Kolkata Earthquake: কলকাতায় বিরাট ভূমিকম্প, পর্ণশ্রীতে রাস্তায় বিরাট ফাটল, তলিয়ে যাবে বাড়িঘর? আতঙ্কে বাসিন্দারা
ইতিমধ্যেই হেলে গিয়েছে রাস্তার ধারে থাকা লাইটপোস্টও। ফাটল মেরামতির কাজ শুরু কলকাতা পুরসভার।

কলকাতা: কলকাতায় ভূমিকম্প, পর্ণশ্রীতে রাস্তায় বিরাট বিরাট ফাটল। ১৩২ নম্বর ওয়ার্ডের সাগর মান্না রোডে বিশাল ফাটল দেখা গেল। পুকুরের পাশের রাস্তায় প্রায় ৪০ ফুট এলাকায় ফাটল। ফাটলের জেরে আতঙ্কে এলাকার বাসিন্দারা। তাহলে কি বাড়িঘর ধসে যাবে? ইতিমধ্যেই হেলে গিয়েছে রাস্তার ধারে থাকা লাইটপোস্টও। ফাটল মেরামতির কাজ শুরু কলকাতা পুরসভার।
শুক্রবার দুপুরে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে কম্পন অনুভূত হয়েছে । রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। কম্পনের উৎসস্থল বাংলাদেশের সাতক্ষীরা থেকে ১৭ কিমি দক্ষিণ-পূর্বে। কম্পনের জেরে কলকাতার একাধিক প্রশাসনিক ভবনেও কার্যত হুলস্থুল পড়ে যায়। চোখেমুখে ধরা পড়ে আতঙ্ক।
এদিন কম্পনের জেরে লেকটাউন A ব্লকের একটি পোশাকের দোকানে ফাটল দেখা যায়। আতঙ্কে রাস্তায় চলে আসেন ক্রেতা-বিক্রেতারা।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। কম্পনের উৎসস্থল বাংলাদেশের সাতক্ষীরা থেকে ১৭ কিমি দক্ষিণ-পূর্বে। মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। সাতক্ষীরা থেকে কলকাতার দূরত্ব মাত্র ৮৬ কিলোমিটারের কাছাকাছি হওয়ায় এখানে কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়।
এছাড়া হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়।
কম্পনের জেরে, শুক্রবার দুপুরে ব্যস্ত অফিসপাড়াতেও শোরগোল পড়ে যায়। আতঙ্কে বহুতল ছেড়ে বাইরে চলে আসেন কর্মীরা। প্রত্যক্ষদর্শীর কথায়, 'আমরা কাজই করছিলাম। আমি ল্যাপটপে হাত দিয়েছিলাম। অটোমেটিক আমার ল্যাপটপটা কাঁপছে। বাইরে শুনতাম, কলকাতায় কেন আসছে বুঝতে পারছি না।'
কম্পনের জেরে কলকাতা পুরসভা চত্বরেও কার্যত হুলস্থুল পড়ে যায়। কর্মী থেকে সাধারণ মানুষের চোখে মুখে দেখা যায় আতঙ্কের ছাপ। কলকাতা পুরসভার এক প্রত্যক্ষদর্শীর কথায়, 'এখানেই বসেছিলাম। আমি অনুভব করেছিলাম কিন্তু নিশ্চিত ছিলাম না। এমনি মাথা ঘুরছে হয়তো। মা ফোন করে বলল, বুঝতে পারলাম এরকম ভূমিকম্প হয়েছে।'
কলকাতার পাশাপাশি হাওড়াতেও ভূমিকম্প অনুভূত হয়।























