Suvendu Adhikari: 'অভয়া যেন বিচার পায়, আর...' মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু, এদিন ছেলের কাছে কী কী চাইলেন তাঁর মা?
'ডাবল' আসনে ছেলের জয় থেকে মুখ্যমন্ত্রী পদে- খুশি শুভেন্দু অধিকারীর মা? কী চাইছেন ছেলের থেকে?

বিটন চক্রবর্তী, কাঁথি: স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে (West Bengal) প্রথম বিজেপি সরকারের (BJP Govt) শপথ। গেরুয়া পোশাকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। পশ্চিমবঙ্গের মসনদে বসলেন কাঁথির 'শান্তিকুঞ্জে'র মেজ ছেলে। সেই কবে থেকে নিজের চোখে দেখে এসেছেন ছেলের লড়াই। তৃণমূলের হয়ে নন্দীগ্রাম লড়াই থেকে বিজেপিতে যোগ দিয়ে কুর্সি দখলের লড়াই। কেমন ছিল সেসব দিন? মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর থেকে হারিয়ে আজ ছেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামেও গড় রক্ষা করেছেন। 'ডাবল' আসনে ছেলের জয় থেকে মুখ্যমন্ত্রী পদে- খুশি শুভেন্দু অধিকারীর মা? কী চাইছেন ছেলের থেকে?
এবিপি আনন্দে প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গায়ত্রী অধিকারীর কথায়, 'আমি খুব আনন্দিত। তবে আমার থেকেও এই বাংলার বেশি লোক আনন্দিত। গত ৫ বছর ধরে অনেক লড়াই করেছে। মৃত্যুর হাত থেকে ফিরে এসেছিল।'
নন্দীগ্রাম আন্দোলন
শুভেন্দু অধিকারীর মায়ের কথায়, 'নন্দীগ্রাম আন্দোলনের সময় ও খুব টেনশনে থাকত না। কিন্তু ওঁকে নিয়ে আমরা টেনশনে থাকতাম। কী হবে কী হবে ভাবতাম।'
শুভেন্দু কি খুব রাগী?
মায়ের কথায়, 'না একদম রাগী নয়। একদমই রা কাটে না মুখে। কেউ অন্যায় করলে নিজের ভাইদেরই বলে। দিব্যেন্দু আর সৌমেন্দুকে বলে। ওদের বকাবকি বলে। বড় ভাই রাজনীততে থাকে না। ও কিছু বলেও না। ভাইয়ের দরকারে সবসময়ই ছুটে যায়।
মা হিসেবে কী কী কাজ করতে বলবেন ছেলেকে?
গায়ত্রী দেবী বলেন, 'অভয়ার মৃত্যুর বিষয়টা দেখতে বলব। সকলের জন্য যেন লড়াই চালিয়ে যায়। বেকারত্ব আছে, সেটা দেখতে বলব, মহিলাদের সুরক্ষা যেন থাকে সেটাও দেখতে বলব। গরীব মানুষের বাড়ি ঘর যেন সকলে পায় সেগুলোও দেখতে বলব।'
আরও পড়ুন, 'আরও আগে আমাদের পালিয়ে আসা উচিত ছিল'...শুভেন্দুর শপথগ্রহণের পরই বললেন বাবা শিশির অধিকারী
২০২১-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেও, রাজ্যে ক্ষমতায় আসতে পারেনি বিজেপি। তবে ৭৭ আসনে জিতে বিরোধী দলের জায়গা করে নেয় বিজেপি...আর বিরোধী দলনেতা হন শুভেন্দু অধিকারী...
অনেক বিধায়কই তৃণমূলের ছত্রছায়ায় চলে যান। ৭৭ থেকে আরও কমতে থাকে বিজেপির বিধায়ক সংখ্যা। কিন্তু বাকিদের নিয়েই তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান শুভেন্দু অধিকারী।যার স্বীকৃতি হিসেবে এবারের বিধানসভায় তাঁকে নন্দীগ্রামের পাশাপাশি, ভবানীপুরেও প্রার্থী করে বিজেপি। প্রতিদ্বন্দ্বী সেই মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১-এর পর '২৬... জয় ছিনিয়ে নিলেন শুভেন্দু অধিকারী।
শুধু তাই নয়, যাদের কৃতিত্বে পশ্চিমবঙ্গে ডবল সেঞ্চুরি হাকাল নরেন্দ্র মোদি, অমিত শাহর দল, তার অন্যতম কাণ্ডারি অবশ্যই শুভেন্দু অধিকারী। তাই তিনিই যে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হবেন, সেই জল্পনা চলছিলই...আর শেষমেশ হলও তাই। শুক্রবারই অমিত শাহর উপস্থিতিতে পরিষদীয় দলনেতা হিসেবে শুভেন্দুকে বেছে নেন জয়ী বিজেপি বিধায়করা।





















