CM Suvendu Adhikari: পুলিশকে ফিট হতে হবে, ৬ মাস থেকে ১ বছরের মধ্যে ২০ হাজার নিয়োগের লক্ষ্য, বার্তা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari on Police: সাধারণ মানুষের গাড়ির নথি দেখার আগে পুলিশের নিজের গাড়ি যেন ঠিক থাকে সেই দিকে নজর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : পুলিশের খোলনলচে বদলাতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। পুলিশকে ফিট হতে হবে, স্পেশালাইজড ফোর্স তৈরি করতে হবে, পুলিশের আধুনিকীকরণে জোর দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। পুলিশের গাড়ির নথি যেন যথাযথ থাকে। সাধারণ মানুষের গাড়ি চেক করার আগে পুলিশের গাড়ির নথি যেন ঠিক থাকে, সেদিকেও নজর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি তিনি এও বলেছেন, অনেক সময়ে ভারসাম্য রাখতে গিয়ে আক্রান্ত ও অভিযোগকারীর বিরুদ্ধে একই ব্যবস্থা নেয় পুলিশ। আক্রান্ত ও অভিযোগকারীকে একই আসনে রাখা যাবে না। এছারাও আগামী ৬ মাস থেকে ১ বছরের মধ্যে পুলিশে ২০ হাজার নিয়োগের লক্ষ্য রয়েছে বলেও ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠকে পুলিশের খোলনলচে বদলানোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে যেমন পুলিশের স্পেশ্যালাইজড ফোর্স দেখা যায়, তেমনই এ রাজ্যেও করতে হবে বলে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও পুলিশ ফোর্সকে আধুনিকীকরণের উপর জোর দেওয়ার কথা বলেছেন তিনি। এর পাশাপাশি পুলিশকর্মীদের ফিট থাকার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। শারীরিক সক্ষমতা এবং ফিটনেসের উপর যেন নজর দেন পুলিশকর্মীরা, সেই কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে, রাজ্যের বিভিন্ন প্রান্তে যে সংখ্যক পুলিশ রয়েছে, আগামী ৬ মাস থেকে ১ বছরের মধ্যে পুলিশকর্মীদের সংখ্যা ২০ হাজার বাড়ানোর চেষ্টা করবে। পুলিশ সূত্রে খবর, আগামী ৬ মাস থেকে ১ বছরে পুলিশে ২০ হাজার নিয়োগ হতে পারে।
অনেক সময়েই রাস্তার পাশে দেখা যায় পুলিশ সাধারণ মানুষের গাড়ির নথি পরীক্ষা করছে, গাড়ি চেক করে প্রয়োজনে কেস দিচ্ছে। সাধারণ মানুষের গাড়ির নথি দেখার আগে পুলিশের নিজের গাড়ি যেন ঠিক থাকে সেই দিকে নজর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর কথায়, পুলিশের গাড়ির সব নথি যেন ঠিক থাকে, তা যেন নিয়ম মেনে চলে সেটা নিশ্চিত করতে হবে। পুলিশের গাড়ির লাইসেন্স, রেজিস্ট্রেশন, পলিউশন সংক্রান্ত সব নথি যাতে আপডেট থাকে, তার দিকে খেয়াল রাখতে হবে। এছাড়াও মুখ্যমন্ত্রী বলেছেন, অনেক সময় দেখা যায় পুলিশ অভিযোগ এবং অভিযোগকারীকে একই ব্যবস্থা নিয়ে ফেলে, এটা সঠিক নয়। যিনি অভিযোগ জানাচ্ছেন সেটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। মামলা-পাল্টা মামলা করে যেন অভিযোগকারীর অভিযোগকে কোনওভাবেই লঘু করা না হয়, সেই বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।






















