Sangrami Joutha Mancha: বকেয়া ডিএ নিয়ে এবার আদালত অবমাননার মামলা, ফের সুপ্রিম কোর্টে সংগ্রামী যৌথ মঞ্চ
DA Case West Bengal: রাজ্য সরকারের বিরুদ্ধে এবার আদালত অবমাননার মামলা।

কলকাতা: বকেয়া মহার্ঘভাতা বা ডিএ পেতে ফের সুপ্রিম কোর্টে সংগ্রামী যৌথ মঞ্চ। রাজ্য সরকারের বিরুদ্ধে এবার আদালত অবমাননার মামলা দায়ের করল তারা। বকেয়া ডিএ দেওয়ার জন্য মুখ্যসচিব ও অর্থসচিবের কাছে এর আগে নোটিস পাঠায় সংগ্রামী যৌথমঞ্চ। ওই নোটিসে কাজ না হওয়ায় সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে বলে দাবি সংগ্রামী যৌথমঞ্চের। (DA Case)
আইনজীবী মারফত আদালত অবমাননার মামলা দায়ের করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। সুপ্রিম কোর্টের বিচারপতিরা যখন ঠিক মনে করবেন, মামলার শুনানি হবে। এর আগে, সংগ্রামী যৌথ মঞ্চের তরফে রাজ্যের মুখ্যসচিব এবং অর্থমন্ত্রীকে আদালত অবমাননার নোটিসও পাঠানো হয়। জানানো হয়, অবিলম্বে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন না করলে, বিকল্প আইনি উপায় গ্রহণ করতে বাধ্য হবে তারা। কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, এখনও পর্যন্ত অবিলম্বে ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দিতে কোনও সিদ্ধান্ত নেয়নি। ফলে নোটিস পাঠানোর পর আদালতে যেতে হয়েছে তাদের। (Sangrami Joutha Mancha)
এর আগে সুপ্রিম কোর্ট ডিএ মামলার শুনানিতে জানিয়েছিল, বকেয়া ডিএ-র ১০০ শতাংশ দিতে হবে রাজ্যকে। ২৫ শতাংশ মেটাতে হবে এখনই। বাকি ৭৫ শতাংশ বকেয়া ডিএ কবে কত ভাগে দিতে হবে ৬ মার্চের মধ্যে ঠিক করবে কমিটি। বাকি ৭৫% ডিএ নিয়ে সিদ্ধান্ত নিতে ৪ সদস্যের কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছিল বিচারপতি সঞ্জয় করোল, বিচারপতি প্রশান্তকুমার মিশ্রর বেঞ্চ।
সেই সময় বিচারপতিরা জানান, অবিলম্বে রাজ্যকে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ রাজ্যকে মিটিয়ে দিতে হবে। পাশাপাশি, বাকি ৭৫ শতাংশ ডিএ কী ভাবে, কোনও উপায়ে দেওয়া হবে, তা কমিটি ঠিক করবে। কিন্তু আন্দোলনকারীদের দাবি, এরপরেও বকেয়া ডিএ নিয়ে গড়িমসি করছে রাজ্য সরকার। তাই বাধ্য হয়ে আদালত অবমাননার মামলা করতে হল তাদের।
সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ এবিপি আনন্দে বলেন, "আমরা বলেছি, ২৫ শতাংশ দেওয়ার যে রায় দিয়েছিল আদালত, তা নিয়ে কোনও তৎপরতা বা প্রশাসনিক কাজকর্ম দেখতে পাইনি আমরা। ইচ্ছাকৃত ভাবে আদালত অবমাননা করা হয়েছে। তাই আদালত অবমাননার মামলায় যাচ্ছি আমরা। বিষয়টি গ্রহণ করা হোক।" মুখ্যসচিব ও অর্থসচিবকে দেওয়া নোটিসের সদুত্তরও মেলেনি বলে জানান তিনি। ভাস্করের দাবি, সুপ্রিম কোর্টের যে চার কসদস্যের কমিটি, তারা রাজ্যকে জানিয়েছে যে তারা বসতে চায়। রাজ্য কমে সময় দেবে, তা জানা যায়নি।
এ নিয়ে বিজেপি সাংসদ তথা কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, "এই রাজ্য সরকার ডিএ দেবে না। কর্মচারীরা আদালতে গিয়ে লড়াই করছে। তাদের প্রতি পূর্ণ সমর্থন আছে আমাদের। কয়েক মাস পরই বিজেপি-র সরকার গঠিত হতে চলেছে। সেই সরকার কেন্দ্রীয় হারে রাজ্যের কর্মচারীদের ডিএ দেওয়ার ব্যবস্থা করবে।"























