TMC Leader Arrested: আগেই ছিল বোমাবাজির অভিযোগ, খারিজ হয় জামিনের আবেদনও, এবার সেই TMC নেতাই গ্রেফতার
North 24 Pargana News:

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : এবার পুলিশের জালে ধরা পড়লেন তৃণমূল নেতা ও আমডাঙা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান। তিনি প্রাক্তন তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের ভাই। ২০২৪ সালে খুড়িগাছিতে বোমাবাজির ঘটনায় অভিযুক্ত হিসেবে নাম ছিল তাঁর। তাঁর নামে গ্রেফতারির পরোয়ানাও জারি হয়েছিল। এমনকী, সুপ্রিম কোর্টে তৃণমূল নেতার জামিনের আবেদন খারিজ হয়ে যায়। পালাবদলের পর সেই তৃণমূল নেতাকেই গ্রেফতার করল পুলিশ। আজ তাঁকে বারাসাত আদালতে তোলা হবে।
পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা থেকে শুরু করে এলাকায় সন্ত্রাসের পরিবেশ কায়েম করা - একাধিক অভিযোগ ছিল। বেশ কয়েকমাস আগে বারাসাত আদালত এই আনিসুর রহমানকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছিল। জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানাও। তবে রাজ্যের পূর্বতন সরকার বিশেষ উদ্যোগ দেখায়নি আনিসুরকে গ্রেফতারের ক্ষেত্রে। পুলিশের খাতায় 'ফেরার' থাকলেও বিভিন্ন সভায় দেখা গিয়েছে আনিসুরকে। এমনকী দেখা গিয়েছে পঞ্চায়েত সমিতি পরিচালনা করতেও। ২০২৪ সালে খুড়িগাছিতে বোমাবাজি এবং এক যুবককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ছিল আমডাঙার প্রাক্তন তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের ভাই আনিসুর রহমানের বিরুদ্ধে। চার্জশিটেও নাম ছিল এই আনিসুরের। যদিও এই ঘটনায় বাকিরা গ্রেফতার হলেও আনিসুর রহমান গ্রেফতার হয়নি। রাজ্যে পালাবদল হতেই এবার এই তৃণমূল নেতাকে পাকড়াও করেছে পুলিশ। আজ তাঁকে বারাসাত আদালতে পেশ করা হবে। শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে আনিসুর রহমানকে।
TMC- র দখল করা পার্টি অফিসে এ কী দৃশ্য, সারি সারি ট্রাঙ্ক, আর তা খুলতেই মিলল...
জেলায় জেলায় বিভিন্ন তৃণমূল নেতার বাড়ি কিংবা বাড়ির কাছাকাছি এলাকা, তৃণমূলের পার্টি অফিস থেকে পাওয়া যাচ্ছে ত্রাণসামগ্রী
এবার বারুইপুর পঞ্চায়েত সমিতির সদস্য় সুধাংশু নস্কর গ্রেফতার। তৃণমূল নেতার বাড়িতে মিলল প্রচুর সরকারি ত্রাণ সামগ্রী। উদ্ধার সরকারি ত্রিপল, কম্বল। গতরাতে এই অভিযান চালিয়েছিল বারুইপুর থানার পুলিশ।
অন্যদিকে, বাড়ির পাশের ক্লাবে 'লুকোনো' ত্রাণ সামগ্রী, নবদ্বীপে গ্রেফতার চেয়ারম্যান। তল্লাশি নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানের বাড়ির পাশের ক্লাবে। পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর তল্লাশিতে উদ্ধার ত্রাণের কম্বল, ত্রিপল, শাড়ি। ক্লাব থেকে ত্রাণ সামগ্রী উদ্ধারের পরেই পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা গ্রেফতার। পাকড়াও করে নিয়ে আসার সময় পুরসভার চেয়ারম্যানকে ঘিরে তুমুল বিক্ষোভ। নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে উড়ল জুতো, জলের বোতল। নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান।





















