BJP Workers Attacked: খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
Kolkata News: খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ। যাদবপুর থানায় অভিযোগ জানিয়েছেন আক্রান্তরা।

হিন্দোল দে, কলকাতা : খাস কলকাতায় আক্রান্ত বিজেপি ! যাদবপুর থানা এলাকায়, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় ২ বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যাদবপুর থানার অন্তর্গত লালকা মাঠের কাছে ঘটে এই ঘটনা। আক্রান্তদের নাম সৌম্যদীপ সাহা ও রাতুল মণ্ডল। এই দুই বিজেপি কর্মীর দাবি, গতকাল রাত ১টা নাগাদ বাড়ি ফেরার পথে, লালকা মাঠ এলাকায় অসামাজিক কার্যকলাপ দেখে প্রতিবাদ করেন তাঁরা। অভিযোগ, প্রতিবাদ করায় মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় তাঁদের। আজ যাদবপুর থানায় অভিযোগ জানিয়েছেন আক্রান্তরা।
বিজেপি যুব মোর্চার ২ নেতা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। একজন বিজেপি যুব মোর্চার সভাপতি এবং অন্যজন সাধারণ সম্পাদক। যাদবপুর সাংগঠনিক জেলার ১ নম্বর মণ্ডলের যুব মোর্চার সভাপতি সৌম্যদীপ সাহা এবং সাধারণ সম্পাদক রাতুল মণ্ডলের - এই ২ জন আক্রান্ত হয়েছেন। বেধড়ক মারধর করা হয়। সৌম্যদীপের ঠোঁটের কাছে আঘাত লেগেছে, নাক ফেটে গিয়েছে। ইট দিয়ে মারা হয় তাঁকে। রাতুল মণ্ডলকেও ইট দিয়ে মাথায় মারা হয়েছে। তাঁর মাথায় ৪টে সেলাই পড়েছে বলে জানা গিয়েছে। চোখেও আঘাত পেয়েছেন তিনি।
আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের
সৌম্যদীপ জানিয়েছেন, যুব মোর্চার তরফে প্রতি রাতেই তাঁরা এলাকায় টহল দিতে বেরোন। সৌম্যদীপ বলছেন, 'আমরা রোজ রাতেই টহল দিতে বেরোই যাতে সামাজিক নোংরামোগুলো বন্ধ হয়। আমাদের মণ্ডল লাগোয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেখানে বামমনস্ক ছাত্র সংগঠন যা নোংরামো করে বেড়ায়, মহিলাদের নিয়ে রাস্তাঘাটে নোংরামো, নেশা ভাং... এগুলো যাতে বন্ধ হয় তাই জন্য প্রতি রাতেই আমরা টহল দিতে বেরোই। কাল রাতেও বেরিয়ে আমি দু'জনকে দেখতে পেয়ে ভালভাবে তাদের বারণ করে চলে যাই। এরপর ওরা পিছু করে আমায় এক জায়গায় দাঁড় করিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি রাতুলকে ডাকি। এরপর আমাদের দু'জনকেই ইট দিয়ে মারা হয়। আমার নাকের অবস্থা খুব খারাপ। রাতুলের মাথায় সেলাই পড়েছে। ওদের এলাকায় আগে দেখিনি। এখানকার কেউ নয়। যখন জিজ্ঞেস করলাম ওরা কারা, নিজেদের তৃণমূল বলে পরিচয় দেয়। ওরা অসামাজিক কাজ করছিল। নেশা করছিল। মেয়েদের সঙ্গে অশালীন আচরণ করছিল।'
রাতুলের অভিযোগ, 'পুলিশ অভিযুক্তদের একা শারীরিক পরীক্ষা করতে পাঠিয়েছে।' রাতুল বলছেন, তিনি এবং সৌম্যদীপ মেডিক্যাল করে চলে এসেছেন। কিন্তু অভিযুক্তরা আসেনি। পুলিশ তাঁদের একা ছেড়েছে। তাই আদৌ তাঁরা ফিরবেন কিনা তাও স্পষ্ট নয়।
Before You Go
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda























