Jeetu on Swarup Biswas: 'কেউ বিরোধিতা করবে বুঝলেই কেড়ে নেওয়া হত মাইক্রোফোন..', স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক জিতু কমল
Jeetu Kamal on Swarup Biswas: 'প্রযোজকের সঙ্গে আর্টিস্টের একটা গন্ডোগোল বাঁধিয়ে দেওয়া হত। এবার ডেট নিয়ে কিছু হবে, সমস্যা হবে..তারপরে ২ পক্ষকে দূরে দেখে প্রযোজকের থেকে টাকা আদায় করা হত', বিস্ফোরক জিতু

কলকাতা: গতকাল রাতে স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার ঘটনার পর থেকেই যেন, ক্ষোভে ফুটছে টলিপাড়া। অরূপ বিশ্বাসের ভাইকে গতকাল রাতেই তোলাবাজি থেকে শুরু করে শ্লীলতাহানির মতো একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার করা হয়েছে। আর তার পর থেকেই দফায় দফায় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। এতদিন টলিউডের কার্যত সর্বেসর্বা হয়ে, কী কী অনৈতিক কাজ করেছেন স্বরূপ বিশ্বাস, তা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন অনেকেই। অনেকের কাজ কেড়েছিলেন থেকে শুরু করে, এলাকায় বাড়িতে রং করালেও দিতে হত কাটমানি, এই সমস্ত অভিযোগ করেছেন অনেকেই। আর এবার, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মুখ খুলেছেন, জিতু কমল (Jeetu Kamal)। যদিও এই প্রথমবার নয়, এর আগে একাধিকবার ফেডারেশন ও ইমপার বিরুদ্ধে সরব হয়েছিলেন জিতু কমল।
স্বরূপ বিশ্বাসকে নিয়ে বিস্ফোরক অভিযোগ জিতু কমলের!
'এ তো ইন্ডাস্ট্রির লোকেরাই জানে.. কোথা থেকে কত টাকা নিয়ে কাজ দেওয়া হত.. শিল্পীদের সঙ্গে প্রযোজকদের সমস্যা তৈরি করা হত ইচ্ছাকৃত। ফেডারেশনের সভাপতি এবং ইমপার সভাপতি, তাঁরা প্রযোজকের কাছে টাকা চাইতেন। বলতেন, মিটিয়ে দেব গন্ডোগোল। আর্টিস্টদের ফোন করে বলতেন, 'ডেটটা দিয়ে দাও।' তাঁরা প্রোগ্রামার না ডিরেক্টর যে তাঁরা ডেট দেওয়ার কথা বলতেন? আমার সঙ্গেই হয়েছে।' জিতু আরও বলেন, 'অনেক ছবি নামিয়ে দেওয়া হয়েছে। 'অরণ্যের প্রাচীন প্রবাদ' বলে আমার একটি সিনেমা নামিয়ে দেওয়া হয়েছে। জয়ব্রতর ছবি নামিয়ে দেওয়া হয়েছে। ফোরামের মিটিংয়ে মাইক্রোফোন কেড়ে নেওয়ার মতো ঘটনা ঘটেছে! একজন কথা বলছেন.. তাঁর কথার মধ্যে যদি এতটুকু আভাস থাকে যে, এই কথাটা স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে যেতে পারে বা তৃণমূলের বিরুদ্ধে যেতে পারে.. মাইক্রোফোনটা কেড়ে নিত। তাঁরা আজ উত্তর দেবেন না? তাঁরা তো ফোরামের মেম্বার। অন্যান্য গিল্ডের মেম্বার। এইরকম অহরহ.. প্রচুর ঘটনা রয়েছে।'
জিতু আরও বলেন, 'আমি তো টাকা চাওয়ার ঘটনা বললামই.. প্রযোজকের সঙ্গে আর্টিস্টের একটা সূক্ষ গন্ডোগোল বাঁধিয়ে দেওয়া হত। এবার ডেট নিয়ে কিছু হবে, সমস্যা হবে.. তারপরে ২ পক্ষকে দূরে দেখে প্রযোজকের থেকে টাকা আদায় করা হত। স্বরূপবাবু প্রিয়াদির নাম করে বলেছিলেন, প্রিয়াদি স্বরূপবাবুর নাম করে বলেছিলেন.. এ চাইছে, ও চাইছে। প্রযোজকের কাছে বলেছিলেন, প্রিয়াদি টাকা চাইছে। টাকা চাওয়াচাওয়ি হয়েছে।'
আরও পড়ুন: Srijla Guha: নতুন সিরিজে সৃজলা গুহ, আবেগ, প্রেমের মিশেলে তৈরি করবেন 'কলকাতা কোলাজ'























