Anujoy Chattopadhyay: হঠাৎ বিয়ের ঘোষণা, নতুন জীবনে পা রাখলেন অনুজয়! পাত্রী কে?
Anujoy Chattopadhyay News: অনুজয় ইতিমধ্যেই টলিউডে নিজের জায়গা তৈরি করে ফেলেছেন। ওয়েব সিরিজের পর্দা থেকে শুরু করে বড়পর্দা, সব জায়গাতেই অনুজয় নিজের স্বাক্ষর রেখেছেন

কলকাতা: ব্যক্তিগত জীবন সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় একেবারেই খোলামেলা নন তিনি। কেবলমাত্র কাজের বিষয়টাই তিনি অনুরাগীদের কাছে তুলে ধরতে ভালবাসেন। তবে শনিবার, অনেকটা রাতে সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের খবর শেয়ার করে নিয়েছেন তিনি। দেবারতি চক্রবর্তী (Deboroti Chakraborty) তাঁর দীর্ঘদিনের প্রেমিকা। তাঁর সঙ্গেই সাত পাকে বাঁধা পড়লেন অভিনেতা অনুজয় চট্টোপাধ্যায় (Anujoy Chattopadhyay)। সোশ্যাল মিডিয়ায় স্ত্রীয়ের সঙ্গে একটি মিষ্টি ছবি শেয়ার করে নিয়েছেন অনুজয়।
সে ছবি অবশ্য বিয়ের ছবি নয়, ২ জনেই রয়েছেন সাদামাটা পোশাকে। বিয়ের সন্ধের ছবি এখনও তাঁর কাছে আসেনি। সেই বিষয়টা অবশ্য ক্যাপশানেই জানিয়েছেন অনুজয়। যে ছবি শেয়ার করেছেন অনুজয়, সেখানে তিনি একটি অফ হোয়াইট পাঞ্জাবি পরে রয়েছেন। তার দেবারতি পরে রয়েছেন একটি হলুদ শাড়ি, মাথায় গোঁজা গোলাপি ফুল। অনুজয়ের চোখে রোদচশমা। অনুজয় আর দেবারতি, ২জনেই একে অপরের দিকে তাকিয়ে হাসছেন। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে নিয়ে অনুজয় লিখেছেন, 'সন্ধের ছবি এখনও পাইনি, তাই সকালের ছবি দিয়েই বলে যাই। আমি আর দেবারতি, একটু বিয়ে করলাম।'
অনুজয় ইতিমধ্যেই টলিউডে নিজের জায়গা তৈরি করে ফেলেছেন। ওয়েব সিরিজের পর্দা থেকে শুরু করে বড়পর্দা, সব জায়গাতেই অনুজয় নিজের স্বাক্ষর রেখেছেন। তাঁকে সদ্য ওয়েব দুনিয়ায় দেখা গিয়েছে 'কালরাত্রি ২' ওয়েব সিরিজে। এই সিরিজের মুখ্যভূমিকায় দেখা গিয়েছে সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)-কে। এর পরে, 'নিকষছায়া ২'-তেও দেখা গিয়েছে অনুজয়কে। আর, সেই ওয়েব সিরিজেরই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনুজয়। পাশাপাশি, চন্দ্রাশিস রায়ের পরিচালনায় 'বিজয়নগরের হীরে'। 'কাকাবাবু' ফ্র্যাঞ্চাইজির এই নতুন ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা গিয়েছিল অনুজয়কে।
অনুজয়ের উত্থান থিয়েটারের মঞ্চ থেকে। এখনও থিয়েটারের সঙ্গে যুক্ত তিনি, নিয়মিত অভিনয় ও করেন। আর দেবারতি ও নাটকের মঞ্চের সঙ্গে যুক্ত। নাটকের মঞ্চের সূত্র ধরেই আলাপ, সেখান থেকেই তাঁদের প্রেম শুরু। তবে ব্যক্তিগত সম্পর্ককে সবসময়েই আড়ালে রাখতে চেয়েছেন অনুজয়। তবে সোশ্যাল মিডিয়ায় নতুন জীবনের খবর শেয়ার করে নিতে অবশ্য পিছপা হননি অভিনেতা। খুবই ছিমছাম ঘরোয়া আয়োজনেই বিয়ে সেরেছেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় বিয়ের খবর শেয়ার করার পর থেকেই বন্ধুবান্ধব থেকে শুরু করে অনুরাগীরা, প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন অনুজয়কে।























