই।
যদিও মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনা ও রুপোর দাম বাড়ার পরও এই দুই ধাতুর ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের দাম কিন্তু পড়ে গিয়েছে। সিলভার ইটিএফের দাম পড়ে গিয়েছে প্রায় ৭.৫ শতাংশ। অন্যদিকে, গোল্ড ইটিএফের দাম পড়ে গিয়েছে প্রায় ৩.২ শতাংশ।
তবে বর্তমান পরিস্থিতিতে এই মূল্যবৃদ্ধির ব্যাপারটা শুধুমাত্র সোনা বা রুপোয় আটকে রয়েছে এমন নয়। ব্যারেল প্রতি তেলের দাম পার করে গিয়েছে ৭৫ ডলার। গত দু'দিনে এই তেলের দাম বেড়েছে প্রায় ১১ শতাংশ। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাত ও হরমুজ প্রণালীতে ইরানের আধিপত্যের কারণে ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ৮০ ডলার ছাপিয়ে গিয়েছে।
এক বিশেষজ্ঞ বলেন, সোনার দাম ১ লক্ষ ৭৫ হাজার থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকার মধ্যে একটা প্রতিরোধের সম্মুখীন হবে। অন্যদিকে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের রুপো ৩ লক্ষ টাকা থেকে ৩ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে একটা প্রতিরোধের সম্মুখীন হয়েছিল।
তথ্যসূত্র: IANS























