New Bengali Film: ২ খুদের স্বপ্ন, স্কুলে যাবে আর খাবার জোগাবে ভূতের রাজা! আসছে নতুন সিনেমা
New Film: গল্পের প্রেক্ষাপট কিছুটা এইরকম, রবি আর দুলু একই ক্লাসে পড়ে। ক্লাসের বাকিরা পড়াশোনায় ভাল হলেও, সর্বদাই পিছিয়ে থাকে এই দুলু আর রবি

কলকাতা: দীর্ঘদিন পরে, পর্দায় ফিরছেন অভিনেতা অধিরাজ গঙ্গোপাধ্যায় (Adhiraj Ganguly)। 'দ্য সেকেন্ড উইশ' আসতে চলেছে প্রদীপ বিশ্বাসের পরিচালনায়। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন, অঙ্কুর দত্ত। এস এস এন্টারটেনমেন্টের ব্যানারে আসতে চলেছে এই সিনেমা। অন্যান্য চরিত্রে রয়েছেন, দুর্নিবার মজুমদার ও কৃষাণ নস্কর।
গল্পের প্রেক্ষাপট
গল্পের প্রেক্ষাপট কিছুটা এইরকম, রবি আর দুলু একই ক্লাসে পড়ে। ক্লাসের বাকিরা পড়াশোনায় ভাল হলেও, সর্বদাই পিছিয়ে থাকে এই দুলু আর রবি। রবির বাবা ক্ষেতমজুরের কাজ করে পরিবারের জন্য দুবেলা পুষ্টিকর খাবার যোগাড় করতে ব্যর্থ। অন্যদিকে, দুলুর বিধবা মা লোকের বাড়ি কাজ করে দুলুর পেট ঠিকমতো ভরাতে পারেন না। রবি আর দুলুর মনে তাই সর্বদা খাবারের চিন্তাই ঘোরে। স্কুলের শিক্ষক তপনবাবু এদের শাসন করলেও মাঝেমধ্যে খাবার এনে দেন। তিনি বোঝেন, দুবেলা খেতে পেলে এরাও পিছিয়ে পড়তো না। এদিকে তপনবাবুর মেয়ে দিয়া ভালোবাসে টিউশন মাস্টার সজলকে। কিন্তু তপনবাবু চান না তার মেয়ের বিয়ে হোক এই সজলের সঙ্গে। তিনি দিয়াকে পাত্রস্থ করতে চান রেলের অফিসার কেশবের সঙ্গে। এদিকে কেশবের বাবা-মায়ের চাহিদার যেন শেষ নেই। তপনের স্ত্রী রমা বারবার এই ব্যাপারে সাবধান করলেও একগুঁয়ে তপন জমি বিক্রি করে হলেও বড়লোক পাত্রের আবদার পূরণ করতে চান। সম্পর্ক ভেঙে যায়, সজল আর দিয়ার।

রবি আর দুলু ভূতের রাজার খোঁজ করে। ভূতের রাজার থেকে তারা ভালোমন্দ খেতে পাওয়ার বর চাইবে। কিন্তু ভূতের রাজা তো দেবেন দুটো বর। খাবার ছাড়া আর কী বা চাইবে তারা? তাদের ছোট মাথায় দ্বিতীয় বরটা অধরা থেকে যায়। তারা তাই তপনবাবুর কাছে জানতে চায় দ্বিতীয় বরটা কী চাওয়া উচিত। তপনের সঙ্গে পরামর্শ করে তারা ঠিক করে, তারা চাইবে এই পৃথিবীর সব শিশু যেন দুবেলা পেট ভরে খেতে পায়।
এই কাহিনী আজ থেকে কুড়ি বছর আগেকার। ভূতের রাজা না হোক, সরকার মিড ডে মিল চালু করায় রবি-দুলুদের স্বপ্ন পূর্ণ হয়। ২০০৩ সালের পর থেকে স্কুলের সব শিশুরা মিড ডে মিল খেতে পায়। দুলুরা এখন মন দিয়ে পড়াশোনা করে। পরিচালকের ভাবনা, বর্তমানে স্কুল ছুটদের সংখ্যা কমেছে উল্লেখযোগ্যভাবে। রবিরা এখন আর শিশু শ্রমিক হিসেবে শৈশব হারিয়ে ফেলে না। বিশ্ব খাদ্যসূচক বলছে ভারত ১২৭টি দেশের মধ্যে ১০৩ নম্বরে আছে। বাংলার সজলরা একটা ভালো কাজ পাক, তারা যেন দিয়াদের হারিয়ে না ফেলে।
আরও পড়ুন: Bollywood News: রাম গোপাল বর্মার ছবি দিয়ে বলিউডে পা, একটা সময়ে মাথার ওপর ছাদ ছিল না অভিনেত্রীর!





















