Agnimitra on Abhishek : 'না এলে যে পার পেয়ে যাবেন তা কিন্তু নয়...', অভিষেকের উদ্দেশে মন্তব্য মন্ত্রী অগ্নিমিত্রার
CID Investigation : পয়লা জুন হাজিরা এড়ানোয় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে তলব করে CID.

কলকাতা : "যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বলব, না এলে যে পার পেয়ে যাবেন তা কিন্তু নয়।" অভিষেকের উদ্দেশে এমনই মন্তব্য করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিধানসভায় সই জালকাণ্ডে আজ CID-তে হাজিরা দেবেন অভিষেক ? এনিয়ে চর্চার মধ্যেই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী।
তিনি বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি চিঠি আমাদের সামনে এসেছিল। যেখানে উনি বলছেন, শোভনদেববাবুকে বিরোধী দলনেতা করার জন্য। তিনি সাংসদ হিসাবে তো বিধায়কের ব্যাপারে কথা বলতে পারেন না। পশ্চিমবঙ্গ বিধানসভার ব্যাপারে কথা বলতে পারেন না। সুতরাং সেই হিসাবে সিআইডি তাঁকে ডেকেছে। তিনি যদি মনে করেন যে তিনি পালিয়ে বেড়াবেন তাঁর শিষ্য পুষ্পার মতো, গতকাল পুষ্পাকে যেমন ধরা হয়েছে নেপাল বর্ডার থেকে, আমি জানি না...এত সাহস এত বাঘের বাচ্চা তারা কেন পালিয়ে বেড়াচ্ছে ! সেরকমই যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বলব, না এলে যে পার পেয়ে যাবেন তা কিন্তু নয়। সুতরাং কেউ যদি সই জাল করে থাকেন বা আপনি চিঠিটা করে থাকেন... কী বিষয়ে সেটা কিন্তু সিআইডিকে আপনাকে জানাতে হবে।"
সোমবার সই জালিয়াতি কাণ্ডে তৃতীয়বার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে নোটিস দিয়েছে সিআইডি। এখনও অবধি একবারও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় CID-র কাছে হাজিরা দেননি। কিন্তু, খেল খতম হয়ে গিয়েছে তাঁর ঘনিষ্ঠ 'পুষ্পা'র। প্রায় আড়াই সপ্তাহের লুকোচুরির পর, ভারত-নেপাল সীমান্ত থেকে জাহাঙ্গির খানকে পাকড়াও করে রাজ্য পুলিশের STF.
পয়লা জুন হাজিরা এড়ানোয় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে তলব করে CID. 'INDI' জোটের বৈঠকের জন্য সোমবার দিল্লিতে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার হাজিরা না দেওয়ায় তাঁর কালীঘাটের বাড়িতে গিয়ে ফের নোটিস দেয় CID। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে বলা হয়েছে ভবানীভবনে।
বিধানসভা ভোটে বিপর্যয়ের পর সই জালিয়াতিতে নাম জড়ায় তৃণমূলের। যা সামনে আনেন তৎকালীন তৃণমূলের ২ বিধায়ক। সই জালিয়াতির পর্দাফাঁস করায় তৃণমূল থেকে বহিষ্কার করা হয় সন্দীপন সাহা ও ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়কে। এরপর সই জালিয়াতি কাণ্ডের তদন্তে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠায় CID. পয়লা জুন হাজিরা এড়ানোয় ৮ জুন, সোমবার ভবানীভবনে হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে। সেই মামলাতেই FIR খারিজ ও রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত শুক্রবার জোড়া আবেদনের শুনানির আর্জি জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তাঁর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদিও সেই আবেদন খারিজ করে দিয়ে ১০ জুন অর্থাৎ আগামী বুধবার শুনানির দিন ধার্য করেন বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস।























