West Bengal Assembly Election 2026: রুদ্রনীলের প্রচারে 'জয় বাংলা' স্লোগান ! তৃণমূলকর্মীর সঙ্গে 'কোলাকুলি' শিবপুরের বিজেপি প্রার্থীর
Rudranil Ghosh: হাওড়ার ৯ নম্বর ওয়ার্ডে ডব্লিউ রোডে প্রচার করছিলেন রুদ্রনীল ঘোষ। আচমকাই বিজেপি প্রার্থীকে দেখে 'জয় বাংলা' স্লোগান দিতে থাকেন এক তৃণমূল কর্মী।

হাওড়া : বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের প্রচারে 'জয় বাংলা' স্লোগান তৃণমূল কর্মীর। ওই তৃণমূল কর্মীকে একপ্রকার জড়িয়ে ধরে কোলাকুলি করেন রুদ্রনীল। প্রকাশ্যে এসেছে সেই ভিডিও। হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্র থেকে এবারের নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন রুদ্রনীল ঘোষ। হাওড়ার ৯ নম্বর ওয়ার্ডে ডব্লিউ রোডে প্রচার করছিলেন তিনি। আচমকাই বিজেপি প্রার্থীকে দেখে 'জয় বাংলা' স্লোগান দিতে থাকেন এক তৃণমূল কর্মী।
শিবপুরে প্রার্থী হয়ে রুদ্রনীল বলেছিলেন, 'ঘরের ছেলের ঘরে ফেরা, এর থেকে আনন্দের আর কিছু হয় না'
এর আগে ভবানীপুর থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন রুদ্রনীল ঘোষ। এবার বিধানসভা নির্বাচনে দাঁড়াচ্ছেন শিবপুর থেকে। এই অঞ্চলের ভূমিপুত্র রুদ্রনীল। আর তাই শিবপুর থেকে প্রার্থী বেশ আপ্লুত তিনি। শিবপুর থেকে প্রার্থী হচ্ছেন জানার পরেই দলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছিলেন তিনি। রুদ্রনীল বলেছিলেন, 'ঘরের ছেলে ঘরে যদি ফিরে যায়, এর থেকে আনন্দের তো কিছু হয় না। এটা বোধহয় কোনও একটা জায়গায় বাড়তি আরেকটা অক্সিজেন সিলিন্ডার আমার কাছে। এবার যাঁদের সঙ্গে দেখা হবে তাঁরা কেউ আমার ভোটার নন। তাঁরা প্রত্যেকেই কেউ আমার কাকু, কেউ আমার জেঠু, কেউ আমার পিসি, কেউ আমার মাসি, কেউ আমার বন্ধু। ফলে যেখানে বেড়ে ওঠা, যেখানে খেলাধুলো করা, যেখানে কলেজে পড়াশোনা করা, যেখানে ছাত্র রাজনীতি শেখা, যেখানে থিয়েটার শেখা - সেই মাটিতেই ফিরে যাওয়া, এটা একটা বাড়তি অক্সিজেন তো দিচ্ছেই।'
জেতার ব্যাপারেও আশাবাদী শিবপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল
রুদ্রনীল নিজে এখনও শিবপুরেরই ভোটার। এই প্রসঙ্গেও বিজেপি প্রার্থী বলেছিলেন, 'আমি যেখানকার ভোটার, আজ অবধি আমি আমার ভোটার কার্ড হাওড়া শিবপুর কেন্দ্র থেকে পাল্টাইনি। ফলে যে টান ওই মাটিতে ছিল সেখানে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়ার জন্য রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ।' শিবপুর কেন্দ্র থেকে জয়ী হওয়ার ব্যাপারেও যথেষ্ট আশাবাদী বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার দিনই রুদ্রনীল বলেছিলেন, 'শিবপুরের ছেলে শিবপুরে। অবশ্যই জিতব। অনেক বেশি মাত্রায় আশাবাদী।'
পশ্চিমবঙ্গে এবার বিধানসভা নির্বাচন ২ দফায়, হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন
২৩ এপ্রিল প্রথম দফার ভোট। ১৫২ আসনে ভোট গ্রহণ হবে সেদিন। ২৯ এপ্রিল দ্বিতীয় দিফার ভোট। ১৪২ আসনে ভোট গ্রহণ হবে সেদিন। আর ভোট গণনা আগামী ৪ মে।
সেরা শিরোনাম




















