West Bengal News: মার্চের শুরুতেই তৎপর কমিশন, রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে সোম-মঙ্গল বৈঠকে ফুল বেঞ্চ
West Bengal Election News: প্রথমদিন বৈঠক কলকাতার সিপি, ডিআইজি, এসপি ও জেলাশাসকদের সঙ্গে। দ্বিতীয় দিন বৈঠক CEO-সহ আধিকারিকদের সঙ্গে। কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারের সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ে হবে বৈঠক।

West Bengal News: পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন (Assembly Election)। ইতিমধ্যেই রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী (Central Force)। এবার পশ্চিমবঙ্গে ভোটের প্রস্তুতিতে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। রাজ্যে না এলেও কাল ও পরশু জাতীয় নির্বাচন কমিশনের বৈঠক রয়েছে। প্রথমদিন বৈঠক হবে কলকাতার (Kolkata) সিপি, ডিআইজি, এসপি ও জেলাশাসকদের সঙ্গে। দ্বিতীয় দিন বৈঠক হবে চিফ ইলেকশন অফিসার-সহ আধিকারিকদের সঙ্গে। কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারের সঙ্গে আইনশৃঙ্খলা নিয়েও বৈঠক হবে বলে জানা যাচ্ছে।
সূত্র মারফত জানা যাচ্ছে, সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার ভার্চুয়াল বৈঠক করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission of India) ফুল বেঞ্চ। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠক করবেন সংশ্লিষ্ট আধিকারিকরা। রাজ্যে আসার কথা থাকলেও সেই দিনক্ষণ কিছুটা পিছিয়ে গেছে, তাই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমেই বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সকাল ১১টা থেকে শুরু হবে বৈঠক। দু'দিনব্যাপী বৈঠকের প্রথমদিনে উপস্থিত থাকবেন রাজ্যের বিভিন্ন পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনাররা, ডিজি ও আইজি পদমর্যাদার আধিকারিকরা। এছাড়াও উপস্থিত থাকবেন প্রতিটি জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা। রাজ্য পুলিশের তরফে ভোটের আগে রাজ্যে নিরাপত্তার ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, জেলায় জেলায় নিরাপত্তা সুনিশ্চিত করতে কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইত্যাদি একাধিক গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখা হবে আগামিকালের বৈঠকে। জানা যাচ্ছে, প্রথম পর্যায়ের এই বৈঠক চলবে দুপুর দেড়টা অবধি। এরপর মধ্যাহ্নভোজের বিরতি। ফের বিকেল ৫টা অবধি চলবে এই বৈঠক।
পাশাপাশি, মঙ্গলবার অর্থাৎ কমিশনের দ্বিতীয় দিনের বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল (Manoj Kumar Agarwal), রাজ্যের নির্বাচন কমিশনের একাধিক শীর্ষ আধিকারিকরা। এছাড়াও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানেরা। মঙ্গলবারের এই বৈঠকে মূলত পশ্চিমবঙ্গে কত দফায় নির্বাচন করা সম্ভব - সেই সংক্রান্ত আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে। এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সেই বিষয়েও আলোচনা হতে পারে। পাশাপাশি, ভোটের মুখে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার হচ্ছে - এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য মঙ্গলবারের আলোচনায় জায়গা পাবে বলে মনে করা হচ্ছে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, চলতি মাসের ৯ অথবা ১০ তারিখ রাজ্যে আসতে পারে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। পশ্চিমবঙ্গে আসার আগে কেরলে যেতে পারে তারা। মূলত পশ্চিমবঙ্গে ভোট প্রস্তুতি কতটা হয়েছে সেই প্রসঙ্গে আলোচনা করতেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের দু'দিনব্যাপী এই ভার্চুয়াল বৈঠক।























