Mamata Banerjee: 'থ্রেট করে সরানো', আনন্দ বোস প্রসঙ্গে মমতা, 'এখন যাকে এনেছেন BJP-র প্যারেড করা ক্যাডার', বিস্ফোরক মুখ্যমন্ত্রী
Mamata Banerjee Dharna: প্রাক্তন IAS অফিসার সি ভি আনন্দ বোসকে সরিয়ে তাঁর জায়গায় আনা হয় প্রাক্তন IPS অফিসার রবীন্দ্র নারায়ণ রবিকে। ভোটের আগে কেন? ধর্নামঞ্চ থেকে তা নিয়ে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee: এসআইআরে (SIR) লক্ষ লক্ষ নাম বাদ যাওয়ার প্রতিবাদে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ ধর্নার দ্বিতীয় দিন। এসআইআর ইস্যুর পাশাপাশি একাধিক বিষয়ে বিজেপিকে নিশানা করেন তিনি। এদিকে ভোটের মুখে চলতি সপ্তাহে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে আচমকাই পদত্যাগ করেন সি. ভি. আনন্দ বোস (CV Ananda Bose)। তাঁর জায়গায় রাজ্যে অস্থায়ী রাজ্যপাল করে আনা হচ্ছে রবীন্দ্র নারায়ণ রবিকে (Ravindra Narayan Ravi)। প্রাক্তন IAS অফিসার সি ভি আনন্দ বোসকে সরিয়ে তাঁর জায়গায় আনা হয় প্রাক্তন IPS অফিসার রবীন্দ্র নারায়ণ রবিকে। ভোটের আগে আচমকা কেন এই সিদ্ধান্ত? ধর্নামঞ্চ থেকে তা নিয়ে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ ধর্মতলায় (Dharmatala) মুখ্যমন্ত্রীর এসআইআর-ধর্নার দ্বিতীয় দিন। রাজ্যপাল বদলের প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "দেখলেন তো এখানকার মাননীয় প্রাক্তন রাজ্যপাল আনন্দ বোসকে কীভাবে সরানো হল? কেন সরানো হয়েছে আমি সব জানি। ভয় দেখিয়ে। রাজভবনটা বিজেপির (BJP) পার্টি অফিস হবে, ওখান থেকে টাকা বিলি হবে। আমি যতটা শুনেছি এখনও পর্যন্ত, যাকে নিয়ে এসেছেন তালিমনাড়ুতে যখন ছিলেন সুপ্রিম কোর্টে অনেক কমেন্ট তাঁকে শুনতে হয়েছে। বিজেপি ছাড়া তিনি কোনও কাজ করেন না। বিজেপির একেবারে প্যারেড করা ক্যাডার। তামিলনাড়ুতে যা করেছেন করেছেন, বাংলা কিন্তু অন্য।"
এরপর নাম না করে কেন্দ্রকে নিশানা দাগেন মুখ্যমন্ত্রী। বলেন, "বাংলায় ভোটের একমাস আগে কেন বদল করলেন? কাউকে সময় কমপ্লিট করতে দিচ্ছেন না। ধনকড়কেও তাই করেছিলেন। আনন্দবাবুকেও এখানে নিয়ে এসেছিলেন, তাঁকেও সরিয়ে দেওয়া হল। কারণটা যদিও আমি জানি, কিন্তু বলব না। কিন্তু এটুকু বলব, তাঁকে থ্রেট করা হয়েছে। অনেকে তো চায় বা রাজভবনটা বিজেপির পার্টি অফিস হোক, ওখানে বিজেপির টাকা বিলি হোক। এরা নৈতিকতা মানে? যারা দিল্লিতে (Delhi) এখন বসে আছে, মহাম্মদ বিন তুঘলকের জ্যাঠার জ্যাঠামশাই। এবারেও তো টিমটিম করে জ্বলছে, তার এত তেল। এত কীসের অহংকার? আছে তো চন্দ্রবাবু নাইডুর (N. Chandrababu Naidu) দয়ায় টিকে। খবর আমরাও রাখি। তোমরা পেগাসাস করো, আমরা জনগণ করি। জনগণের থেকে বড় খবর আর কেউ রাখতে পারে না। বাংলা লড়াই করছে, করবে, করতে জানে। আর বেশি কিছু করলে তোমার দিল্লির সরকার ফেলে দেব...যাও!"























