Bengal Election 2026 : SIR-এ মতুয়াদের একটা বড় অংশের নাম বাদ ! ধাক্কা খেতে পারে বিজেপি ? মমতা বললেন...
SIR News: মতুয়া অধ্য়ুষিত উত্তর ২৪ পরগনায় বাদ পড়েছে ৩ লক্ষের বেশি নাম। আর নদিয়ায় ২ লক্ষের বেশি নাম বাদ গেছে।

শিবাশিস মৌলিক, সৌরভ বন্দ্যোপাধ্যায়, কলকাতা : মতুয়াদের একটা বড় অংশ দীর্ঘদিন ধরে বিজেপির ভোটব্যাঙ্ক। SIR-এ তাদেরই অনেকের নাম অবৈধ হিসেবে চিহ্নিত হয়েছে। মতুয়া অধ্য়ুষিত উত্তর ২৪ পরগনায় বাদ পড়েছে ৩ লক্ষের বেশি নাম। আর নদিয়ায় ২ লক্ষের বেশি নাম বাদ গেছে। যা হাতিয়ার করে ভোটের মুখে সুর চড়াচ্ছে তৃণমূল।
'SIR' তরজা চলছিলই। এবার কোন সম্প্রদায়ের কত নাম বাদ গেল তা নিয়েও শুরু হয়েছে চাপানউতোর। সংখ্য়ালঘুদের পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের একটা অংশের নামও SIR-এ বাদ পড়েছে। আর যেহেতু মতুয়াদের বড় অংশ দীর্ঘদিন ধরেই বিজেপির ভোটব্য়াঙ্ক, তাই মতুয়াদের নাম বাদ পড়াকে ইস্য়ু করছে তৃণমূল।
বিচারাধীন ৬০ লক্ষের মধ্যে উত্তর ২৪ পরগনায় বাদ গেছে ৩ লক্ষ ২৫ হাজার ৬৬৬ জনের নাম। আর নদিয়ায় ২ লক্ষ ৮ হাজার ৬২৬ জনের নাম অবৈধ হিসেবে চিহ্নিত হয়েছে। এই দুটি জেলাতেই মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ বাস করেন। মতুয়া অধ্য়ুষিত উত্তর ২৪ পরগনার বনগাঁ লোকসভা কেন্দ্র বিজেপির দখলে। আবার মতুয়া অধ্য়ুষিত রানাঘাট লোকসভা কেন্দ্রেও বিজেপির দাপট। এখন এই দুটি জেলাতেই বহু নাম বাদ চলে যাওয়ার প্রসঙ্গ টেনে বিজেপিকে আক্রমণ করছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব!
বলাগড়ের সভা থেকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছেন, "এই নাম বাদ দেওয়ার খেলায়, NRC করার ছক্কা চলছে। ওই ছক্কাকে অক্কা করে দেব। কেন বাদ দিয়েছেন মতুয়াদের নাম? ওরা তফশিলি। দু'মুখো কেউটে সাপ, দু'মুখো গোখরো সাপ, ভয়ঙ্কর ছোবল। ওই কেউটে সাপকে ঘরে ঢুকতে দেবেন না। গোখরো সাপকে ঘরে ঢুকতে দেবেন না। এক ছোবলেই শেষ হয়ে যাবেন।"
এখন প্রশ্ন হচ্ছে CAA করে যে মতুয়াদের নিজেদের দিকে টেনেছিল বিজেপি, এখন SIR-এ সেই মতুয়াদের একটা বড় অংশের নাম বাদ যাওয়ায় কি ধাক্কা খেতে পারে বিজেপি ? শুভেন্দু অধিকারী বলেন, "যাঁরা ২০০২-এর পর এসেছেন, CAA-এর অধীনে তাঁদের নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে। মোদিজি আছেন চিন্তার কোনও বিষয় নেই। ২০০২ পর্যন্ত যত মতুয়া এসেছেন, সবার নাম ভোটার লিস্টে আছে। ১ কোটি মতুয়া এলে, ৯৫ লাখের নাম আছে।"
SIR-এ মতুয়াদের নাম বাদ যাওয়া নিয়ে এর আগেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেছিলেন মতুয়া ঠাকুর বাড়ির সদস্য় ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি বলেছিলেন, "৫০ লক্ষ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে এক লাখ যদি আমাদের সমাজের মানুষকে যদি একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়া থেকে বিরত থাকতে হয় তাহলে কোনটা লাভ?"
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, "যাদের নাম কাটা গেছে, অবৈধভাবে বিজেপি কেটেছে, ২৭ লক্ষ নাম, আন্ডার অ্যাডজুডিকেশনের নাম করে অবৈধ ভাবে বাদ দিয়েছে, তার মধ্যে ১০ লক্ষের বেশি নাম হিন্দু বাঙালির।"
মতুয়া মহাসঙ্ঘের একাংশের দাবি, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজ্যের ১০২টি বিধানসভা আসনে মতুয়াদের প্রভাব রয়েছে। যার মধ্যে সরাসরি ৩০টি আসনে ফ্য়াক্টর তারা।






















