Anik Dutta Death News: মাথায় গুরুতর আঘাত, ইন্টারনাল হ্যামারেজ! কী অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল অনীক দত্তকে?
Anik Dutta News: পরিচালক ছাদ থেকে পড়ে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালে

কলকাতা: বুধবার। কর্মব্যস্ত দিনের দুপুরবেলা কার্যত বিনা মেঘে বর্জ্রপাতের মতোই আসে খবরটা। প্রয়াত পরিচালক অনীক দত্ত (Anik Dutta)। আবাসনের ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বর্ষীয়ান পরিচালকের। সূত্রের খবর, মিলেছে একটি সুইসাইড নোট ও। সেখানে লেখা রয়েছে, 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।' তবে সত্যিই কি ছাদ থেকে ঝাঁপ দিয়েছেন পরিচালক? কিন্তু কেন? গোটা বিষয়টা নিয়ে এখনও ধোঁয়াশা। বিজ্ঞাপন জগতে শুরু কর্মজীবন শুরু করেছিলেন অনীক দত্ত। পরবর্তীতে সৃজনশীল বিজ্ঞাপনে গড়ে তোলেন আলাদা পরিচিতি।
কর্মক্ষেত্রে অনীক স্মৃতি
২০১২-য় সিনে-ইন্ডাস্ট্রিতে প্রথম আত্মপ্রকাশ করেছিলেন বর্ষীয়ান পরিচালক। অনীকের প্রথম সিনেমা 'ভূতের ভবিষ্যৎ'। প্রথম ছবিতেই সাফল্যের শিখরে পৌঁছেছিলেন অনীক। সত্যজিৎ রায়ের সিনেমাই তাঁর অনুপ্রেরণা ছিল, তবে পরবর্তীতে স্বতন্ত্র সিনেমার ধারা তৈরি করেছিলেন অনীক। অনীকের পরিচালনায় 'আশ্চর্য প্রদীপ', 'অপরাজিত', 'বরুণবাবুর বন্ধু'-ও বেশ জনপ্রিয় হয়েছিল। সিনেমায় স্বতন্ত্র ঘরানা তৈরি করেন অনীক। ছবির পাশাপাশি, নিজের রাজনৈতিক মতামত, সমর্থন নিয়েও স্পষ্ট ছিলেন অনীক। বাম-সমর্থক, স্পষ্টবক্তা হিসেবে পরিচিত ছিলেন তিনি। সিনেমায় দিয়েছেন সচেতন রাজনৈতিক বার্তা। অনীক দত্ত পরিচালিত শেষ সিনেমা, 'যত কাণ্ড কলকাতাতেই'। মুক্তি পেয়েছিল ২০২৫ সালের পুজোয়। সেই সময়ে কেউ কল্পনাও করতে পারেননি যে, এটাই শেষ সিনেমা হয়ে থেকে যাবে অনীকের।
কী অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল অনীক দত্তকে?
পরিচালক ছাদ থেকে পড়ে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালে। কিন্তু হাসপাতাল সূত্র থেকে জানা যাচ্ছে, চিকিৎসার কার্যত কোনও সময়ই দেননি অনীক দত্ত। পরিবার সূত্রে খবর, একাধিক মানসিক ও শারীরিক সমস্যায় ভুগছিলেন অনীক দত্ত। ওই বেসরকারি হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছিল। অবসাদে ভুগছিলেন বর্ষীয়ান পরিচালক। যে চিকিৎসক পরিচালককে প্রথম দেখেছিলেন, হোমিসাইড বিভাগের তরফ থেকে তাঁর বয়ান ও রেকর্ড করা হয়েছে। জানা গিয়েছে, মাথায় গুরুতর চোট ছিল বর্ষীয়ান পরিচালকের। রক্তক্ষরণ হচ্ছিল তখনও। পাশাপাশি ছিল ইন্টারনাল হ্যামেরেজ ও। অনীক দত্তকে পরীক্ষা করার পরে চিকিৎসকেরা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে তাঁর। বেসরকারি হাসপাতালে প্রাথমিক পরীক্ষা হওয়ার পরে, অনীক দত্তের মরদেহ নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে। ইতিমধ্যেই ময়নাতদন্ত হয়ে গিয়েছে দেহের। আগামীকাল অনীক দত্তের কন্যা আসার পরেই হবে শেষকৃত্য।
Before You Go
Priyanka Sarkar: রাজনীতি নয়, ওকে ভালবেসে সবাই প্রতিবাদ করেছেন, জানলে খুশি হত রাহুল: প্রিয়ঙ্কা সরকার





















