Mograhat: ত্রিপল চুরি ও পাচারের অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়কের ভাই, বিক্ষোভ মগরাহাটে
South 24 Pargana News: স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলায় উত্তেজনা ছড়ায়। বিডিওর নির্দেশে তদন্ত শুরু হলে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি থেকে প্রচুর ত্রাণ সামগ্রী উদ্ধারের অভিযোগ।

মগরাহাট: সরকারি ত্রাণ সামগ্রী চুরির অভিযোগ। মগরাহাট পূর্ব বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক নমিতা সাহার ভাই গ্রেফতার। সরকারি ত্রাণ সামগ্রী চুরির অভিযোগে পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ রবিন সাহা গ্রেফতার। গতকাল প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি থেকে গাড়ি ভর্তি ত্রিপল অন্যত্র পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলায় উত্তেজনা ছড়ায়। বিডিওর নির্দেশে তদন্ত শুরু হলে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি থেকে প্রচুর ত্রাণ সামগ্রী উদ্ধারের অভিযোগ। আমফানের পর বহুবার ত্রিপল চেয়েও মেলেনি, অভিযোগ স্থানীয়দের। এলাকার পঞ্চায়েত সদস্যরাও ত্রিপল না পাওয়ার অভিযোগ তুলেছেন। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।.
কখনও তোলাবাজির জন্য, তো কখনও ত্রানের সামগ্রী নয়ছয় করার জন্য, রাজ্য়ের বিভিন্ন প্রান্ত থেকেই তৃণমূল কাউন্সিলর ও নেতাদের গ্রেফতারের খবর আসছে। তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন কলকাতা পুরসভার আরও এক তৃণমূল কাউন্সিলর। কলকাতার ১০৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর ওরফে রানা ঠাকুরকে গ্রেফতার করল গড়ফা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গত ১ জুন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে গড়ফা থানায় অভিযোগ দায়ের করেন এক প্রোমোটার। লক্ষ লক্ষ টাকা তোলা চেয়ে তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। মঙ্গলবার মধ্যরাতে ১২টা ৫ নাগাদ তাঁকে গ্রেফতার করে পুলিশ। ধৃত তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছিল পুলিশ
এদিকে, ২০২১-এ ভোট পরবর্তী হিংসা ও তোলাবাজি সহ একাধিক অভিযোগে সম্প্রতি গ্রেফতার হয়েছেন কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সচিন সিং। তার আগে, এলাকায় দাদাগিরি, তোলাবাজি, জমি জবরদখল সহ একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছেন কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লে। এবার গ্রেফতার হলেন কলকাতা পুরসভার ১০৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর ওরফে রানা ঠাকুর।
অন্য়দিকে, ত্রাণ দুর্নীতির অভিযোগে হাওড়ার ডোমজুড়ে গ্রেফতার হয়েছিলেন তৃণমূল পরিচালিত নারনা গ্রামপঞ্চায়েতের উপপ্রধান। ধৃত তৃণমূল নেতা বুবাই চক্রবর্তীর বিরুদ্ধে সরকারি ত্রাণ সামগ্রী নয়ছয়ের অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয়রা। নারনা গ্রাম পঞ্চায়েতের পিপিলাই গ্রামে রয়েছে জাগরণ সংঘ নামের একটি ক্লাব। সেই ক্লাবঘরের আলমারি ভেঙে উদ্ধার হয়েছে দুর্গতদের জন্য বরাদ্দ প্রচুর ত্রাণের পোশাক। শাড়ি, কাপড় থেকে বাচ্চাদের পোশাক, এমনকি থরে থরে সাদা থান, কী নেই! পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তল্লাশিতে ক্লাবঘর থেকে উদ্ধার হয়েছে বস্তাভর্তি গাছ বোমা।





















