Neena Gupta: 'পয়সার প্রয়োজন', পরিচালকের অন্যায় ব্যবহার হজম করতে হয়েছিল নীনা গুপ্তাকে!
Neena Gupta News: সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে নীনা গুপ্তা বলেছেন, বর্তমানে বলিউডের পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে
কলকাতা: সম্প্রতি মুক্তি পেয়েছে, নীনা গুপ্তা (Neena Gupta) অভিনীতি, 'বধ ২' (Vadh 2)। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন, সঞ্জয় মিশ্র। ছবিতে নীনা গুপ্তার অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছে। শুধু এই একটা ছবি নয়, ওয়েব সিরিজ 'পঞ্চায়েত' থেকে শুরু করে একাধিক সিরিজ ও সিনেমায় নীনা গুপ্তার অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছিল। তবে বলিউডে নিজের জায়গা তৈরি করে নেওয়া সহজ ছিল না নীনা গুপ্তার পক্ষে। একটা সময়ে, যথেষ্ট কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েই যেতে হয়েছে তাঁকে।
সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে নীনা গুপ্তা বলেছেন, বর্তমানে বলিউডের পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। একটা সময়ে বলিউডের পরিস্থিতি একেবারেই কাজের অনুকূল ছিল না। একটা সময়ে, সেটে শিল্পীদের যথেষ্ট অপমান করা হত। পরিচালকের নাম না করে, কেরিয়ারের একেবারেই শুরুর দিকের একটি অভিজ্ঞতার কথা শেয়ার করেন নীনা। তিনি বলেন, একটা সময়ে একটি সিনেমায় কাজ করছিলেন তিনি। একদিন শ্যুটিংয়ে পরিচালকের মেজাজ কোনও কারণে খারাপ ছিল। সেটে এসে, তিনি সমস্ত রাগ নীনার ওপরেই দেখান। কোনও দোষ না থাকা সত্ত্বেও, পরিচালক নীনার সঙ্গে ভীষণ খারাপভাবে কথা বলেন।
নীনা জানিয়েছিলেন, পরিচালক সবার সামনে নীনার সঙ্গে ভীষণ খারাপ ব্যবহার করেছিলেন। সেটে ক্রু মেম্বার থেকে শুরু করে, ছোট বড় অনেক শিল্পীই উপস্থিত ছিলেন। সবার সামনে পরিচালক নীনার সঙ্গে খারাপ ব্যবহার করেন। পরিবারের প্রসঙ্গ তুলেও নীনাকে অপমান করেন। কিন্তু সেই সময়ে, নীনা কোনও উত্তর দিতে পারেননি। সাক্ষাৎকার দেওয়ার সময় নীনা জানান, সেই সময়ে তাঁর টাকার অত্যন্ত প্রয়োজন ছিল। সেই কারণে তিনি পরিচালককে কোনও জবাব দিতে পারেননি। চুপচাপ সবটাই হজম করেছিলেন।
নীনা গুপ্তা আরও বলেছেন, কর্মজীবনের শুরুতে তিনি এমন কিছু ভূমিকা পালন করেছেন, যা নিয়ে তিনি আজও লজ্জিত। নীনা জানান, একটি ছবিতে তিনি শক্তি কাপূরের গ্যাংয়ের সামান্য একজন সদস্য ছিলেন। সেই ছবিতে তাঁর কোনো সংলাপ ছিল না এবং কোনও বিশেষ দৃশ্যও ছিল না। তিনি বাড়ি ফিরে ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন, যাতে ছবিটি কোনোদিন সিনেমা হলে ছবিটি মুক্তি না পায়। যাতে তাঁর পরিচিতরা তাঁকে সেই চরিত্রে দেখতে না পান।
৬০ বছর বয়সে যেন কেরিয়ারের নতুন ইনিংস শুরু হয় নীনার। একটা সময়ে তিনি ইনস্টাগ্রামে পোস্ট করে নিজেই কাজ চেয়েছিলেন।























