কলকাতা : ফের রাতের শহরে দুর্ঘটনা। ব্রিগেড প্য়ারেড গ্রাউন্ডের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মারল ডেলিভারি এজেন্টের বাইক। প্রত্য়ক্ষদর্শীদের দাবি, রাস্তার উপর মাটির ঢিবি করে রাখা ছিল। তার জেরেই দুর্ঘটনা। মহম্মদ অয়ন নামে একবালপুরের এক বাসিন্দাকে রক্তাক্ত অবস্থায় SSKM-এ নিয়ে যাওয়া হয়। এদিকে দুর্ঘটনার পর হুঁশ ফিরল পুলিশের। মাটির ঢিবির সামনে গার্ডরেল করে দিয়েছে পুলিশ।
রাতের কলকাতায় দুর্ঘটনা নতুন নয়। এর আগেও বেপরোয়া গতির বলি হয়েছেন অনেকেই। এদিনের দুর্ঘটনায় ডেলিভারি এজেন্টের বাইকের গতি স্বাভাবিকের থেকে বেশি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু করেছে পুলিশ। কেন ওই এলাকায় রাস্তার মধ্যে প্রচুর পরিমাণ মাটি ওভাবে ঢিবি করে, উঁচু করে রাখা ছিল, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। কীভাবে দুর্ঘটনা ঘটল তা জানতে আহত যুবকের সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা।
বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় রাতের কলকাতায় গাড়ির বেপরোয়া গতির জেরেই বলি হন অনেকে। কেউ গুরুতর চোট-আঘাত পান। কেউ বা প্রাণই খুইয়ে বসেন। বেশি দুর্ঘটনা ঘটতে দেখা যায় বাইকে। কারণ হিসেবে দেখা যায়, হয় বাইকের অতিরিক্ত গতি ছিল, যার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি স্কিড করেছে অর্থাৎ পিছলে গিয়েছে কিংবা ধাক্কা মেরেছে ডিভাইডার বা অন্যত্র। অনেকসময় আবার দেখা যায় চালক হয়তো মদ্যপ অবস্থায় গাড়ি, বাইক, লরি চালাচ্ছিলেন। তবে শুধু রাতে নয়, বিগত দিনে শহর কলকাতা মর্মান্তিক সব পথ দুর্ঘটনার সাক্ষী থেকেছে দিনের আলোতে, ব্যস্ত সময়েও।
কয়েকদিন আগেই দুর্ঘটনার কবলে পড়েছিল অধীর রঞ্জন চৌধুরীর কনভয়
গত বুধবার সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনার মুখে পড়ে অধীর চৌধুরীর কনভয়। আচমকা কনভয়ে ঢুকে পড়ে একটি ট্রাক। কংগ্রেসের অভিযোগ, পুলিশে খবর দেওয়া হলেও, দীর্ঘক্ষণ কেউ আসেননি। উচ্চ পর্যায়ের তদন্তেরও দাবি করেছে কংগ্রেস। পুলিশের তরফে জানানো হয়েছে সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। প্রচার সেরে বহরমপুরে ফিরছিলেন অধীর চৌধুরী। জীবন্তীর কাছে তাঁর কনভয়ের মধ্যে আচমকাই ঢুকে পড়ে একটি ট্রাক। ধাক্কা মারে একটি গাড়িতে। আহত হন অধীর চৌধুরীর নিরাপত্তারক্ষী এবং আরও কয়েকজন। ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা যুক্ত কনভয়ে কীভাবে আচমকা ট্রাকটি ঢুকে পড়ল তা নিয়ে উঠেছে প্রশ্ন। ট্রাক চালককে আটক করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ করেছে কংগ্রেস।
