RG Kar Incident: আর জি কর মামলা নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের, এবার কী নির্দেশ আদালতের?
Kolkata High Court: বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, সেই রাতে খাওয়া থেকে নিহত চিকিৎসকের শেষকৃত্য পর্যন্ত কী কী হয়েছিল? ঘটনাক্রম কী ছিল? তা CBI খতিয়ে দেখবে।

সৌভিক মজুমদার, কলকাতা : আর জি কর মামলার তদন্তের নেতৃত্বে এবার CBI-এর পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তা। SIT গঠন করে ধর্ষণ-খুনের মামলায় তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ঘটনার আগের রাতে খাওয়া থেকে নিহত চিকিৎসকের শেষকৃত্য পর্যন্ত ঘটনাক্রম CBI-কে খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে আদালত।
কথা রেখেছে বিজেপির সরকার। ক্ষমতায় এসেই আর জি করের ফাইল খুলেছে তারা। সাসপেন্ড করা হয়েছে ৩ IPS অফিসার - বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্য়ায় ও অভিষেক গুপ্তকে। ঘটনাস্থল সিল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের তদন্তে CBI-এর পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে SIT গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ।
'বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসত', আজ ফলতায় ভয়হীন ভোট, 'রানা'-র বিরুদ্ধে ক্ষোভ তাও কমছে না
আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ের সেমিনার হলে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। এই ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে শিয়ালদা কোর্ট। তবে নিহত চিকিৎসকের মা-বাবা শুরু থেকেই দাবি করে আসছেন, প্রকৃত বিচার তাঁরা পাননি। ধর্ষণ, খুনের রাতে, ওই তরুণী চিকিৎসক যে চারজনের সঙ্গে খাবার খেয়েছিলেন, তাঁদেরকে কেন তদন্তের আওতায় আনা হয়নি, সেই প্রশ্নও বারবার তুলেছেন তাঁরা। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, সেই রাতে খাওয়া থেকে নিহত চিকিৎসকের শেষকৃত্য পর্যন্ত কী কী হয়েছিল? ঘটনাক্রম কী ছিল? তা CBI খতিয়ে দেখবে।
বিচারপতিরা প্রশ্ন করেন, ২০২৪-এর ৭ অক্টোবর চার্জশিট পেশের পর থেকে ১ বছর ৭ মাস কী তদন্ত করেছে CBI? কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী জানান, তাঁরা ৭০-৮০ জনের সাক্ষ্য গ্রহণ করেছে। বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, এখন থেকে CBI-এর পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে আর জি কর মামলার তদন্ত চলবে। তিন সদস্যের SIT-ও গঠনের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার মামলার পরবর্তী শুনানি।
অন্যদিকে আর জি কর মেডিক্যালকাণ্ডে ধৃত সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ি নিয়ে বড় নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা
আর জি কর মেডিক্যালকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার সেই সন্দীপ ঘোষের বাড়ি নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা পুরসভা। আর জি কর মেডিক্যালে দুর্নীতি মামলায় অভিযুক্ত হন সন্দীপ ঘোষ। এবার তাঁর বেলেঘাটার বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে। আর এই বাড়ির বেআইনি নির্মাণ ৪৫ দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। আর জি মেডিক্যালকাণ্ডে ধৃত সন্দীপ ঘোষের বাড়ির বেআইনি অংশ ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে।





















