North 24 Pargana News: তৃণমূল নেতার ভাইয়ের জমির নীচে পোঁতা প্রচুর অস্ত্র, আগে বাড়িতে মিলেছিল ২৭ লক্ষ টাকা, ৬৬০ রাউন্ড গুলি
Arms Recovered: এই অজিত সাহা এবং তাঁর ভাই সুজিত সাহাকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। বিগত কয়েকদিন ধরেই ২ ভাইকে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা : এক তৃণমূল নেতার জমিতে গুপ্তধন, আরেক নেতার ভাইয়ের জমিতে গুলি-বন্দুক। উত্তর ২৪ পরগনার মছলন্দপুরে তৃণমূল নেতার জমির নীচে লুকোনো অস্ত্র ভাণ্ডার। উদ্ধার ৩টি দোনলা বন্দুক, ২৪ রাউন্ড কার্তুজ। ১টি ব্যাগে করে মাটির তলায় পুঁতে দেওয়া হয়েছিল বন্দুক-কার্তুজ। মাটির নীচ থেকে মিলল অস্ত্র ভাণ্ডার। বুধবারই তৃণমূল নেতার ভাই সুজিত সাহার বাড়ি থেকে উদ্ধার হয় ২৭ লক্ষ। আগেই সুজিত সাহার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ৬৬০ রাউন্ড কার্তুজ। ৬০টি খালি কার্তুজও উদ্ধার হয়েছিল। তৃণমূল নেতা অজিত সাহার ভাইয়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ১৯০টি দলিলও। গোবরডাঙা ও মছলন্দপুরে প্রচুর জমির মালিক হয়ে গিয়েছিল সুজিত সাহা, খবর সূত্রের।
এই অজিত সাহা এবং তাঁর ভাই সুজিত সাহাকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। বিগত কয়েকদিন ধরেই ২ ভাইকে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। গতকাল শুক্রবার সুজিত সাহাকে নিয়ে গোবরডাঙা থানার পুলিশ শক্তিনগর এলাকায় অজিত সাহার একটি পাঁচিল ঘেরা জমিতে তল্লাশি চালিয়েছিল। সেখানে মাটির নীচ থেকে উদ্ধার হয় একটি ব্যাগ। সেই ব্যাগে অস্ত্র ভরে পুঁতে রাখা হয়েছিল মাটির নীচে।
বীরভূমের বালি ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়, উদ্ধার ৫০ লক্ষ টাকা, ৫০০ গ্রামের বেশি সোনা
কয়েকদিন আগে বাদুড়িয়ার বাটুলডাঙা এলাকায়, বাদুড়িয়া পুরসভার পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্য গ্রেফতার হওয়ার পর তাঁর একটি পাট ক্ষেতে মাটির নীচ থেকে ২ কোটি ২৪ লক্ষ টাকা বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয়েছিল। এর লাগোয়া এলাকা, মছলন্দপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের শক্তিনগর এলাকা, সেখানে গোবরডাঙা থানার পুলিশ তৃণমূল নেতা অজিত সাহার ভাই সুজিত সাহাকে নিয়ে, তাঁর একটি পাঁচিল ঘেরা জমিতে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ উদ্ধার করে মাটির নীচে থেকে। মাটি খুঁড়ে এই বস্তা পুঁতে রাখা হয়েছিল। সেখান থেকে ৩টি দোনলা বন্দুক, ২৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই সুজিত সাহার বাড়ি থেকে এর আগেই ৬৬০ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছিল। সুজিত সাহার একটি লাইসেন্স প্রাপ্ত বন্দুক রয়েছে। ভোটের সময় তা পুলিশের কাছে জমা দেওয়া ছিল। কিন্তু লাইসেন্স প্রাপ্ত বন্দুক থাকলেও ১০০ রাউন্ডের বেশি খালি কার্তুজ রাখা যায় না। সেই সময় থেকেই পুলিশের মনে সন্দেহ জাগে। কেন এত পরিমাণ কার্তুজ রাখা হয়েছিল, সেই প্রশ্নও ওঠে। তৃণমূল নেতা অজিত সাহা এবং তাঁর ভাই সুজিত সাহাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে পুলিশ। জেরায় সুজিত সাহা জানান যে তাঁর একটি জমির নীচে মাটিতে পোঁতা আছে অস্ত্র, খবর পুলিশ সূত্রে। এরপরই তাঁকে নিয়ে তল্লাশি চালাতে গিয়ে উদ্ধার হয় মাটির নীচে পুঁতে রাখা অস্ত্র।
Before You Go
TMC News: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী





















