Mardaani 3: দিল্লিতে নিখোঁজ মেয়েদের সংখ্যা বেড়ে যাওয়ার খবর ছড়ানো আসলে 'মর্দানি ৩'-র প্রচার? কী বিবৃতি দিল যশরাজ ফিল্মস?
Delhi Police News: বৃহস্পতিবার পুলিশের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, দিল্লিতে নিখোঁজ মেয়েদের সংখ্যা বাড়ার খবর সংক্রান্ত খবর স্পনসর্ড পোস্ট হিসেবে ছড়ানো হচ্ছে

কলকাতা: সদ্য মুক্তি পেয়েছে রানি মুখোপাধ্যায় (Rani Mukherji) অভিনীত ছবি 'মর্দানি ৩' (Mardaani 3), বক্সঅফিসে ছাপ ফেলার মতোই ব্যবসা করেছে এই সিনেমা। কিন্তু সম্প্রতি এই ছবির একটি প্রচারকে ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ উঠেছে, দিল্লিতে নিখোঁজ মেয়েদের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, এই মর্মে সোশ্যাল মিডিয়ায় একটি খবর ছড়ানো হয়েছিল। দিল্লি পুলিশের তরফ থেকে, এই খবর সম্পূর্ণ ভ্রান্ত ও বিভ্রান্তিকর বলা হয়েছে। দিল্লি পুলিশের আরও দাবি, এই খবর মূলত পেইড প্রোমোশন বা টাকা দিয়ে চালানো প্রচারের ফল, যে খবর অযথা আতঙ্ক সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার পুলিশের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, দিল্লিতে নিখোঁজ মেয়েদের সংখ্যা বাড়ার খবর সংক্রান্ত খবর স্পনসর্ড পোস্ট হিসেবে ছড়ানো হচ্ছে। পুলিশের বক্তব্য, আর্থিক লাভের জন্য মানুষের মধ্যে ভয় তৈরি করা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। এই ধরনের কাজের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে প্রয়োজনে। এই খবর ছড়িয়ে পড়ার পরে, যশরাজ ফিল্মসের তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এই ধরণের বিভ্রান্তিকর অনৈতিক পোস্টের সঙ্গে যশরাজ ফিল্মস এই ধরণের পোস্টের সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়।
ANI সূত্রে খবর, যশরাজ ফিল্মসের তরফ থেকে বলা হয়েছে, ' এই সংস্থা একটি ৫০ বছরের পুরনো সংস্থা, যা অত্যন্ত নৈতিকতা এবং স্বচ্ছতার মূল নীতিগুলির উপর প্রতিষ্ঠিত। আমরা সোশ্যাল মিডিয়ায় প্রচারিত যাবতীয় অভিযোগগুলি একেবারেই অস্বীকার করছি। 'মর্দানি ৩'-এর প্রচারের সঙ্গে ইচ্ছাকৃতভাবে এই সংবেদনশীল বিষয়টাকে জড়িয়ে দেওয়া হয়েছে এবং বিষয়টিকে অতিরঞ্জিত করা হয়েছে। তবে আমাদের অগাধ বিশ্বাস রয়েছে যে, ধীরে ধীরে সত্যিটা সামনে আসবে।'
আজ সকালেই, কিছু সংবাদমাধ্যম দিল্লি পুলিশের তথ্য নিয়ে জানিয়েছিল, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারির মধ্যে মোট ৮০৭ জন নিখোঁজ হয়েছেন, গড়ে দিনে প্রায় ৫৪ জন। এই তালিকায় ৫০৯ জন মহিলা ও কন্যাসন্তান এবং ২৯৮ জন পুরুষ রয়েছেন বলে দাবি করা হয়েছিল। সেখানে আরও বলা হয়েছিল, নিখোঁজদের মধ্যে ১৯১ জন নাবালক (Minors) এবং ৬১৬ জন প্রাপ্তবয়স্ক (Adults)। এরপরে আজ দিল্লি পুলিশের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, 'দিল্লিতে নিখোঁজ ব্যক্তি, বিশেষ করে শিশুদের নিয়ে ভয় বা আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই। অতীতের তুলনায়, দিল্লিতে নিখোঁজ ব্যক্তি রিপোর্টিংয়ে কোনোভাবেই বৃদ্ধি হয়নি। জানুয়ারি ২০২৬-এ, গত বছরের একই সময়ের তুলনায়, নিখোঁজ ব্যক্তির খবরও কমেছে। এটাও উল্লেখ করার মতো যে দিল্লি পুলিশ অপরাধের ন্যায্য এবং স্বচ্ছ রিপোর্টিং করে।'























