Dev-Subhasree: দেব-শুভশ্রী জুটির নতুন সিনেমার পরিচালনায় রাজ চক্রবর্তী? কী বলছেন নায়ক?
Dev on Raj Chakraborty: সদ্য, নিজের 'প্রজাপতি ২'-এর স্পেশাল স্ক্রিনিংয়ে এসে, 'দেশু' জুটি নিয়ে মুখ খোলেন দেব।

কলকাতা: দেব (Dev) ইতিমধ্যেই কার্যত বছরের সবচেয়ে বড় চমকটি দিয়ে দিয়েছেন। চলতি বছরেই ফিরতে চলেছে, দেব-শুভশ্রী জুটি! দেবের সঙ্গে শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) শেষ সিনেমা করেছেন ১০ বছরেরও বেশি আগে। 'দেশু' জুটির করা শেষ সিনেমা 'ধূমকেতু' মুক্তি পেয়েছে ২০২৫ সালে। সিনেমা শ্যুটিং হয়ে যাওয়ার ১০ বছর পরে। কিন্তু অনেকেই মনে করেছিলেন, এটাই বোধহয় দেব আর শুভশ্রীর কেরিয়ারের জুটি হিসেবে শেষ ছবি। তার কারণ অবশ্যই তাঁদের ব্যক্তিগত সমীকরণ।
কে না জানে, দেব আর শুভশ্রী একটা সময়ে সম্পর্কে ছিলেন। তাঁদের প্রেমের কথা জানত গোটা বাংলা। কিন্তু সেই সম্পর্ক পরিণতি পায়নি। এরপরে কেটে গিয়েছে অনেকটা সময়। ২ জনেই নিজের নিজের মতো করে এখন জীবন গুছিয়ে নিয়েছেন। পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেছেন শুভশ্রী। তাঁদের ২ সন্তান রয়েছে। অন্যদিকে, দেব ও দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন রুক্মিণী মৈত্রর সঙ্গে। 'ধূমকেতু' করার পরে, কার্যত আর এক ফ্রেমে দেখা যায়নি দেব আর শুভশ্রীকে। তবে 'ধূমকেতু'-র ট্রেলার লঞ্চে ফের তাঁদের এক ফ্রেমে দেখে আবেগের বিস্ফোরণ ঘটেছিল অনুরাগীদের মধ্যে। আর সেই ভালবাসাকে মাথায় রেখেই ফের দেব-শুভশ্রী জুটিকে ফিরিয়ে আনার পরিকল্পনা।
সদ্য, নিজের 'প্রজাপতি ২'-এর স্পেশাল স্ক্রিনিংয়ে এসে, 'দেশু' জুটি নিয়ে মুখ খোলেন দেব। তিনি বলেন, 'দেশু'-কে মানুষ ভালবাসেন। এখনও পর্যন্ত আমি আর শুভশ্রী ৬টা ছবিতে একসঙ্গে কাজ করেছি। আমাদের ৭ নম্বর ছবি যেটা আসবে, সেটা আগের ৬টা ছবিকেও ছাপিয়ে যাবে। সেই সমস্ত কিছু মাথায় রেখেই পরিকল্পনা করা হচ্ছে চিত্রনাট্যের। যেহেতু এখনও ছবির প্রযোজনার দায়িত্ব শুধুমাত্র দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের হাতেই রয়েছে, তাই আমার দায়িত্বটা অনেক বেশি। এখনও পর্যন্ত আমরা পরিচালক বা অন্যান্য কাস্টিং নিয়ে, ছবির বিষয়বস্তু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি। সব ঠিক হলে, একটা সাংবাদিক সম্মেলন করে আমরা গোটা বিষয়টা সামনে আনব।'
এর আগে, 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবির প্রিমিয়ারে, রাজ চক্রবর্তীকে প্রশ্ন করা হয়েছিল, তিনি দেব আর শুভশ্রী জুটির আগামী ছবি পরিচালনা করছেন কি না। রাজ সেই প্রশ্ন এড়িয়ে যান। এদিন এই বিষয়ে দেব বলেন, 'দেশু জুটি নিয়ে প্রশ্ন করতে হলে আমায় বা শুভশ্রীকে করুন। অন্য পরিচালক বা অন্য অভিনেতাদের কেন? এই বিষয়টা নিয়ে আমি বা শুভশ্রী ছাড়া আর কেউই কথা বলতে পারব না।' দেব শুভশ্রী জুটি তৈরি হয়েছিল রাজ চক্রবর্তী (Raj Chakraborty)-র হাত ধরেই। তাঁদের সপ্তম ছবি কি পরিচালনা করবেন রাজ? দেব বললেন, 'রাজ এই সময়ের অন্যতম ভাল একজন পরিচালক। ভীষণ বুদ্ধিমত্তা দিয়ে, খুব ভাল কাজ করেন। ওকে সবসময়ের জন্য শুভেচ্ছা। তবে আমরা এখনও পরিচালক চূড়ান্ত করতে পারিনি। কথাবার্তা চলছে, দেখা যাক।'






















