অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : টানা ঝড়-বৃষ্টির পর আজ থেকে বদলাচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়ায়। বাড়ছে তাপমাত্রাও। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যে আগামী ৭ দিন বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। বাড়বে শুধুই গরম এবং অস্বস্তি। দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার থেকে বৃহস্পতিবার, ১৩ থেকে ১৬ই এপ্রিল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তীব্র গরম থাকতে পারে।
এর পাশাপাশি আজ শনিবার এবং কাল রবিবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং - এই তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি আগামী ২ দিন। আজ শনিবার এবং কাল রবিবার দু'দিন শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে এই ২ দিন। উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়তে পারে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের দু-একটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে বেশ কিছু জেলাতে। সোমবার ও মঙ্গলবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার এবং বৃহস্পতিবার গরম ও অস্বস্তি আরও বাড়তে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার সর্তকতা দিয়েছে হাওয়া অফিস। সোমবার বিক্ষিপ্তভাবে স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে দু-এক জায়গায় সামান্য ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল কিংবা সন্ধ্যের দিকে।
উত্তরবঙ্গের আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকতে চলেছে
আজ শনিবার ও কাল রবিবার শুধুমাত্র ওপরের দিকের পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং - এই তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। আগামী সপ্তাহে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। তাপমাত্রা সামান্য বাড়বে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েকদিন। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলার পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হাল্কা বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলা-সহ বাকি জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে এবং তাপমাত্রা সামান্য বাড়তে পারে। উত্তরবঙ্গের নীচের দিকের জেলাগুলিতে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে।
কলকাতার আবহাওয়া
শহর কলকাতার তাপমাত্রা ঊর্ধ্বমুখী। ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে আজ সকালে। অন্যদিকে, সকাল থেকেই পরিষ্কার আকাশ। পরে বেলার দিকে কখনও আংশিক মেঘলা আকাশ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী তিন-চার দিনে বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়। আজ কলকাতায় মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। রবিবারের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে পাঁচ থেকে সাত ডিগ্রি সেলসিয়াস। উইকেন্ডে শুষ্ক আবহাওয়া কলকাতায়। আগামীকাল রবিবার থেকে বুধবার পর্যন্ত গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে শহরে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা ৫০ থেকে ৯৭ শতাংশ।
