Ayushman Bharat Digital Mission: রাজ্যে 'আয়ুষ্মান ভারত', কেন্দ্রের সঙ্গে চুক্তি সই মুখ্যমন্ত্রীর, কারা কারা পাবেন কার্ড?
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'এবার ডাবল ইঞ্জিনের সুবিধা পাবে পশ্চিমবঙ্গবাসী। ৫৭০ কোটি টাকা ইতিমধ্যেই ট্রান্সফার করে দিয়েছে কেন্দ্রীয় সরকার'

নয়া দিল্লি: অবশেষে রাজ্যে 'আয়ুষ্মান ভারত' (Ayushman Bharat), কেন্দ্রের সঙ্গে চুক্তি সই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। অবশেষে আয়ুষ্মান ভারতে যুক্ত হল পশ্চিমবঙ্গ। সোমবার দিল্লিতে বিজ্ঞান ভবনে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের সুবিধে পাবেন পশ্চিমবঙ্গবাসী। 'পশ্চিমবঙ্গ, দিল্লি প্রকল্পের বিরোধিতা করেছিল, সেখানে টাটা বাইবাই। উন্নয়ন বিরোধী সরকারকে বিদায় দিয়েছে রাজ্যবাসী'।
মুখ্যমন্ত্রী বলেন, 'এবার ডাবল ইঞ্জিনের সুবিধা পাবে পশ্চিমবঙ্গবাসী। ৫৭০ কোটি টাকা ইতিমধ্যেই ট্রান্সফার করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রায় দেড় কোটি মানুষ এই প্রকল্পের ফলে উপকৃত হবেন। কারা কারা পাবেন আলাদা আলাদা কার্ড, তা স্থির হয়ে গেছে। শুধু ভাষণ আর পেপারে নয়, টাকাও অনুমোদন হয়ে গেছে এই প্রকল্পে।'
আরও পড়ুন, স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটের ভিতরে 'গুপ্ত'ঘর, বিশেষ ডিজিটাল লক, কী আছে সেই ঘরে?
২০১৮ সালে শুরু হওয়া কর্মসূচীতে ৪৪ কোটি ব্যক্তিগত কার্ড দেওয়া হয়েছে। ৩৬ হাজার ১৯৩টি হাসপাতাল আছে এই কার্ডের অন্তর্ভুক্ত। ১৬ হাজার ৫৫৭টি বেসরকারি হাসপাতাল রয়েছে এর আওতায়। পশ্চিমবঙ্গ রাজনীতির কারণে এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। তবে এবার স্বাস্থ্যক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে।
শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছিলেন স্বাস্থ্য দফতরের কর্তারাও। সেই বৈঠকেই রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের জন্য আলাদা রোডম্যাপ তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দু অধিকারী বলেন, 'ন্যাশনাল হেলথ মিশন (NHM), ভারত সরকার ২ হাজার ১০৩ কোটি টাকা আমাদের জন্য বরাদ্দ করেছে এই অর্থবর্ষে। আজ তার এক চতুর্থাংশ, ৫০০ কোটি টাকা আজকে ভারত সরকার ট্রান্সফার করল।আমরা মাননীয় মন্ত্রী জে পি নাড্ডাকে '২৩-২৪ ও '২৪-২৫ অর্থবর্ষে, যে অর্থ বিগত সরকার নেয়নি, সেই অর্থের জন্য বিশেষ অনুরোধ করেছিলাম। এর বাইরেও আমরা আরেকটি প্রকল্প, আয়ুষ্মান ভারতে যে সেন্ট্রাল শেয়ার এই বর্ষে ৯৭৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন'।






















