কলকাতা: নিরন্তর লড়াইয়ের ১ সপ্তাহ। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর খবরটা টেলিফোনে পেয়েছিলেন তিনি! তারপর থেকেই যেন এক ধাক্কায় অনেকটা বদলে গিয়েছে তাঁর জীবন। একদিকে স্বামীর মৃত্যুশোক, একমাত্র ছেলেকে সামলানোর গুরুদায়িত্ব, তার ওপর আইনি লড়াই। সব মিলিয়ে কার্যত ঝড় বয়ে গিয়েছে অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকারের (Priyanka Sarkar)-এর ওপর দিয়ে। রাহুলের মৃত্যুসংবাদ পাওয়ার পরে, সোশ্যাল মিডিয়ায় একটিমাত্র পোস্ট করেছিলেন প্রিয়ঙ্কা। শোক সামলানোর জন্য কিছুটা সময় চেয়েছিলেন, আবেদন করেছিলেন একটু নিভৃতে থাকার। আর আজ, ৮ দিন পেরিয়ে প্রিয়ঙ্কাও যেন আরও শক্ত হয়েছেন, পাশাপাশি তাঁর চোখের সামনেই তোলপাড় হয়েছে টলিউড ও।
সোশ্যাল মিডিয়ায় প্রিয়ঙ্কার পোস্ট
আজ সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করেছেন প্রিয়ঙ্কা সরকার। সেখানে তিনি লিখেছেন, 'ধন্যবাদ জানাই সকলকে, এই কঠিন সময়ে আমাদের পাশে থাকার জন্য। গত ৭ তারিখে গোটা চলচ্চিত্র পরিবার যেন এক সুরে বাঁধল নিজেদের—একই ভাবনা, একই চিন্তা আর অফুরন্ত ভালোবাসায়। এখানে কোনও বিভাজন নেই, কোনো রাজনৈতিক রং নেই; নেই কোনো ব্যক্তিগত স্বার্থ বা আমিত্বের সংঘাত। এখানে শুধু একটাই সত্য—আমরা একটি পরিবার। পরিবারেরই একজন সদস্যের প্রতি গভীর স্নেহ আর মমতা থেকেই আজকের এই ঐক্যবদ্ধ লড়াই। রাহুলকে কেউ অভিনেতা হিসেবে ভালোবেসেছেন, কেউ চেনেন অরুণোদয় হিসেবে, আবার কেউবা ভালোবেসেছেন লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। একটি মৃত্যু আজ আমাদের গোটা পরিবারকে এক সুতোয় গেঁথে দিল।'
