CM Suvendu Adhikari: সাধারণ মানুষের কোনও অসুবিধা নয় ! ট্র্যাফিক সিগন্যালে দাঁড়াল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয়
সাধারণ মানুষের কোনও অসুবিধা নয় ! ট্র্যাফিক সিগন্যালে দাঁড়াল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয়

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর, ট্রাফিকে দাঁড়াল শুভেন্দু অধিকারীর কনভয়ও। চিনার পার্ক থেকে শিয়ালদা আসার সময় VIP রোডের ক্রসিংয়ে দাঁড়িয়ে পড়ে মুখ্যমন্ত্রীর কনভয়। ওই সময় সিগন্যাল লাল ছিল, খবর সূত্রের। পুরো ৫৬ সেকেন্ড সিগন্যাল লাল ছিল, ওই সময়ে দাঁড়িয়ে অপেক্ষা করে গোটা কনভয়। পরে শিয়ালদায় রোজগার মেলায় যোগ দিতে চলে যান মুখ্যমন্ত্রী। নিঃসন্দেহে এটি নজিরবিহীন ঘটনা। কারণ আমাদের দেশে কিংবা রাজ্যে ভিআইপি সংস্কৃতি একটা বড় বিষয়, যা নিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার পরই কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী। তবে এটাই প্রথম নয়, এর আগেও মাঝরাস্তায় কনভয় থামিয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। কথা বলেছেন সাধারণ মানুষের সঙ্গে। শুনেছে তাদের দাবি, অনুরোধ।
শনিবার সকালে চিনার পার্কের বাড়ি থেকে রওনা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর কর্মসূচি ছিল শিয়ালদার ডিআরএম অফিসে। সেখানে রোজগার মেলায় যোগ দিতে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে যাওয়ার সময় ভিআইপি রোড থেকে বাঁদিকে বেঁকে উল্টোডাঙার দিকে যাওয়ার সময়, ওই ক্রিসংয়ের সিগন্যালে আটকেছিল মুখ্যমন্ত্রীর কনভয়। সিগন্যাল লাল ছিল। মুখ্যমন্ত্রী এবং তাঁর কনভয় সেই সিগন্যাল পেরিয়ে যাওয়ার চেষ্টা করেননি। বরং প্রায় ৫৬ সেকেন্ড অপেক্ষা করার পর সিগন্যাল যখন সবুজ হয় তখন বাকি গাড়ির মতোই এগোয় মুখ্যমন্ত্রীর কনভয়। যদিও সেই সময় ওই সিগন্যালে ছিলেন অনেক পুলিশকর্মী। চাইলেই মুখ্যমন্ত্রীর কনভয় সিগন্যাল পেরিয়ে এগিয়ে যেতে পারত। তবে এমনটা করেননি রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
দেবরাজ-অদিতি প্রসঙ্গে নাম না করে বিকাশরঞ্জনকে কটাক্ষ কল্যাণের, কী লিখলেন সমাজমাধ্যমে?
সাধারণত সিগন্যাল থাকলেও আগেভাগে ভিআইপিদের গাড়ি পার করিয়ে দেওয়া কিংবা ভিআইপি- র গাড়ি বা কনভয় যাবে বলে সাধারণ মানুষের জন্য রাস্তা আটকে দেওয়া নিয়ে জনসাধারণের মনে ক্ষোভ থাকে। তবে আজকের ঘটনা সেই নিরিখে অনেকটাই আলাদা বলে মনে করছেন সকলে।
শনিবার সারা দেশ জুড়ে আয়োজিত হয় '১৯তম রোজগার মেলা'। দেশের ৪৭টি জায়গায়, ভার্চুয়াল মাধ্যমে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিয়ালদা DRM অফিসের অডিটোরিয়ামে এই কর্মসূচিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। সেখানে পরীক্ষার্থীদের OMR শিট দেওয়ার পাশাপাশি, স্বচ্ছ নিয়োগের জন্য নতুন পলিসি আনার কথাও শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়।
Before You Go
TMC News: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী





















