দীপক ঘোষ, খড়গপুর: দীর্ঘ সময় একাই দায়িত্ব সামলেছেন। তাঁর আমলেই সবচেয়ে বড় সাফল্য জুটেছিল। কিন্তু পশ্চিমবঙ্গ বিজেপি-তে এই মুহূর্তে প্রচুর মুখ। সেই মুখের ভিড়ে খানিকটা কোণঠাসা হয়ে পড়তেও হয়েছিল তাঁকে। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ফের চাঙ্গা দিলীপ ঘোষ। নিজের চেনা কেন্দ্র খড়গপুরে জোর প্রচারও চালাচ্ছেন। কিন্তু বিজেপি যদি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে কি মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে নিজেকে দেখছেন দিলীপ? এবিপি আনন্দে অকপট জবাব দিলেন তিনি। (Dilip Ghosh on BJP CM Face)

খড়গপুরে প্রচার চলাকালীনই এবিপি আনন্দের মুখোমুখি হন দিলীপ। তাঁকে প্রশ্ন করা হয়, “২০২১ সালে বিজেপি যখন নির্বাচনে লড়ছে, প্রত্যাশা ছিল দল ক্ষমতায় আসবে। সেই সময় মুখ্যমন্ত্রী হিসেবে দিলীপ ঘোষের মুখই সামনে ছিল। পরবর্তীতে দেখা যায় একাধিক মুখ্যমন্ত্রীর ভিড় চারিদিকে। এবারেও মুখ্যমন্ত্রী নিয়ে একটা বিভ্রান্তি, ধোঁয়াশা তৈরি হয়েছে। আপনার কি মনে হয়, কার হওয়া উচিত? কে দৌড়ে আছেন? আপনি আছেন কি?” (West Bengal Assembly Elections 2026)

কোনও রকম ইতস্ত না করেই জবাব দেন দিলীপ। বলেন, “আমি দৌড়াদৌড়ি করি। কিন্তু কোনও দৌড়ে থাকি না। গতবার যেহেতু আমি প্রেসিডেন্ট ছিলাম, আপনারা আমাকে টিভিতে দেখাতেন। লোক ভেবেছিলেন জিতলে এ-ই হবে। এটা পুরোপুরি দল এবং বিধায়কদের হাতে, আমার হাতে নয়। এবার বিজেপি জিতবে, নিশ্চিত জিতবে। যাঁর নাম কেউ জানে না, তিনিও মুখ্যমন্ত্রী হতে পারেন। তাতেও সুশাসন দেবে বিজেপি, যেমনটা গোটা দেশে দিয়ে আসছে।”

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি-র জয় নিয়ে আত্মবিশ্বাসী দিলীপ। তাঁর বক্তব্য, “পরিবর্তন হবে। বিজেপি-র সরকার হবে নিশ্চিত।” সময়ের অপেক্ষা শুধু। ক্ষমতাসীনরা কেমন চিৎকার, চেঁচামেচি করছেন, গালি দিচ্ছেন ফালতু বকছেন, দেখছেন না! তাতেই বোঝা যাচ্ছে।” 

ভোটের প্রচারে চকোলেট বিলি করতেও দেখা গিয়েছে দিলীপকে। তিনি জানান, ছোটদের মধ্যে চকোলেট বিলি করছেন তিনি। ভবিষ্যতের ভোটার তৈরি করছেন। তাই সার-খোল দিচ্ছেন এখন থেকে। এবারের ভোটই দিলীপের রাজনৈতিক কেরিয়ার ঠিক করবে বলে মনে করছেন অনেকে। দিলীপ জানিয়েছেন, তিনি ছোট দলের নেতা ছিলেন। এখন দল বড় হয়েছে। দল তাঁকে যে কাজ দিয়েছে, তিনি তা-ই করছেন। বিজেপি-র তরফে এখনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করা হয়নি পশ্চিমবঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সামনে রেখেই চলছে প্রচার।