Australia Sunscreen Scandal: বোতলে লেখা SPF 50, পরীক্ষা করে দেখা গেল SPF 4, সানস্ক্রিন কেলেঙ্কারিতে নাম জড়াল তাবড় সংস্থার
Sunscreen Scandal: অস্ট্রেলিয়ার নাগরিকরা বছরভর সানস্ক্রিন ব্যবহার করেন।

নয়াদিল্লি: ঘরে থাকলে যাও বা এড়ানো যায়, সানস্ক্রিন মেখে তবেই বাইরে বেরনো দস্তুর। চড়া রোদে বেরনোর ক্ষেত্রে সানস্ক্রিনের SPF মাত্রা অন্তত ৫০ হতে হবে বলে পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কিন্তু গায়ে লিখে দিলেও, সত্যিই কি সানস্ক্রিনের মাত্রা ঠিক থাকছে? এই প্রশ্নেই উত্তাল হয়ে উঠেছে অস্ট্রেলিয়া। সানস্ক্রিন নিয়ে বিরাট কেলেঙ্কারি ধরা পড়েছে সেখানে।
অস্ট্রেলিয়ার নাগরিকরা বছরভর সানস্ক্রিন ব্যবহার করেন। SPF মাত্রার নিরিখে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে সানস্ক্রিন। কিন্তু অস্ট্রেলিয়ায় যেভাবে ত্বকের ক্যান্সার বেড়ে চলেছে, তাতে সানস্ক্রিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে, প্রশ্ন উঠছে তাবড় প্রসাধনী সংস্থার ভূমিকা নিয়ে। সম্প্রতি ষষ্ঠ বারের জন্য ত্বকের ক্যান্সারের অস্ত্রোপচার করিয়েছেন দেশের জাতীয় ক্রিকেট দলের, বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক। আর সেই আবহেই বিরাট কেলেঙ্কারি সামনে এসেছে।
অস্ট্রেলিয়ায় গুণমানের পরীক্ষায় ব্যর্থ হয়েছে তাবড় জনপ্রিয় প্রসাধনী সংস্থার সানস্ক্রিন। ২০টি সংস্থার সানস্ক্রিনের SPF মাত্রা পরীক্ষা করে দেখা হয়। কিন্তু তাতে যে ফলাফল সামনে এসেছে, তা চমকে দেওয়ার মতো। বোতলের গায়ে SPF মাত্রা ৫০+ লেখা থাকলেও, গুণমান পরীক্ষায় দেখা গিয়েছে, SPF মাত্রা মাত্র ৪। ২০ টি সংস্থার সানস্ক্রিন পরীক্ষা করা হয়, যার মধ্যে ১৬টিতেই কারচুপি ধরা পড়েছে।
অস্ট্রেলিয়া সরকারের তরফে এ নিয়ে তদন্ত শুরু হয়েছে। Ultra Violette নামের একটি সংস্থার সানস্ক্রিনে SPF মাত্রা ৫০+ লেখা থাকলেও, আদতে তাতে SPF-এর মাত্রা ছিল ৪। বিতর্কের জেরে বাজার থেকে সমস্ত পণ্য তুলে নিয়েছে তারা। আরও একাধিক সংস্থার পণ্য বিক্রি আপাতত বন্ধ রাখা হয়েছে। এ নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করছেন চিকিৎসকরাও তাঁদের মতে, শুধু সানস্ক্রিনের উপর নির্ভরশীল হয়ে থাকলে চলবে না। সূর্যালোক থেকে বাঁচতে গা ঢাকা জামাকাপড় পরতে হবে।
পরিসংখ্যান বলছে, অস্ট্রেলিয়ার প্রত্যেক তিন নাগরিকের মধ্যে জীবদ্দশায় দু’জন ত্বকের ক্যান্সারে আক্রান্ত হন। ত্বকের ক্যান্সার সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে সেখানে ‘Slip, Slop, Slap’ মন্ত্রে প্রচারের স্লোগানও বাঁধা হয়েছে, যার অর্থ, ‘Slip on a shirt, Slop on Sunscreen and Slap in a hat’। মাইকেল ক্লার্ক জানিয়েছেন, সানস্ক্রিন মাখতে কখনও ভোলেন না তিনি। মেয়েকেও সানস্ক্রিন মাখাতে ভোলেন না। কিন্তু সানস্ক্রিনেই যদি কারচুপি হয়, সেক্ষেত্রে সাধারণ মানুষ কোথায় যাবেন, কী করবেন, উঠছে প্রশ্ন।
জুলাই মাসে অস্ট্রেলিয়ার জনপ্রিয় সানস্ক্রিনের গুণমান খতিয় দেখার প্রক্রিয়া শুরু হয়। সেই পরীক্ষায় ব্যর্থ হয়েছে Ultra Violette, Neutrogena, Banana Boat, Bondi Sands, Cancer Council, Aldi Ombra, Nivea, Coola-র মতো সংস্থা। সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
সেরা শিরোনাম





















