Sunita on Govinda: 'আমার শর্তে চললে গোবিন্দকে ক্ষমা করে দিতে পারি', স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে মত সুনীতার
Sunita Ahuja on Govinda: সদ্যই কিছু সাংবাদিককে বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন সুনীতা। সেখানে তিনি একটি ভ্লগ করেন ও সেই সমস্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন

কলকাতা: প্রথমে বিশ্বাস না করলেও, পরবর্তীকালে গোবিন্দের (Govinda) বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে বারে বারে মুখ খুলেছেন তাঁর স্ত্রী সুনীতা আহুজা (Sunita Ahuja)। সুনীতা একাধিকবার জানিয়েছেন, গোবিন্দের সঙ্গে যে মেয়েটির সম্পর্ক রয়েছে, তিনি গোবিন্দের থেকে অনেকটাই ছোট। তিনি রুপোলি পর্দার কেউ নন, কেবল মাত্র টাকার জন্যই গোবিন্দের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে দাবি সুনীতার। স্ত্রীয়ের এই দাবি সবসময়েই খারিজ করে দিয়েছেন গোবিন্দ। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, সুনীতা একটা চক্রান্তের মধ্যে পড়ে গিয়ে এই সমস্ত কথা বলেছেন। গোটা বিষয়টাই মিথ্যে। তবে সুনীতা বারে বারেই এই খবরে সিলমোহর দিয়েছেন যে, গোবিন্দ সম্পর্কে রয়েছেন। তবে এবার, সুনীতা জানালেন, তিনি গোবিন্দকে ক্ষমা করে দিতে রাজি।
সদ্যই কিছু সাংবাদিককে বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন সুনীতা। সেখানে তিনি একটি ভ্লগ করেন ও সেই সমস্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। এই ভ্লগেই একটি প্রশ্নের উত্তরে সুনীতা বলেন, 'গোবিন্দ আমার ছোটবেলার ভালবাসা। যদি ও নিজেকে শুধরে নেয় আর আমার কথা মতো চলে, তাহলে আমি ওকে ক্ষমা করে দিতে রাজি আছি। আমি যা যা খবর শুনছি, আমার কাছে যা যা খবর আসছে, সেগুলো আমি আর শুনতে চাই না।'
সুনীতা আরও বলেন, 'এটা এইসব করার বয়স নয়। আমি মেনোপজ়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময়টা প্রত্যেকটা মেয়ের তার স্বামী আর সন্তানদের সমর্থন দরকার। এই সময়টা মানসিকভাবে একটা ভীষণ টানাপোড়েন চলে। এই সময়টা প্রত্যেকটা মহিলার এমন একজন মানুষকে দরকার যে তাকে ভালবাসবে, অযথা চিন্তা করাবে না। সুনীতাকে যখন প্রশ্ন করা হয়, তিনি এই বিষয়টা নিয়ে খোলাখুলি কথা বলেছেন কি না গোবিন্দের সঙ্গে, তখন তিনি বলেন, 'গোবিন্দ কী বলেন, আমি কিছুই বুঝতে পারি না। ও হেসে এই সমস্ত কথা উড়িয়ে দেয়।'
সুনীতা আরও বলেন, তিনি যতদিন গোবিন্দের ম্যানেজারের কাজটা করতেন, তিনি গোবিন্দকে ফুলের ওপর রেখে দিয়েছিলেন। কিন্তু এখন নতুন ম্যানেজার এসেছে। সুনীতাকে সরিয়ে দেওয়ার পরে গোবিন্দ আর স্টারডমটা ম্যানেজ করতে পারছেন না। তাঁর কেবলই মনে হচ্ছে, তাঁর চাহিদা শেষ হয়ে গিয়েছে। অন্যদিকে গোবিন্দকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এই সমস্ত তত্ত্ব খারিজ করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, এটা এইসবের বয়স নয়।























