NEET Paper Leak Row: সন্তানকে ডাক্তার করতেই হবে, ১০ লক্ষ দিয়ে প্রশ্নপত্র কিনেছিল বাবা, ৭২০-র মধ্যে সাকুল্যে ১০৭ তুলতে পারল ছেলে
NEET Paper Leak: ডাক্তারি প্রবেশিকার প্রশ্নপত্র ফাঁস। একের পর এক চাঞ্চল্যকর তথ্য।

নয়াদিল্লি: ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস। তার জেরে বাতিল হয়েছে NEET. সেই নিয়ে গোটা দেশ যখন উত্তাল, সেই সময় মূল অভিযুক্ত দীনেশ বিবালকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এল। দীনেশের ছেলে ঋষি বিবাল গা ঢাকা দিয়েছে। CBI জানতে পেরেছে, ছেলের জন্য় ১০ লক্ষ টাকা দিয়ে NEET-এর প্রশ্নপত্র কিনেছিল দীনেশ। কিন্তু তার পরও ৭২০-র মধ্যে মাত্র ১০৭ নম্বরই তুলতে পেরেছিল ছেলে ঋষি। (NEET Paper Leak)
২০২৬ সালের NEET প্রশ্নপত্র পাঁশে রাজস্থানের সিকার জেলাকে খবরের শিরোনামে তুলে এনেছে। তিন জনকে গ্রেফতার করেছে CBI. তদন্তকারীদের দাবি, দীনেশ ‘Guess’ প্রশ্নপত্র সংগ্রহ করেছিল, যা একেবারে NEET প্রশ্নপত্রের মতো দেখতে ছিল। সেগুলি প্রথমে কোচিং সেন্টারগুলিতে পাঠানো হয়। সেখান থেকে ওই প্রশ্নপত্র আরও অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে। দীনেশ এবং তার ভাই মঙ্গীলালকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে মঙ্গীলালের বড় ছেলে বিকাশকেও। (NEET Paper Leak Row)
দীনেশের ছেলে ঋষির খোঁজে তল্লাশি চলছে এই মুহূর্তে। পরীক্ষার আগে ফাঁস হওয়া প্রশ্নপত্র হাতে পেয়েছিল ঋষি। CBI সূত্রে খবর, ছেলের জন্য ওই প্রশ্নপত্র ১০ লক্ষ টাকায় কিনেছিল দীনেশ। কিন্তু স্ক্রুটিনি করে দেখা যাচ্ছে, আগেভাগে প্রশ্নপত্র হাতে পেয়েও মোটে ভাল পরীক্ষা দিতে পারেনি ঋষি। ৭২০ নম্বরের পরীক্ষায় সাকুল্যে ১০৭-ই পেয়েছে সে।
আরও পড়ুন: এই সিঁড়ি দিয়ে ডেডবডি নামানো হয়েছিল? আর জি কর থেকে ভিডিও করে আনলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়
জিজ্ঞাসাবাদে ছেলের জন্য প্রশ্নপত্র কেনার কথা দীনেশ স্বীকার করে নিয়েছে বলে দাবি তদন্তকারীদের। শুধু NEET বলেই নয়, কোনও কালেই ঋষি পড়াশোনায় তেমন ভাল ছিল না বলে জানা গিয়েছে। তার দ্বাদশ শ্রেণির মার্কশিট হাতে পেয়ে দেখা গিয়েছে গ্রেস মার্কসের দৌলতে পাশ করতে পেরেছিল। ৫০০-র মধ্যে ২৫৪ পেয়েছিল সে। হিন্দিতে প্রাপ্ত নম্বর ছিল ৩২, ইংরেজিতে ৫১, ফিজিক্সে ৫১, কেমিস্ট্রিতে ৫৮, বায়োলজিতে ৬২। ফিজিক্স এবং কেমিস্ট্রির থিওরিতে অত্যন্ত কম নম্বর পেয়েছিলেন। প্র্যাক্টিক্যালের দৌলতে উতরে যায়। তার পরও পরিবার তাকে ডাক্তার তৈরি করতে উঠেপড়ে লেগেছিল।
রাজস্থানের সিকারে একটি ফ্ল্যাটের হদিশও মিলেছে। সেখান থেকেই পরীক্ষার্থীদের সঙ্গে সমন্বয় রাখা হতো। ১৫০ জন পরীক্ষার্থীকে চিহ্নিত করেছে CBI, যাদের সঙ্গে প্রশ্নপত্র ফাঁস চক্রের সংযোগ পাওয়া গিয়েছে। NEET প্রশ্নপত্র ফাঁসে ইতিমধ্যে এক শিক্ষিকাকেও গ্রেফতার করা হয়েছে। গত ২৪ বছর ধরে পুণের মডার্ন কলেজে কর্মরত ছিলেন মনীষা গুরুনাথ মান্ধারে। গত পাঁচ-ছ’বছর ধরে ন্যাশনাল টেস্টিং এজেন্সির সঙ্গেও যুক্ত ছিলেন। অন্য দিকে, প্রশ্নপত্র ফাঁসের পর এখনও পর্যন্ত চার জন NEET পরীক্ষার্থী আত্মঘাতী হয়েছেন বলে খবর। রাজস্থানের পরীক্ষার্থী প্রদীপ মেঘওয়াল আত্মহত্যা করেছেন। গোয়ার বাসিন্দা ১৭ বছরের এক ছাত্র শেষ করে দিয়েছে নিজেকে। সুইসাইড নোটে লিখে গিয়েছে, দু’বছর ধরে প্রস্তুতি নিতে গিয়ে অসম্ভব মানসিক চাপের মধ্য়ে দিয়ে যেতে হয়েছিল তাকে। নিজের প্রিয় খেলা হকি থেকেও সরে আসতে হয়েছিল। আর পরীক্ষায় বসতে চায় না। দিল্লির আজাদপুরে ২০ বছর বয়সি এক তরুণী আত্মঘাতী হয়েছেন। উত্তরপ্রদেশের লখিমপুর খেরির বাসিন্দা ২১ বছরের আর এক পড়ুয়া আত্মঘাতী হয়েছেন।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















