Rajpal Yadav: রাজপাল যাদবকে 'অশিক্ষিত' তকমা! পাল্টা কী জবাব দিলেন অভিনেতা?
Rajpal Yadav News: সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে রাজপাল যাদব বলেছেন, 'প্রিয়দর্শনজীর সঙ্গে আমার ভীষণ ভাল সম্পর্ক। আমি বুঝতে পারছি না, উনি কীভাবে এইসমস্ত কথা বললেন!'

- চেক বাউন্সের মামলায় জেল থেকে বেরিয়ে রাজপাল যাদব অশিক্ষিত নন বলে জানালেন।
- তিনি ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে পড়াশোনা করেছেন, যা নিয়ে গর্বিত।
- প্রিয়দর্শনের মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, বলিউডে প্রতিভা ও পরিশ্রমই আসল।
- তিন পরিচালক, রাম গোপাল ভার্মা, ডেভিড ধাওয়ান এবং প্রিয়দর্শনের প্রতি কৃতজ্ঞতা জানান।
কলকাতা: চেক বাউন্স মামলায় সদ্যই জেল থেকে ছাড়া পেয়েছেন অভিনেতা রাজপাল যাদব (Rajpal Yadav)। আপাতত জামিনে ছাড়া পেয়েছেন তিনি, তবে তাঁর মামলা চলছে। সম্প্রতি পরিচালক প্রিয়দর্শন রাজপাল যাদবের ঘটনায় তাঁকে 'অশিক্ষিত' বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এই সমস্ত সমস্যার মূল কারণই হল অশিক্ষা। আর এবার এই মন্তব্যের পাল্টা মন্তব্য করেছেন রাজপাল যাদব। এরপরে রাজপাল যাদব স্পষ্ট করে জানিয়েছেন, তিনি মোটেই অশিক্ষিত নন। তিনি 'ন্যাশানাল স্কুল অফ ড্রামা' থেকে পড়াশোনা করেছেন। আর তিনি তাঁর পড়াশোনা নিয়ে গর্বিত ও।
সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে রাজপাল যাদব বলেছেন, 'প্রিয়দর্শনজীর সঙ্গে আমার ভীষণ ভাল সম্পর্ক। আমি বুঝতে পারছি না, উনি কীভাবে এইসমস্ত কথা বললেন! আমি 'ন্যাশানাল স্কুল অফ ড্রামা' থেকে পড়াশোনা করেছি। ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার সময়ে, কেউ নিজের ডিগ্রির সার্টিফিকেট সঙ্গে নিয়ে সেটে যায় না। বলিউডে প্রতিভা এবং পরিশ্রম গুরুত্বপূর্ণ, কাগজের ডিগ্রি নয়। যখন আমার এবং প্রিয়দর্শনের পড়াশোনা নিয়ে কোনও আলোচনা হয়নি, তাহলে কেন এই ধরনের মন্তব্য করা হল?' যদিও এই মন্তব্যের পরেও রাজপাল তাঁর পুরনো সম্পর্কগুলির প্রতি সম্মান বজায় রেখেছেন।
রাজপাল যাদব বলেছেন যে, তিনজন পরিচালক আছেন, যাঁদের প্রতি তিনি সবসময় কৃতজ্ঞ থাকবেন - রাম গোপাল ভার্মা, ডেভিড ধাওয়ান এবং প্রিয়দর্শন। এই পরিচালকদের সঙ্গে তিনি ৪০-৫০টি ছবিতে কাজ করেছেন এবং অনেক সময় টাকার কথা না ভেবে শুধুমাত্র ভরসার উপর ভিত্তি করে ছবি করেছেন। যখন তাঁকে জিজ্ঞাসা করা হয় যে, আর্থিক সংকটের সময় কোনও বড় পরিচালক কেন তাঁর সাহায্য করেননি, তখন তিনি স্পষ্টভাবে বলেন যে এটা একজন মানুষের ব্যক্তিগত বিষয়। এতে কেবল তিনি এবং অভিযোগকারী জড়িত এবং এই মামলাটি তাঁর নিজের জেলা শাহজাহানপুরের সঙ্গে সম্পর্কিত এবং তিনি বিশ্বাস করেন যে, খুব তাড়াতাড়ি এর সমাধান হয়ে যাবে।
জেলে থাকার সময়ের কথা মনে করে আবেগপ্রবণ হয়েছেন রাজপাল যাদব। তিনি জানিয়েছেন, তাঁর বাবা উচ্চশিক্ষিত ছিলেন না। তিনি একজন কৃষক ছিলেন। খুব বেশি পড়াশোনা করেননি। তবে তিনি সততাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করতেন। রাজপাল যাদব বলছেন, 'বাবা মনে করতেন, যদি পড়াশোনায় ভাল না হও, তাহলে কোনও ব্যাপার না। মন দিয়ে চাষবাস করবে। কিন্তু যেন কখনও অসৎ পথে না যাও।'























