Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Kalighat News: মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল। গতকাল রাত থেকে গেটের উচ্চতা বাড়ানোর কাজ শুরু হয়। মেরামতির কাজ চলে আজ পর্যন্ত।

কলকাতা: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির প্রধান গেটের উচ্চতা বাড়ানো হল। উচ্চতা বেড়ে আগের থেকে বর্তমানে প্রায় দ্বিগুণ উচ্চতা হয়ে গিয়েছে এই গেটের। গতকাল থেকে আজ পর্যন্ত এই গেটের উচ্চতা বাড়ানোর কাজ হয়েছে বলেই জানা গিয়েছে। পুলিশের দাবি, নিরাপত্তার কারণেই বৃদ্ধি করা হল গেটের উচ্চতা।
মমতা তৃণমূলের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ যদিও বলছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে যে নিরাপত্তা রক্ষীরা ছিলেন, সেটা আচমকা যে ভাবে নতুন সরকার সরিয়ে দিয়েছে, সেটা সম্পূর্ণ ভাবে অপ্রত্যাশিত ও দুর্ভাগ্যজনক এবং উদ্বেগজনকও বটে। এর পর আমরা দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ওই হরিশ চট্টোপাধ্যায় স্ট্রিট, ওই সরু রাস্তা দিয়ে যে ভাবে, যে ভঙ্গিতে, যে ভাষায় স্লোগান দিতে দিতে বা কটুক্তি করতে করতে অনেকে যান। আর মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তার পাশেই থাকেন। তাঁর নিরাপত্তা বলে তো কিছু নেই। তো সেই ক্ষেত্রে পুলিশ যদি কোনও নূন্যতম ব্যবস্থা নিয়ে থাকে সেটা পুলিশের বিষয়।"
একই সঙ্গে কুণাল বলছেন, যারা ওই রাস্তা দিয়ে কটুক্তি করতে করতে যায়, তাদের আগে পুলিশের ধরা উচিত। তিনি বলেন, "কিন্তু বাস্তব হল, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নিরাপত্তা, তিনি যে উচ্চতার নেত্রী, তাঁর যে নিরাপত্তা থাক উচিত, কার্যত তার কিছুই নেই। এবং, সেই রাস্তা দিয়ে যে ভাবে, যে স্লোগান দিয়ে যে সব কটুক্তি করতে করতে যাওয়াই উচিত নয়। যারা ওই ভাবে যায়, তাদেরই তো আগে পুলিশের আটকানো উচিত। সেটা না করে পুলিশ একটা অন্য ব্যবস্থা করছে।"
সাংসদ সুকান্ত মজুমদারকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "ওঁর বাড়ি। উনি রেলিং উঁচু করবেন না কী করবেন ওঁর ব্যাপার। পারমিশন থাকলেই হল। করতেই পারেন। ওঁর যদি মনে হয় উনি অন্তঃপুর বাসিনী হয়ে যাবেন। উনি যদি মনে করেন, সূর্যের আলো ওঁর গায়ে পড়বে না। সেটা করতেই পারেন। কে মানা করেছে।"
অন্যদিকে আজ দিল্লির রামলীলা ময়দানে বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি বলেন, "SIR-এর ঘটনায় পরিস্থিতির শিকার বাংলা। আমরা ছাড়ব না। আমরা লড়ব। আমরা নিজেদের জীবন দিয়ে দেব, তবুও লড়াই থামাব না। ওরা বাংলা লুঠ করেছে। আমরা দিল্লি থেকে শুরু করব। লুঠ করব না, আমরা গণতন্ত্রকে রক্ষা করব, গণতন্ত্রকে ফিরিয়ে আনব।"
Before You Go
Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের























