Suvendu Adhikary: 'প্রচুর বামপন্থী সমর্থক আমায় বলছেন, আপনাকে...' ভবানীপুরে দাঁড়িয়ে কী বললেন শুভেন্দু
West Bengal Assembly Election 2026: 'প্রচুর বামপন্থী সমর্থক, তাঁরাও আমাকে বলছেন, আপনাকে দেখব, টেস্ট করব। বলছেন, আমরা তো এমএলএ-কে দেখতে পাই না। আপনি কী করেন সেটা দেখব।'

ভবানীপুর, কলকাতা : অমিত শাহ-কে সঙ্গে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করে ভবানীপুরে মনোনয়ন জমা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মনোনয়ন জমা দিয়ে প্রণাম করেছিলেন অমিত শাহক। শুভেন্দুকে শাহ বলেছিলেন 'জিত কে আনা'। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সেই ভবানীপুরেই প্রচারও করলেন শুভেন্দু অধিকারী। এই বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভবানীপুরে প্রচারের পর শুভেন্দু অধিকারী বলছেন, 'ভাল রেসপন্স পাচ্ছি। আমি ১০০০ জনের সঙ্গে মিট করলে ২ জন... আমায় না তো করছেন না... প্রশ্নের মাধ্যমে বুঝতে পারছি, ৯৯৮ জন বলছেন বেঙ্গল নিডস চেঞ্জ। ১৫ বছর এনাফ, কারণ ওরা তো বিজেপি দেখেনি। বাঙালি তৈরি করা পার্টি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। মোদিজির উপর সকলের কনফিডেন্স রয়েছে। এমনকী প্রচুর বামপন্থী সমর্থক, তাঁরাও আমাকে বলছেন, আপনাকে দেখব, টেস্ট করব। বলছেন, আমরা তো এমএলএ-কে দেখতে পাই না। আপনি কী করেন সেটা দেখব। আমি ভোট চুরি করতে দেব না। আপনারা আমাকে নন্দীগ্রামে দেখেছেন। লালগড়ে দেখেছেন। বিধানসভার ভিতরে দেখেছেন। অপোজিশন লিডার কাকে বলে, কিছুটা হলেও করার চেষ্টা করেছি। গণতন্ত্রে অপোজিশন খুবই প্রয়োজনীয়। আমি ভোট চুরি করতে দেব না। বাকিটা ভবানীপুরের গণদেবতা ঠিক করবেন।'
আসন্ন বিধানসভা নির্বাচনে ২ কেন্দ্র থেকে লড়বেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে তাঁর প্রতিপক্ষ তৃণমূলের পবিত্র কর। আর ভবানীপুরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন তিনি। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই নজরে ভবানীপুর বিধানসভা কেন্দ্র। একে তো ২ হাই ভোল্টেজ প্রার্থী, তার সঙ্গে নতুন করে প্রকাশ্যে এসেছে 'নন্দীগ্রামের লোডশেডিং ত্বত্ত্ব'। এই প্রসঙ্গে ইতিমধ্যেই দলীয় কর্মীদের সতর্ক থাকার সাবধানবাণী দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কর্মী-সমর্থকরাও বলছেন, ২০২১ সালের নন্দীগ্রামের লোডশেডিংয়ের মতো কোনও কিছুই এভাবে ভবানীপুরে করতে দেওয়া হবে না। সতর্ক রয়েছেন তাঁরা।
অন্যদিকে, বিভিন্ন সভা এবং ভোট-প্রচারে শুভেন্দু অধিকারীর মন্তব্যে স্পষ্ট যে ভবানীপুরে জেতার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী তিনি। আবার আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে সভা করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেছেন, 'এটা পরিবর্তনের ঝড়। এটা তৃণমূলের নির্মম সরকারের যাওয়ার বার্তা। মেদিনীপুরের নন্দীগ্রাম ৫ বছর আগে পরিবর্তনের রাস্তা দেখিয়েছিল। এবার পুরো পশ্চিমবঙ্গ সেই পরিবর্তনের রাস্তায় হাঁটছে। ৫ বছর আগে যে চমৎকার নন্দীগ্রাম করেছিল, এবার সেই এক হাল ভবানীপুরেও হতে চলেছে, পুরো বাংলায় হতে চলেছে।' পাল্টা জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। পলতার সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, 'চুরি করে জিতেছিল আগের বার। বলছে ভবানীপুরেও জিতব। বলি ঘেঁচু জিতবে।'
সেরা শিরোনাম




















