TMC News: ‘মমতাদির সঙ্গে আছি, কিন্তু বার বার একই ভুলের…’, ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের, দিল্লি ছুটলেন অভিষেক, তৃণমূলে কি আরও ভাঙন?
Kunal Ghosh: তৃণমূলের মুষলপর্ব চলছে। ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের। জানালেন, বার বার একই ভুল হলে, তিনি তার সঙ্গে নেই।

কলকাতা: বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর মুষলপর্ব চলছে তৃণমূলে। ইতিমধ্যেই খান খান হয়ে গিয়েছে জোড়াফুল শিবির। এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন, দলের মুখপাত্র কুণাল ঘোষের। জানালেন, মমতার পাশেই আছেন তিনি। কিন্তু বার বার একই ভুলের সঙ্গে নেই তিনি। কোখ-কান বন্ধ করে নয়, বরং ভুল দেখলে সেই নিয়ে কথা বলতে ছাড়বেন না বলেও জানালেন। (TMC News)
'আসল' তৃণমূল এবং মমতার তৃণমূল নিয়ে এই মুহূর্তে চরম টানাপোড়েন জোড়াফুলের অন্দরে। সাংসদরাও শিবির বদল করতে পারেন বলে জোর জল্পনা চলছে। পরিস্থিতি সামাল দিতে দিল্লি রওনা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই আবহেই শনিবার X হ্যান্ডলে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন কুণাল। তাঁর বক্তব্য, '১) আমি তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মমতাদির প্রতীকের বিধায়ক। ২) ভোটের একমাসের মধ্যে যারা 'রহস্যজনক ব্যক্তিগত' স্বার্থে প্রতিপক্ষের পৃষ্ঠপোষকতায় মমতাদির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, আমি তা সমর্থন করি না। আমি মমতাদির সঙ্গেই আছি। ৩) তবে দলের ভুলত্রুটি সংশোধনের বদলে বিভিন্ন স্তরে যদি ভুল চলতে থাকে, সেটা দেখেও চোখ বুজে থাকতে পারব না'। (Kunal Ghosh)
কুণাল আরও লেখেন, 'এখনও যে বিপুল কর্মীরা বিভিন্ন জেলা থেকে যোগাযোগ করছেন, ছাত্র-যুবরা যোগাযোগ করছে, অনেক কিছু বলছে, সেগুলি শুনছি, শুনব। তাদের সঙ্গে বসতে অনুরোধ করেছেন, বসব। তার পরেরটা পরে দেখা যাবে। মমতাদির সঙ্গে আছি। কিন্তু বার বার একই ভুলের সঙ্গে নেই। বিশ্বাসঘাতকতাতেও নেই। কান, চোখ, মস্তিষ্ক, হৃদয় ও মুখের পূর্ণ ব্যবহার চলবে। ঘরে বাইরে। জয় বাংলা'।
আরও পড়ুন: CJI সূর্যকান্তের বক্তৃতা ঘিরে উত্তেজনা লন্ডনে, উঠল ‘ভিন্নমত’, ‘ককরোচ’ মন্তব্যও, তীব্র নিন্দা ভারতের
ঘটনাচক্রে, কুণাল যখন এই মন্তব্য করছেন, সেই সময়ই জল্পনা উস্কে দিয়েছেন বাগনানের তৃণমূল বিধায়ক অরুণাভ সেন। তাঁর বক্তব্য, "ঋতদার সঙ্গে এই কথা হল। আগামী দিন দেখবেন, আরও বেশ কিছু মানুষ আগামী সোমবার যুক্ত হবেন। দেখতে থাকুন। তথাকথিত অনেক বড় মাছ যোগ দেবেন।" নবান্নের বৈঠকে যোগ দিয়ে এমন ইঙ্গিতপূর্ণ দাবি করলেন বাগনানের তৃণমূল বিধায়কের।
1) আমি তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মমতাদির প্রতীকের বিধায়ক।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) June 6, 2026
2) ভোটের একমাসের মধ্যে যারা 'রহস্যজনক ব্যক্তিগত' স্বার্থে প্রতিপক্ষের পৃষ্ঠপোষকতায় মমতাদির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, আমি তা সমর্থন করি না। আমি মমতাদির সঙ্গেই আছি।
3) তবে দলের ভুলত্রুটি সংশোধনের বদলে বিভিন্ন স্তরে যদি ভুল…
আরও পড়ুন: দিল্লিতে জনস্রোত, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চায় ককরোচ জনতা পার্টি, আন্দোলনে শামিল সোনম ওয়াংচুকও
শুধু পরিষদীয় দলেই নয়, তৃণমূলের সংসদীয় দলেও যে কোনও মুহূর্তে ভাঙনের সম্ভাবনা দেখা দিয়েছে। সেই আবহেই দিল্লি রওনা দিয়েছেন অভিষেক। এ নিয়ে কটাক্ষ করে রাজ্য বিজেপি-র সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, "আমরা তো একটা রাজনৈতিক দল। হরিনাম-সঙ্কীর্তনের দল নয়, ব্যান্ডপার্টি নয়। আমাদের একটা সৌজন্য আছে, রাজনৈতিক রুচিবোধ আছে। দিকভ্রান্ত কিছু মানুষ যদি এদিক ওদিক ঘোরাঘুরি করেন, তাঁরা যদি ফোন করেন, ফোন ধরাটাও ভদ্রতা। সেটাই স্বাভাবিক। ধরা উচিত। বাড়িতে কেউ এলে বসানো, চা খাওয়ানো উচিত। সেটা আমাদের কেউ করে থাকলে করছেন। তবে এটা মনে করার কিছু নেই যে বিজেপি নিয়ে নেবে। দরজা এখন বন্ধ। তৃণমূল ভাঙারই ছিল। তাই ভাঙছে, এবড়ো খেবড়ো ভাবে ভাঙছে। এর সঙ্গে বিজেপি-র কোনও সম্পর্ক নেই। মতাদর্শবিহীন, লক্ষ্যভ্রষ্ট একটা জনগোষ্ঠী নিজেকে রাজনৈতিক দল বলে পরিচয় দিলে, তারা এভাবেই ভেঙে যায়।"






















