Rajpal Yadav: বন্দিদের জন্য থাকুক ধূমপান করার জায়গা, জেল থেকে বেরিয়ে আজব দাবি রাজপাল যাদবের
Rajpal Yadav News: রাজপাল যাদব জেল থেকে বেরিয়ে, বন্দীদের জন্য একটি দাবি জানিয়েছেন। তাঁর দাবি, যে সমস্ত বন্দিরা জেলে থাকে, তাঁদের জন্য একটি বিশেষ সুবিধা দেওয়া উচিত

কলকাতা: চেক বাউন্স মামলায় জেলে বেশ কয়েকটা দিন কাটাতে হয়েছে রাজপাল যাদব (Rajpal Yadav)-কে। তাঁর বিরুদ্ধে ৯ কোটি টাকা ঋণ নিয়ে শোধ না করার অভিযোগ রয়েছে। এই মামলা চলছে প্রায় ১ দশক ধরে। এই মামলায় এর আগেও জেলে যেতে হয়েছে রাজপাল যাদবকে। এই মামলায় রাজপাল যাদব বারে বারে আদালতের কাছে আবেদন করেছিলেন টাকা ফেরত দেওয়ার সময় আরও বাড়ানোর জন্য, তবে আদালত সেই আবেদন শোনেনি। এরপরেই রাজপাল যাদব তিহাড় জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন। এরপরে বেশ কিছুদিন জেলে কাটাতে হয় রাজপাল যাদবকে। অবশেষে, মঙ্গলবার অন্তবর্তীকালীন জামিনে জেল মুক্ত হয়েছেন রাজপাল যাদব। আর জেল থেকে বেরিয়েই, বড় দাবি জানালেন তিনি!
রাজপাল যাদব জেল থেকে বেরিয়ে, বন্দীদের জন্য একটি দাবি জানিয়েছেন। তাঁর দাবি, যে সমস্ত বন্দিরা জেলে থাকে, তাঁদের জন্য একটি বিশেষ সুবিধা দেওয়া উচিত। তাঁর মতে, জেলে বন্দিদের জন্য একটি স্মোকিং এরিয়া বা ধূমপান করার জায়গা থাকা উচিত। রাজপাল যাদব বলেছেন, তিনি নিজে ধূমপান ছাড়ার অনেক চেষ্টা করেছেন, তবে তিনি পারছেন না। তাঁর মতে রেলওয়ে স্টেশন থেকে শুরু করে বিমানবন্দর, সব জায়গাতেই একটি করে স্মোকিং জোন থাকা উচিত। রাজপাল যাদবের দাবি, তিনি কখনোই ধূমপানকে সমর্থন করছেন না, তবে এটি একটি ভাল ব্যবসা। দেশে এতে প্রচুর বিক্রি হয়, দেশের ব্যবসা ও হয়। সেই কারণে যে সমস্ত বন্দিরা ধূমপান করেন, তাঁদের জন্য জেলের মধ্যেই ধূমপান করার জন্য আলাদা জায়গা থাকা উচিত।
শুধু তাই নয়, রাজপাল যাদব জেলের কার্যকারিতা সম্পর্কেও কথা বলেছেন। তিনি বলেছেন যে জেল শুধুমাত্র শাস্তি দেওয়ার জন্য নয়, বরং একটি সংস্কার কেন্দ্র হিসেবেও কাজ করা উচিত। রাজপালের মতে, বন্দীদের নিজেদের পরিবর্তন করার জন্য জেলে সঠিক সুযোগ পাওয়া উচিত। এর ফলে সাজা শেষ হওয়ার পরে, তাঁরা ভালো কাজ করতে পারবেন। শুধু তাই নয়, রাজপাল এ ও জানিয়েছেন যে যাঁরা তাদের ভুলগুলো সংশোধন করতে চান না, তাঁদের জন্য আইনের কঠোরতা বজায় রাখা উচিত।
রাজপাল যাদবের বিরুদ্ধে অভিযোগ, একটি সিনেমা তৈরি করার জন্য এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন অভিনেতা। কিন্তু সিনেমা তৈরি হয়ে, তা মুক্তি পেয়ে গেলেও অভিনেতা ওই ব্যবসায়ীকে টাকা ফেরত দেননি বলে অভিযোগ। ২০১২ সালে টাকাটা ধার নিয়েছিলেন রাজপাল যাদব। কালক্রমে সেই টাকা বেড়ে ৯ কোটি টাকায় পরিণত হয়েছে। সেই টাকা অভিনেতা শোধ দিতে না পারায়, জেলে যেতে হয়েছিল তাঁকে।























