কলকাতা: প্রথমে বিধানসভায় বিপর্যয়! পরাজিত খোদ মমতা বন্দ্য়োপাধ্য়ায়! হাতছাড়া সাম্রাজ্য়! এরপর ফলতায় সামনে চলে এল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ডায়মন্ড হারবার মডেলের কঙ্কালসার চেহারা! হাতছাড়া হল প্রাণ ভোমরা সংখ্য়ালঘু ভোটও! আর এরইমধ্য়ে জেলায় জেলায় পুরসভায় ইস্তফা দিচ্ছেন তৃণমূলের কাউন্সিলররা! আর এবার পুরসভায় পদত্যাগের হিড়িক পৌঁছে গেল একদা তৃণমূলের গড় দক্ষিণ ২৪ পরগনাতেও। শুরুটা হল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ডায়মন্ড হারবার থেকেই। 

Continues below advertisement

ডায়মন্ড হারবার পুরসভায় গণইস্তফা ৮ জন তৃণমূল কাউন্সিলরদের। এছাড়া উত্তর ব্যারাকপুর পুরসভায়, হালিশহর পুরসভায়, ভাটপাড়া, গারুলিয়া, কাঁচরাপাড়া পুরসভায় তৃণমূল কাউন্সিলরদের পদত্যাগের হিড়িক পড়ে গিয়েছে। সোমবার গণইস্তফা দিলেন ডায়মন্ড হারবার পুরসভার ৮ জন কাউন্সিলর। 

গত কয়েকদিনে রাজ্যে ৭ টি পুরসভা মিলিয়ে ইস্তফা দেওয়া তৃণমূল কাউন্সিলরের সংখ্যাটা সেঞ্চুরি পার করে গেছে। হালিশহর পুরসভার ১৬ জন কাউন্সিলর, ভাটপাড়া পুরসভার ৩২ জনের মধ্যে ৩২ জনই, গারুলিয়া পুরসভার ১৮ জন, কাঁচরাপাড়ার ১৪ জন, উত্তর ব্যারাকপুর পুরসভার ১৫ জন, ডায়মন্ড হারবার পুরসভার ৮ জন এবং কাঁথি পুরসভার ১২ জন কাউন্সিলর ইতিমধ্যেই ইস্তফা দিয়ে দিয়েছেন।

Continues below advertisement

সোমবার কাউন্সিলরদের ইস্তফার হিড়িক পৌঁছে গেছে ডায়মন্ড হারবার পুরসভা পর্যন্ত। ডায়মন্ড হারবার পুরসভায় মোট আসন ১৬। সবকটি আসনই ছিল তৃণমূলের দখলে। এর মধ্যে ইস্তফা দিলেন ৮ জন কাউন্সিলর। ডায়মন্ড হারবার পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তমাল হালদার বলছেন, 'আমাদের পুলিশের কথাতেই উঠতে বসতে হত। সেই পুলিশগুলোকে কন্ট্রোল করা হত উপরমহল থেকে।'

উত্তর ২৪ পরগনার উত্তর ব্যারাকপুরে গণইস্তফা দিলেন ১ ডজনেরও বেশি তৃণমূল কাউন্সিলর। পুরসভায় রয়েছে ২৩ টি ওয়ার্ড। ইস্তফা দিলেন পুরপ্রধান-সহ ১৫ জন কাউন্সিলর। সোমবার গারুলিয়া পুরসভায় ইস্তফা দিলেন আরও ৭ জন কাউন্সিলর। এই নিয়ে ২১ জনের মধ্যে ইস্তফা দিলেন ১৮ জন তৃণমূল কাউন্সিলর। দিকে দিকে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল পরিচালিত বিভিন্ন পুরবোর্ড। তবে কি রাজ্যে এবার পুরভোট শুধু সময়ের অপেক্ষা? 

ফলতার ফলে, তৃণমূল কংগ্রেসের শোচনীয় পরাজয়! তৃণমূলকে প্রথম থেকে চতুর্থস্থানে টেনে নামিয়েছে সাধারণ মানুষ! ভেঙে চুরমার হয়ে গেছে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ডায়মন্ড হারবার মডেল! আর তৃণমূলের প্রার্থী, স্বঘোষিত পুষ্পা, যিনি 'ঝুকেগা নেহি' বলে হুঙ্কার দিয়েছিলেন, ভোটের ফলে তিনি ঝুঁকলেনই না, একেবারে শুয়ে পড়লেন! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'ফার্স্ট বয়' জাহাঙ্গির খানের ঠাঁই হয়েছে চতুর্থ স্থানে!