CM Suvendu Adhikari: এসএসকেএমে পৌঁছলেন শুভেন্দু অধিকারী, স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: কলকাতা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলার ১২টি মেডিক্যাল কলেজ সরকারি হাসপাতালের অধ্যক্ষ এবং মেডিক্যাল সুপারদের সঙ্গে বৈঠক সারবেন মুখ্যমন্ত্রী ।

কলকাতা: এসএসকেএমে স্বাস্থ্য দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী। কলকাতা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলার ১২টি মেডিক্যাল কলেজ সরকারি হাসপাতালের অধ্যক্ষ এবং মেডিক্যাল সুপারদের সঙ্গে বৈঠক সারবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
অতীতে স্বাস্থ্য পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ বিভিন্ন সময়ে সামনে এসেছে। এই অভিযোগের জায়গাগুলিতে কীভাবে উন্নতি করা যায়, কীভাবে ভুলত্রুটি সংশোধন করা যায় এবং এ বিষয়ে সরকারি আধিকারিকদের কী কী করণীয়, সেই নিয়ে কথা বলতেই এসএসকেএম হাসপাতালে পৌঁছন শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে, স্বাস্থ্য প্রশাসনের আধিকারিকদের সঙ্গে এই প্রথম বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
কেন্দ্র ও রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মধ্যে সংযোগ স্থাপনে যাতে কোনও সমস্যা না হয়, সেই কারণে কেন্দ্রীয় সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের আধিকারিকদেরও এই বৈঠকে ডাকা হয়েছে। বৈঠকে উপস্থিত থাকছেন কেন্দ্র সরকারের অধীনস্ত চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের অধিকর্তা। রাজ্যের স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এই বৈঠকে উপস্থিত রয়েছেন। কলকাতার সবকয়টি মেডিকেল কলেজ হাসপাতালের পদাধিকারীদের ডাকা হয়েছে এই বৈঠকে।
এছাড়া বিজেপির দুই জয়ী ডাক্তার বিধায়ক, বিধাননগর থেকে জয়ী শারদ্বত মুখোপাধ্যায় এবং বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে জয়ী ইন্দ্রনীল খাঁও এই বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত রয়েছেন। এসএসকেএমের অ্যাকাডেমিক বিল্ডিংয়ের নয় তলায় মুখ্যমন্ত্রীর চেম্বারে এই বৈঠক হবে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন, এসএসকেএম হাসপাতালে এই ঘরটি তৈরি করা হয়েছিল। স্বাস্থ্য প্রশাসনের কাজকর্ম চালানোর জন্য মমতা বন্দোপাধ্যায় এই ঘরটি তৈরি করেছিলেন। একবারই এই ঘরে এর আগে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেখানেই বৈঠক করবেন নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বৈঠকের জেরে এসএসকেএম হাসপাতালকে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে।
মোটামুটি সব মিলিয়ে ৩০ জন মতো স্বাস্থ্য আধিকারিক আজকের এই বৈঠকে উপস্থিত থাকছেন। আগামী পাঁচ বছর স্বাস্থ্য পরিষেবা কীভাবে চলবে, কীভাবে স্বাস্থ্য প্রশাসনকে ঢেলে সাজানো যায়, যাতে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ক্ষোভ, অভিযোগ কমে, এই বৈঠকের মাধ্যমে সেই গতিপ্রকৃতিই নির্ধারণ করা হবে বলে অনুমান। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী কিন্তু এসএসকেএমে প্রবেশ করেছেন।





















