Ranveer Singh: রণবীর সিংহের থেকে ১০ কোটি টাকা দাবি, খুনের হুমকির পিছনে আসলে কে? প্রকাশ্যে আনল মুম্বই পুলিশ
Ranveer Singh News: মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের তরফ থেকে এক উচ্চপদস্থ আধিকারীক দাবি করেছেন, একটি আমেরিকান নম্বর থেকে পাঠানো হয়েছিল এই ভয়েজ নোট।

কলকাতা: পরিচালক রোহিত শেট্টির (Rohit Shetty) বাড়িতে গুলি চলার ঘটনার পরেই হুমকি বার্তা গিয়েছে রণবীর সিংহের (Ranveer Singh) কাছে। অভিনেতার আপ্তসহায়কের কাছে একটি হুমকি বার্তা গিয়েছিল, সেই কথা পুলিশের কাছে প্রকাশ্যে এনেছেন তিনিই। সেই ভয়েজ নোটে রণবীর সিংহের কাছে ১০ কোটি টাকা চাওয়া হয়েছিল। এই ঘটনার তদন্ত এখনও চালাচ্ছে পুলিশ। সেই সূত্র থেকে আগেই জানানো হয়েছিল, কোনও ভারতীয় নম্বর থেকে এই বার্তা আসেনি। ভিপিএন ব্যবহার করে পাঠানো হয়েছিল সেই ভয়েজ বার্তা। আর এবার মুম্বই পুলিশের তরফ থেকে প্রকাশ্যে আনা হয়েছে, আসলে ওই ভয়েজ মেলের পিছনে কে রয়েছে?
মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের তরফ থেকে এক উচ্চপদস্থ আধিকারীক দাবি করেছেন, একটি আমেরিকান নম্বর থেকে পাঠানো হয়েছিল এই ভয়েজ নোট। আমেরিকার তদন্তকারী এক সংস্থার মাধ্যমে এই নম্বরটি সম্পর্কে বিষয়ে জানতে চেয়েছে পুলিশ। সেই সূত্র থেকেই জানা যায়, আমেরিকায় যাঁর নম্বরে এই ফোন নম্বর রয়েছে, তিনি হ্যারি বক্সার। লরেন্স বিষ্ণোই ঘনিষ্ঠ এই ব্যক্তির নাম আগেও একাধিক বিষয়ে জড়িয়েছে। তিনিই নাকি ১০ কোটি টাকা চেয়ে পাঠিয়েছেন রণবীর সিংহের সঙ্গে, পাশাপাশি হুমকি ও দেওয়া হয়েছে তাঁকে।
এই ঘটনার পরেই রণবীরের বাড়িতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। রণবীর এবং তাঁর স্ত্রী দীপিকা ও তাঁদের কন্যা দুয়া যে হাউজ়িং সোসাইটিতে থাকেন, সেখান থেকে চিঠি লেখা হয় পুলিশকে। বিল্ডিংয়ে কেন এত পুলিশ মোতায়েন করা হয়েছে, ব্যক্তিগত দেহরক্ষী নামানো হয়েছে কেন, জানতে চাওয়া হয়। ওই হাউজ়িং সোসাইটির ম্যানেজমেন্টের দাবি, এত পুলিশ, নিরাপত্তারক্ষী নামানোয়, তাঁরা অস্ত্রশস্ত্র নিয়ে ঘুরে বেড়ানোয় অন্য বাসিন্দাদের অসুবিধা হচ্ছে। বলিউডে হুমকি-হুঁশিয়ারি পাওয়া তারকাদের মধ্যে নয়া সংযোজন রণবীর। কয়েক দিন আগেই পরিচালক রোহিত শেট্টির বাড়ি লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। রোহিতের বাড়িতে গুলি চালানোর দায় স্বীকার করে বিশ্নোই গ্যাংই। সেই ঘটনায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ। সেই আবহেই প্রাণনাশের হুমকি পেলেন রণবীর।
এর আগে সলমন খান, শাহরুখ খান-সহ আরও বেশ কয়েক জন তারকা প্রাণনাশের হুমকি পান। সেই থেকে বাড়তি নিরাপত্তা পান তাঁরা। মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা শীর্ষস্তরের রাজনীতিক বাবা সিদ্দিকিকে গুলি করে খুনও করা হয়। বাবা সিদ্দিকি সলমন এবং শাহরুখ, দু'জনেরই ঘনিষ্ঠ ছিলেন। এমনকি দু'জনের মধ্যে মতবিরোধ ঘোচানোতেও বড় ভূমিকা ছিল তাঁর।























