Dev on Dhumketu: 'ধূমকেতু'-জ্বরে কাবু বাঙালি, পরিস্থিতি বুঝে বিশেষ আর্জি জানালেন স্বয়ং দেব!
Dhumketu Release: দুপুরবেলা সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ ভিডিও করে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, দেব, রানা সরকার, কৌশিক গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, অনুপম রায় ও ইন্দ্রদীপ দাশগুপ্ত

কলকাতা: গুণে গুণে যেন এই দিনটার অপেক্ষাই করছিলেন সবাই। দীর্ঘ ১০ বছর অপেক্ষার পরে প্রেক্ষাগৃহে চলছে 'ধূমকেতু' (Dhumketu)। এই দিনটার অপেক্ষাই যেন করছিলেন দেব (Dev) আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly)-র অনুরাগীরা। রাত ২টো থেকে শুরু হয়েছে শো.. আর তারপরে একের পর এক শো আর দর্শকদের উপচে পড়া ভালবাসা। বিভিন্ন হলে হলে কার্যত উৎসব হয়েছে দেব শুভশ্রীর ছবি নিয়ে। দর্শকদের উন্মাদনা যেন ছুঁয়ে গিয়েছে ছবির তারকা থেকে শুরু করে পরিচালক, প্রযোজকদেরও। আর তার মধ্যেই, সোশ্যাল মিডিয়ায় বিশেষ আর্জি জানালেন অভিনেতা, প্রযোজক দেব।
কী অনুরোধ দেবের? বর্তমানে, সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকের হাতেই মোবাইল ফোন। অনেকেই শো দেখার সময় মোবাইলে ভিডিও রেকর্ড করেন, তারপরে সোশ্যাল মিডিয়ায় তা আপলোড করে দেন। অনেকেই আবার রিভিউ লিখতে গিয়ে লিখে ফেলেন সিনেমার সমস্ত সাসপেন্স। সিনেমার মধ্যে যা যা চমক আছে, সোশ্যাল মিডিয়ায় লিখে ফেলেন অনেকেই। এখানেই আপত্তি জানিয়েছেন দেব। তাঁর অনুরোধ, সোশ্যাল মিডিয়ায় যেন রিভিউ লিখতে গিয়ে কেউ ছবির চমকগুলো প্রকাশ্যে না এনে ফেলেন। এতে সিনেমা দেখার দর্শকের ওপর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন দেব। সোশ্যাল মিডিয়ায় দেব লিখেছেন, 'দয়া করে সিনেমার কোনো স্পয়লার বা কোন রকমের ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। সিনেমা দেখার আগ্রহকে বাঁচিয়ে রাখুন'।
তবে দুপুরবেলা সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ ভিডিও করে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, দেব, রানা সরকার, কৌশিক গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, অনুপম রায় ও ইন্দ্রদীপ দাশগুপ্ত। প্রত্যেকেই দর্শককে ধন্যবাদ জানিয়েছেন, প্রথম দিনই সিনেমাটাকে এতটা ভালবাসা দেওয়ার জন্য। ওপেনিং ডে-তে রেকর্ড ব্যবসা করেছে এই ছবি। সেই কারণে সোশ্যাল মিডিয়ায় দেব ও শুভশ্রী সবাই দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন। এদিন দেব বলেন, 'প্রথম যখন এই ছবির প্রচার শুরু করেছিলাম, তখন মনে হয়েছিল, কোথা থেকে শুরু করব? ১০ বছর পরেও যে একটা ছবি কতটা প্রাসঙ্গিক, সেটা দর্শককে কী করে বোঝাব সেটাই ভাবছিলাম। কিন্তু দেখলাম, দর্শকের অপেক্ষা আর উত্তেজনা এতটুকুও কমেনি। গত ১০ বছর ধরে একটা প্রশ্ন আমাদের পিছন পিছন ঘুরেছে যে, কবে ধূমকেতু মুক্তি পাবে? আর এই প্রশ্নটা আমাদের কেউ করবে না। এবার দর্শকদের দায়িত্ব ছবিটাকে সাফল্যের মুখ দেখানোর।'






















