Humayun Kabir: বেলডাঙ্গায় পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতির ঘরে তালা ঝােলালেন হুমায়ুন কবীর
Humayun Kabir News: দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতির ঘরে তালা ঝোলালেন রেজিনগরের জয়ী প্রার্থী হুমায়ুন কবীর।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: তৃণমূল সরকারের বেলডাঙায় 'পাড়ায় সমাধান' প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুললেন হুমায়ুন কবীর। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতির ঘরে তালা ঝুলিয়ে দেন তিনি। তদন্ত না হওয়া পর্যন্ত অফিস খোলা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির জয়ী প্রার্থী। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতির ঘরে তালা ঝোলালেন রেজিনগরের জয়ী প্রার্থী হুমায়ুন কবীর। পাড়ায় সমাধান প্রকল্পে দুনীর্তির অভিযোগ তুলেছেন তিনি। আম জনতা উন্নয়ন পার্টির জয়ী প্রার্থীর দাবি, বেলডাঙা ২ নম্বর ব্লকে পাড়ায় সমাধান প্রকল্পে প্রায় ২৮ কোটি টাকা বরাদ্দ করেছিল তৎকালীন তৃণমূল সরকার। তাঁর অভিযোগ, কাজের বরাত দিতে প্রায় ১৮ শতাংশ কাটমানি নেন রেজিনগরের তৃণমূল প্রার্থী আতাউর রহমান।
তদন্তের দাবি তুলে সোমবার বেলডাঙা ২ নম্বর পঞ্চায়েত সমিতির অফিসে ঢুকে সভাপতি ও সহ-সভাপতির অফিসে তালা লাগিয়ে দেন হুমায়ুন কবীর। রেজিনগরের তৃণমূল প্রার্থী আতাউর রহমানের স্ত্রী বিউটি বেগম বেলডাঙা ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। রেজিনগর ও নওদার আম জনতা উন্নয়ন পার্টির জয়ী প্রার্থী হুমায়ুন কবীর বলেছেন, 'দুর্নীতির পাহাড় হয়েছে এখানে। প্রত্যেকটা ওয়ার্ক অর্ডারে, আতাউর, বিউটি বেগমের স্বামী,++ এর নির্দেশে ১৮% টাকা তুলেছে। আপাতত এক মাসের জন্য এই চেম্বার বন্ধ থাকবে। সমস্ত দুর্নীতি উদ্ধার করা হবে। স্বচ্ছতা ছাড়া আমি এই প্রশাসনের, এই পঞ্চায়েত সমিতি চলতে দেব না। আগামী দিনে এই পঞ্চায়েত সমিতি নতুন ভাবে গঠন করা হবে।' দুর্নীতির তদন্ত চেয়ে বিডিও-র কাছে ডেপুটেশন জমা দিয়েছেন হুমায়ুন কবীর।
বিধানসভা ভোটের আগে তৃণমূল থেকে নাটকীয়ভাবে সাসপেন্ড হওয়ার পর বাবরি মসজিদের শিলান্যাস করে তোলপাড় ফেলে দিয়েছিলেন হুমায়ুন কবীর। এরপর নতুন দল গড়েছেন ভরতপুরের বিদায়ী বিধায়ক। নিজেও লড়ছেন, তাঁর দল আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থীরাও একাধিক আসনে লড়েছে। উল্লেখ্য, বিধানসভা ভোটের মুখে সেই হুমায়ুন কবীরের সঙ্গে বিজেপির আঁতাতের অভিযোগেই স্টিং ফুটেজ প্রকাশ করেছিল তৃণমূল! কিন্তু তবুও কোনও সাফল্য আসেনি জোড়াফুলের। এমনকী সেই সময় হুমায়ুন কবীর বিজেপিকে সমর্থন করেছেন। তিনি বলেছিলেন, 'আমি ওপেন বলছি, যে বিজেপির কোনও মুখ্যমন্ত্রী হলেও আমার কোনও অসুবিধে নেই। শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেই রেখেছি।'





















