Rahul Banerjee: 'নধরের ভেলা' দেখতে সহজকে সঙ্গে করে এলেন প্রিয়ঙ্কা, রাহুলের মৃত্যুর পরে এই প্রথমবার!
Priyanka Sarkar and Sohoj: প্রদীপ্ত ভট্টাচার্য পরিচালিত 'নধরের ভেলা' ছবিটি প্রথাগতভাবে মুক্তি পায়নি। খানিকটা নাটকের ধাঁচে, থিয়েটারের মঞ্চে এই ছবির শো করা হচ্ছে গোটা বাংলা জুড়ে

কলকাতা: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee) মৃত্যুর মাস দেড়েক হয়েছে সবে। এখনও অভিনেতার অকালে চলে যাওয়ার ঘটনা ভুলতে পারেননি কেউই। তবে ধীরে ধীরে, স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে, রাহুলের পরিবারের প্রত্যেকেই। ইতিমধ্যেই কাজ শুরু করেছেন প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)। শ্যুটিং করছেন, নতুন ওয়েব সিরিজের প্রচারও করেছেন তিনি। অন্যদিকে, 'নধরের ভেলা' নিয়ে তাঁরা পৌঁছে যাচ্ছেন দর্শকদের কাছে। সদ্যই কলকাতায় 'নধরের ভেলা'-র এটি শো ছিল। আর সেখানেই সহজকে নিয়ে হাজির হলেন প্রিয়ঙ্কা। ছেলেকে নিয়ে মঞ্চেও উঠলেন, অনুষ্ঠান শেষে কাটা হল কেক ও!
'নধরের ভেলা'-র শো-তে প্রিয়ঙ্কার সঙ্গে এল সহজ
তালসারিতে শ্যুটিং করতে গিয়ে রাহুলের হঠাৎ চলে যাওয়ার ঘটনা এখনও মনে করলে শিউরে ওঠেন, তাঁর বন্ধু, সহকর্মী, আত্মীয়-প্রিয়জন থেকে শুরু করে অনুরাগীরাও। আর যতবার রাহুলের কথা ওঠে, ততবারই উঠে আসে সহজের কথাও। খুব অল্প বয়সেই বাবাকে হারিয়েছে সে, এখন মা প্রিয়ঙ্কাই সামলাচ্ছেন তাঁকে। সদ্য দেওয়া একাধিক সাক্ষাৎকারে, প্রিয়ঙ্কাকে সহজের কথা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'সহজ নিজের মতো করে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিচ্ছে। যখন ওর মনে হবে কিছু বলা প্রয়োজন, ও বলবে।' তবে গত মঙ্গলবার, প্রিয়ঙ্কার সঙ্গে 'নধরের ভেলা'-র শো দেখতে এসেছিল সহজ। মায়ের সঙ্গে মঞ্চেও ওঠে সে। এই ছবিতে অন্যতম মূখ্যভূমিকায় অভিনয় করেছেন, ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) ও। এদিন তিনি পুত্র অভিমুন্যকে নিয়ে হাজির হয়েছিলেন এই শো-এর শেষে। সিনেমার শেষে সহজ আর অভিমুন্য কেক কেটে সিনেমার সাফল্য উদযাপন করে। ছবি শেষ হওয়ার পরে, দর্শকেরাও ছবির প্রশংসায় পঞ্চমুখ।
ছকভাঙা 'নধরের ভেলা'
প্রদীপ্ত ভট্টাচার্য পরিচালিত 'নধরের ভেলা' ছবিটি প্রথাগতভাবে মুক্তি পায়নি। খানিকটা নাটকের ধাঁচে, থিয়েটারের মঞ্চে এই ছবির শো করা হচ্ছে গোটা বাংলা জুড়ে। ইতিমধ্যেই শো করা হয়েছে বিদেশেও। এই ছবি দেখার বাড়তি প্রাপ্তি হল, নাটকের ধাঁচে শো শেষ হওয়ার পরেই মঞ্চে উঠে আসেন কলাকুশলীরা। দর্শকদের সঙ্গে কথা বলেন, ছবির প্রত্যেক কলাকুশলীদের সঙ্গে আলাপ করিয়ে দেন। নাটকের মঞ্চে এই নিয়ম অতি পরিচিত হলেও, সিনেমার ক্ষেত্রে সাধারণত এই রীতি দেখা যায় না। পর্দায় যাঁদের চরিত্র হিসেবে দেখে, যাঁদের অভিনয়ে ভেসে যাচ্ছেন দর্শকেরা... শেষে বাস্তবে তাঁদের সঙ্গে কথা বলতে পারার সুযোগ কম কিছু নয়।
View this post on Instagram





















