Jahangir Khan: FIR-এ নাম ছিল জাহাঙ্গিরের, জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা নতুন করে তদন্ত শুরু করল ডায়মন্ডহারবার পুলিশ
JP Nadda: ২০২০ সালে ডায়মন্ডহারবার যাওয়ার পথে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতির কনভয়ে হামলা হয়।

ডায়মন্ড হারবার: জে পি নাড্ডার (JP Nadda) কনভয়ে হামলার ঘটনার নতুন করে তদন্ত শুরু। ২০২০ সালে ডায়মন্ডহারবার যাওয়ার পথে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতির কনভয়ে হামলা হয়। সেই হামলার ঘটনায় এফআইআরে অভিযুক্ত ছিল জাহাঙ্গির খান (Jahangir Khan)। এফআইআর হলেও তদন্ত ঠিকমতো হয়নি, দাবি পুলিশের। তদন্ত ঠিকমতো না হওয়ায় ছাড় পেয়ে যান জাহাঙ্গির সহ অন্যান্য অভিযুক্তরা, দাবি পুলিশের।
জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা নতুন করে তদন্ত শুরু করল ডায়মন্ডহারবার জেলা পুলিশ। এদিকে ফলতায় ফের জাহাঙ্গির খানকে নিয়ে রবিবার ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। পুনর্নির্মাণের সময়ও হাত জোড় করলেন ফলতার 'পুষ্পা', কানও ধরলেন। রাস্তার পাশে দাঁড়িয়ে দেখলেন এলাকার বাসিন্দারা। এর আগেও দেখা গিয়েছে ফলতার একসময়ের ত্রাস জাহাঙ্গির খান পুলিশি পাহারায় খালি পায়ে রাস্তায় হাঁটছেন। পরনে হাফপ্যান্ট, টি-শার্ট। কোমরে বাঁধা দড়ি। হাত জোড় করে হাঁটতে দেখা যায় তাঁকে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে হয়েছে ২ দফায়। দ্বিতীয় দফায় ভোট ছিল দক্ষিণ ২৪ পরগনায় ফলতায়। তবে ভোটের দিন ব্যাপক কারচুপির অভিযোগ আসায় নির্বাচন বাতিল করে কমিশন। ফের ভোট হয় ফলতায়। তবে এই পুনির্নির্বাচনের ঠিক আগেই ভোট থেকে সরে দাঁড়ান তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। এই জাহাঙ্গিরের বিরুদ্ধে অভিযোগ ভূরি ভূরি। এবছর ভোটের ময়দানে জাহাঙ্গির না থাকায় ফলতাবাসী জানিয়েছেন, তাঁরা মন খুলে নির্ভয়ে ভোট দিতে পেরেছেন।
ফলতার পুনর্নির্বাচন হয় ২১ মে। ফল ঘোষণা হয় ২৪ মে। এই পুনর্নির্বাচনের আগে নিজেকে লড়াই থেকে সরিয়ে নেওয়ার পরই ভোটের ময়দান থেকে কার্যত হাওয়া হয়ে যান জাহাঙ্গির খান। তবে বেশিদিন নয়। সীমান্ত দিয়ে নেপাল পালানোর সময় পুলিশের হাতে ধরা পড়েন জাহাঙ্গির খান, ফলতার একসময়ের ত্রাস। প্রসঙ্গত উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার জেলার ক্ষেত্রে বিশেষ দায়িত্ব দিয়ে কমিশন নিয়ে আসে উত্তরপ্রদেশের আইপিএস অফিসার অজয় পাল শর্মাকে। তিনি প্রকাশ্যেই হুঁশিয়ারি দিয়ে জানান যে কোনও ধরনের বেআইনি কাজ রেয়াত করা হবে না। পাল্টা দক্ষিণের ছবি 'পুষ্পা'- তে অল্লু অর্জুনের বিখ্যাত সংলাপের নকল করে ফলতার জাহাঙ্গিরও বলেন তিনি ঝুঁকবেন না (ঝুঁকে গা নেহি)।
Before You Go
Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল






















