Aparajita Ghosh: 'চিরসখা' বন্ধ হওয়ার পরেই নতুন ভূমিকায় অপরাজিতা! অভিনয় নয়, এবার ছোটপর্দায় কোন চমক আনছেন?
Aparajita Ghosh Das News: অপরাজিতা ঘোষকে নিয়ে অনুষ্ঠানের প্রোমো শুটিং হয়ে গিয়েছে। তাড়াতাড়িই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হবে অডিশন, যেখানে রাজ্যের নানা প্রান্তের শিশুরা অংশ নেওয়ার সুযোগ পাবে

কলকাতা: বড়পর্দায় বারে বারে, বিভিন্ন চরিত্রে নজর কেড়েছেন তিনি। সম্প্রতি একেবারে অন্য ধারার ছবি, 'নধরের ভেলা'-তে দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে তাঁর নির্বাক অভিনয়। পাশাপাশি, ছোটপর্দার ধারাবাহিক 'চিরসখা'-তেও মুখ্য চরিত্রে দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে এবার, একেবারেই নতুন চরিত্র, নতুন গল্প নিয়ে ছোটপর্দায় ফের আসতে চলেছেন তিনি। জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা ঘোষ (Aparajita Ghosh Das)। তবে এবার, অভিনয় নয়, সঞ্চালনা করবেন তিনি। সান বাংলায় আসছে ছোটদের নিয়ে নতুন একটি শো। ‘ছানাগিরি’। এই শোয়েরই সঞ্চালনা করবেন অপরাজিতা।
ঠিক কেমন হবে, নতুন এই শো?
প্রত্যেক বাবা মায়েরাই চান, তাঁদের সন্তান জীবনে সফল হোক। তবে জীবনের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা শুধু বইয়ের পাতা বা শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। 'ছানাগিরি' শিশুদের পাঠ্যবইয়ের বাইরে, এক নতুন জগতে নিয়ে যাবে, যেখানে খেলতে খেলতেই তারা শিখবে, নিজেদের মেলে ধরবে এবং নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করবে। অনুষ্ঠানের মূল মন্ত্র, "খেলব, শিখব, জিতব'। এই শো-এর আরও একটি আকর্ষণের বিষয় হল, এই যাত্রায় শুধু শিশুরাই নয়, তাদের মায়েরাও বিশেষভাবে অংশ নেওয়ার সুযোগ পাবেন। তবে সেটা কীভাবে? সেই উত্তর মিলবে নতুন শো শুরু হলেই।
খেলায় অংশ নিতে পারবেন আপনিও!
সম্প্রতি অপরাজিতা ঘোষকে নিয়ে অনুষ্ঠানের প্রোমো শুটিং হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়িই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হবে অডিশন, যেখানে রাজ্যের নানা প্রান্তের শিশুরা অংশ নেওয়ার সুযোগ পাবে। ‘লাখ টাকার লক্ষ্মী লাভ’ ইতিমধ্যেই সান বাংলার একটা যথেষ্ট জনপ্রিয় শো। মহিলাদের স্বপ্নপূরণের লক্ষ নিয়েই শুরু হয়েছিল এই শো। সময়ের সঙ্গে সঙ্গে এই শো যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। আর এবার খুদেদের জন্য সান বাংলায় আসছে এই শো, 'ছানাগিরি'। নির্মাতাদের আশা, এই শো -ও দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠবে। কীভাবে এই শো-তে অংশ নিতে পারবেন দর্শকেরা, তা পরবর্তীতে ধীরে ধীরে জানানো হবে।
এর আগে, 'চিরসখা' ধারাবাহিকের মুখ্যচরিত্রে অভিনয় করছিলেন অপরাজিতা। তবে রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়ের মৃত্যুর পরে, বয়কট করা হয় লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থাকে। এই প্রযোজনা সংস্থাই চালাত, ধারাবাহিক 'চিরসখা'। সেই ধারাবাহিকও বন্ধ হয়ে যায়।





















