Kolkata News: প্রোমোটিং করার জন্য বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ ! কথা না শুনলে আগামী দিনে 'বাড়ি জ্বালিয়ে' দেওয়ার হুমকি
Beleghata: প্রোমোটিং করার জন্য বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ বেলেঘাটায়। তৃণমূল নেতা রাজু নস্কর ও তার দলবলের বিরুদ্ধে উঠেছে অভিযোগ।

আবির দত্ত, কলকাতা : প্রোমোটিং করার জন্য বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ ! 'কথা না শুনলে আগামী দিনে বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি' ! এমনই অভিযোগ বেলেঘাটার তৃণমূল নেতা রাজু নস্কর ও তার দলবলের বিরুদ্ধে। বেলেঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের আক্রান্ত সুকোমল দেবনাথের। 'থানায় অভিযোগ করেও লাভ হয়নি'। 'পুলিশ থেকে নেতা সবাই তার ঘনিষ্ঠ, বলেছে রাজু নস্কর'। 'বেলেঘাটা মানেই রাজু নস্কর, হুমকির সুরে একথা বলা হয়েছে', অভিযোগ আক্রান্তের। ওই ব্যক্তিকে চিনি না, এমন ঘটনা ঘটাইনি, দাবি রাজু নস্করের। আক্রান্তের বিরুদ্ধে বেলেঘাটা থানায় পাল্টা অভিযোগ দায়ের।
বেলেঘাটায় এক ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠেছে। তাঁকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ। আরও অভিযোগ, তাঁকে খুনের চেষ্টাও করা হয়েছে। আক্রান্তের অভিযোগ, যে বাড়িতে তিনি ভাড়াটে হিসেবে থাকতেন, সেখান থেকে তাঁকে তোলার চেষ্টা হচ্ছে, কারণ ওই বাড়িতে প্রোমোটিং করা হবে। ইতিমধ্যেই বেলেঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ব্যক্তি। অভিযোগ, ওই বাড়িতে আক্রান্ত সুকোমল দেবনাথ অনেকদিন ধরেই ভাড়াটে হিসেবে রয়েছেন। ওই বাড়িতে প্রোমোটিং করা হবে বলে তাঁকে বাড়ি ছেড়ে দিতে বলা হয়। রাজি না হওয়ায় এভাবে আক্রমণ নেমে এসেছে তাঁর উপর।
আক্রান্ত সুকোমল দেবমাথ জানিয়েছেন, প্রায় ৭৫ বছর ধরে তাঁর ঠাকুরদার আমল থেকে এই বাড়ির ভাড়াটে তাঁদের পরিবার। বেশ কয়েকদিন ধরেই গুণ্ডাবাহিনী আসছিল বলে অভিযোগ তাঁর। এই জমি ঠিকা জমি বলেও দাবি করেছেন সুকোমল দেবনাথ। তাঁর অভিযোগ, রাজু নস্করের কয়েকজন লোক রাতের বেলায় এসে জানিয়েছে এখানে প্রোমোটিং হবে। ঘর মাপার যন্ত্রপাতি নিয়েও এসেছিলেন তাঁরা। সুকোমলবাবু জানান, কোনও মাপজোকের কাজ তিনি করতে দেবেন না। রাজু নস্কর কিংবা তাঁর দলবল যে এই বাড়ির মালিক হয়েছেন সেই কাগজ দেখতে চান তিনি। জানান, সেই কাগজ নিজের উকিলকে দেখাবেন। অভিযোগ, এরপর রাজু নস্করের তরফে হুমকি দিয়ে সুকোমল দেবনাথকে বলা হয়, 'বেলেঘাটার কোর্ট আমি। থানা আমি।' অভিযোগ, অফিসে তুলে নিয়ে যাওয়া হয় সুকোমল দেবনাথকে। আর যাবতীয় হুমকি দিতে দিতে তাঁকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। রাজু নস্কর শাসক দলের সদস্য, প্রোমোটিং করেন। সুকোমল দেবনাথের আরও অভিযোগ, রাজু নস্কর দাবি করেছেন, গোটা বেলেঘাটার দায়িত্ব নাকি তাঁর হাতে।
অভিযুক্ত রাজ নস্করের দাবি, 'আমি জানি না। কিন্তু কিছু ঘটনা শুনেছি। ওদের পারিবারিক, ভাড়াটে ভাড়াটে কিছু ঝামেলা হয়েছিল। এটুকু শুনেছি। আমি অঞ্চলে থাকি। বিভিন্ন সোশ্যাল কাজ করি। মানুষ আমার কাছে আসে ভালোবেসে। আমি শুনেছিলাম বিচ্ছিন্ন ঘটনা হয়েছে। মহিলা মহিলা ঝামেলা হয়েছে। থানায় কেস হয়েছে। কিছু মহিলা আমার কাছে এসেছিল। আমি বলেছি তোমাদের লড়াই তোমরা লড়ো। কে কী বলল... আমি চিনিই না তাকে।'























