Tollywood New Film: অভিনয় আর প্রযোজনা, এবার দুইই সামলাবেন যীশু! নতুন ছবির মুখ্যভূমিকায় প্রসেনজিৎ, শুভশ্রী
Jisshu Sengupta New Film: যীশু সেনগুপ্ত এবার একাধারে প্রযোজক, একাধারে অভিনেতাও। 'হোয়াই সো সিরিয়াস' আনতে চলেছে নতুন সিনেমা, 'অভিমান'।

কলকাতা: যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta) ও সৌরভ দাসের (Sourav Das) প্রযোজনা সংস্থা 'হোয়াই সো সিরিয়াস' (Why So Serious)-এর সূচনাটা হয়েছিল আগেই। সেই সময়েই ঘোষণা করা হয়েছিল, কেবল মিউজিক ভিডিও বা শর্টফিল্ম নয়, পূর্ণদৈর্ঘ্যের সিনেমাও পরিচালনা করবেন তাঁরা। পরিকল্পনা চলছিল অনেকদিন থেকেই। গতকাল মিলেছিল আভাস ও। আর আজ, NT1 স্টুডিওতে শুরু হল 'অভিমান'-এর সফর। হয়ে গেল মহরত।
যীশু সেনগুপ্ত এবার একাধারে প্রযোজক, একাধারে অভিনেতাও। 'হোয়াই সো সিরিয়াস' আনতে চলেছে নতুন সিনেমা, 'অভিমান'। এই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) ও যীশু নিজেই। ছবি পরিচালনার দায়িত্ব রয়েছে, ইন্দ্রদীপ দাশগুপ্তের কাঁধে। প্রসেনজিৎ, শুভশ্রী ও যীশু ছাড়াও এই সিনেমায় রয়েছেন, কাঞ্চন মল্লিক (Kanchan Mallick), অনন্যা বন্দ্যোপাধ্যায়, প্রিয়া কারফা ও অন্যান্যরা।
এদিন 'হোয়াই সো সিরিয়াস'-এর নতুন সফরে উপস্থিত ছিলেন সৌরভ দাস ও। হাজির ছিলেন সৃজিত মুখোপাধ্যায়, অনন্যা বন্দ্যোপাধ্যায়, শ্রীজাত বন্দ্যোপাধ্যায় ও অন্যান্যরা। এদিনের থিম ছিল সাদা। প্রত্যেকেই সেজেছিলেন সাদা পোশাকে। এদিন প্রকাশ্যে এল ছবির মোশন পোস্টার ও। সেখানে রয়েছে গিটার, প্রেক্ষাগৃহ, গোলাপ এবং টুপি। ছবির বিষয়বস্তু কী হতে চলেছে, তা এখনও প্রকাশ করতে চাননি পরিচালক বা অভিনেতারা কেউই। খুব তাড়াতাড়িই এই সিনেমার শ্যুটিং শুরু হবে।
এর আগে, এই প্রযোজনা সংস্থার ব্যানারেই একটি মিউজিক ভিডিও প্রযোজনা করেছিলেন যীশু সেনগুপ্ত। এই মিউজিক ভিডিওর পরিচালনার দায়িত্ব ও ছিল তাঁর কাছে। এই মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন দর্শনা বণিক (Darshana Banik)। ইন্দ্রদীপ দাশগুপ্তের সুরে অন্তরা মিত্রর কন্ঠে মুক্তি পেয়েছিল, 'দুগ্গা মা এসেছে'। গানটির কথা লিখেছিলেন প্রসূন। ক্রিকেট মাঠে একসঙ্গে খুবই ভাল সমীকরণ তাঁদের। তবে একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। কেবল বড়পর্দার কাজ নয়, ছোটপর্দার কাজ, ওটিটি সিরিজ এমনকি মিউজিক ভিডিও ও করার পরিকল্পনা রয়েছে সৌরভ ও যীশুর, এমনটাই এর আগে জানিয়েছিলেন তাঁরা। সেই পরিকল্পনা মেনেই এবার দর্শকদের সামনে বড়পর্দার ছবি নিয়ে আসছে 'হোয়াই সো সিরিয়াস'। দীর্ঘদিন পরে, যীশুকে বাংলা সিনেমায় দেখা যাবে, সেই কারণেও অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।
View this post on Instagram























