Ranojoy Bishnu Marriage: মণ্ডপ জুড়ে থাকবে সাবেকিয়ানার ছোঁয়া, রণজয়-শ্যামৌপ্তির বিবাহ বাসরে তৈরি হবে পুরনো কলকাতার সেট!
Ranojoy Bishnu and Shyamoupti Mudly Marriage: ভালবাসার দিনে, জীবনের নতুন অধ্যায় শুরু করবেন রণজয় আর শ্যামৌপ্তি, কেমন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি?

তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: বিয়ের আগেই বেশ অসুস্থ হয়ে পড়েছেন রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। সাত পাকে বাঁধা পড়ার আর ৯ দিন বাকি সাকুল্যে, তার আগে ৩ বেলা ভাত আর কড়া কড়া অ্যান্টিবায়োটিক খেয়ে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হওয়ার চেষ্টা করছেন তিনি। শরীর কেমন আছে জিজ্ঞাসা করায় অবশ্য হাসতে হাসতে বললেন, 'বিয়ের আগে ঠিক হয়ে যাব আশা করছি।' তবে অসুস্থ থাকলেও, কাজের চাপ কিছু কম নেই। একদিনেই বিয়ের সমস্ত অনুষ্ঠান হবে রণজয় আর শ্যামৌপ্তি মুদলির (Shyamoupti Mudly)। গোটা বিবাহ আসর জুড়ে নাকি থাকবে চমকের ওপর চমক!
ভালবাসার দিনে, জীবনের নতুন অধ্যায় শুরু করবেন রণজয় আর শ্যামৌপ্তি, কেমন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি? এবিপি লাইভ বাংলা (ABP Live Bangla)-কে রণজয় বলছেন, 'আমি আর শ্যামৌপ্তি মনেপ্রাণে বাঙালি। আমি যা যা বই পড়েছি, তার মধ্যে ৯৫ শতাংশই বাংলা বই, এটা বললে অত্যুক্তি হবে না। আমাদের গোটা বিয়ের আসর তৈরি হবে ৭০-৮০-র দশকের থিমে। আমি আসলে ওই সময়কালটাকে ভীষণ ভালবাসি। সেই কারণে মণ্ডপ সাজাতে হাতপাখা, পেঁচার মতো জিনিস ব্যবহার করছি, যেগুলো বাঙালি রীতিনীতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে।'
শুধু কী সাবেক সাজ? বর্তমান পছন্দের কথা মাথায় রেখে, 'সেলফি জোন'-এ বিশেষ চমক রাখছেন রণজয় শ্যামৌপ্তি। হবু বর বলছেন, 'সেলফি জোন বিষয়টা আজকাল সবাই ভীষণ পছন্দ করে। আমরা সেই সেলফি জোনে পুরনো কলকাতাতে তুলে ধরার পরিকল্পনা করেছি। একটা ছোট্ট পুরনো কলকাতার সেট তৈরি করে রাখা থাকবে। রাস্তার নিয়ন আলো, খড়খড়ি দেওয়া জানলা, পুরনো দিনের বেঞ্চ... সবই রাখা থাকবে ওখানে। ওটা প্রত্যেকের জন্যই একটা চমক হবে।'
শুধু সাজ-সজ্জা নয়, বিয়ের পোশাক থেকে মেনু, সবেতেই ছোঁয়া থাকবে সাবেকিয়ানার। রণজয় বলছেন, 'আমাদের বিয়ের মেনুতে এক্কেবারে সাবেকিয়ানার ছোঁয়া থাকবে। বিয়ের দিন ধুতি পাঞ্জাবি পরব। শ্যামৌপ্তি লাল শাড়ি পরবে, আর আমি সাদা। তবে আমার পোশাকেও শ্যামৌপ্তির সঙ্গে রঙ মিলিয়ে থাকবে লাল।' রণজয় নাকি শ্যামৌপ্তি, কে বিয়ের সিদ্ধান্ত আগে নিয়েছিলেন? রণজয় বলছেন, আমরা ২ জন একসঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিই। আমরা আসলে ২ জন ২ জনের ভীষণ ভাল বন্ধু।' কেন রণজয়ের মনে হয়েছিল, শ্যামৌপ্তির সঙ্গে সারাজীবন থাকা যায়? একটুও না ভেবে নায়কের উত্তর, 'ও আমার কমফোর্ট জোন। ওর সঙ্গের সম্পর্কটা আমার কাছে আরামের মতো।'
দিন কয়েক আগে, এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে রণজয়কে নিয়ে এই একই কথা বলেছিলেন শ্যামৌপ্তি ও!
























