Govinda-Sunita: আপত্তিকর ভাষা ব্যবহার করছেন সুনীতা আহুজা! ভিডিও তুলে পাঠানো হত গোবিন্দের ফোনে, তারপর...
Govinda and Sunita Ahuja: শোয়ের শেষ কিছুদিন খাওয়া দাওয়া কার্যত বন্ধ করে দিয়েছিলেন সুনীতা। তাঁর স্বাস্থ্য ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছিল

কলকাতা: 'লক আপ ২' -শো থেকে হঠাৎই বেরিয়ে যেতে হচ্ছে, সুনীতা আহুজা (Sunita Ahuja)-কে। গোবিন্দ (Govinda) পত্নী সুনীতা আহুজা (Sunita Ahuja) 'লক আপ ২'-এর বেশ জনপ্রিয় একজন প্রতিযোগী ছিলেন। তবে এই শো-তে যোগ দিয়ে তিনি বারে বারেই বিতর্কে জড়িয়েছিলেন। কখনও গোমূত্র থেকে শুরু করে, শো-তে খারাপ ভাষা ব্যবহার করা.. বিভিন্ন সময়ে সুনীতা খবরের শিরোনামে এসেছেন। তবে এবার, 'লক আপ ২' -থেকে বিদায় নিচ্ছেন সুনীতা। এদিন আনুষ্ঠানিক ঘোষণা করে দেওয়া হয় যে, 'লক আপ ২' -থেকে বেরিয়ে যাচ্ছেন তিনি। শরীরের কারণেই এই কড়া সিদ্ধান্ত নিতে হচ্ছে তাঁকে। এদিন তাঁকে এই শো- থেকে নিয়ে যেতে এসেছিলেন, গোবিন্দ স্বয়ং এবং কন্যা টিনা। এদিন সুনীতার এই শো থেকে চলে যাওয়া ঘিরে তৈরি হল আবেগঘন সব মুহূর্ত।
কেন 'লক আপ ২' থেকে বেরিয়ে গেলেন সুনীতা?
এর আগে, এই শোয়ের হোস্ট রীতেশ দেশমুখ এবং ফারাহ খানের খানের কাছে এই শো থেকে বেরিয়ে যাওয়ার জন্য আর্জি জানিয়েছিলেন সুনীতা। শোয়ের শেষ কিছুদিন খাওয়া দাওয়া কার্যত বন্ধ করে দিয়েছিলেন সুনীতা। তাঁর স্বাস্থ্য ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছিল। সব মিলিয়ে সুনীতার পরিস্থিতি গুরুতর হয়ে যাচ্ছিল বলেই তাঁকে শো থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন গোবিন্দ ও তাঁদের মেয়ে টিনা। এদিন সুনীতা শো ছাড়তে গিয়ে কেঁদে ফেলেন, তাঁকে জড়িয়ে ধরেন গোবিন্দ। সুনীতা বলেন, 'আমার শরীর একেবারেই ভাল নেই, সুগার লেভেল ও কমা বাড়া করছে। পাশাপাশি আমি মেনোপজের মধ্যে দিয়ে যাচ্ছি। শরীরে বিভিন্ন ব্যথা হয়, শ্বাস নিতেও সমস্যা হয়। আমার খালি মনে হত, এই শো থেকে আমায় বেরিয়ে যেতেই হবে।'
সুনীতাকে নিতে এসেছিলেন গোবিন্দ আর কন্য়া টিনা
এদিন স্ত্রীকে সমর্থন করতে আসেন গোবিন্দ নিজেই। তিনি বলেন যে, সুনীতা এখনও বাচ্চা। পাশাপাশি তিনি বলেন, সুনীতা এই শো-তে এসে এমন এমন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন, যে সমস্ত পরিস্থিতি তিনি গোটা জীবনে কখনও কাটাননি। সুনীতা আবেগপ্রবণ এবং তিনি অনেক সময়েই অনেক আপত্তিকর মন্তব্য করে বসেন। গোবিন্দ আরও বলেন, সুনীতা খারাপ ভাষায় কথা বলতেন, এই সমস্ত ভিডিও তাঁকে পাঠানো হত। তবে বিষয়গুলিকে কখনও পাত্তা দেননি তিনি। সুনীতা এদিন বলেন, তিনি শিখেছেন যে, পরিবারের মধ্যে কোনও সমস্যা হলে তা পরিবারের মধ্যেই রাখা উচিত।






















