Tollywood News: 'তৃণমূল না করলে পেটে ভাত নেই, কাজ নেই! সরকারি হল পেতাম না', টলিউডের 'ব্যান কালচার' নিয়ে বিস্ফোরক শর্বরী মুখোপাধ্যায়
Sarbori Mukherjee: স্টুডিও পাড়ায় 'ব্যান কালচার', শিল্পীর ওপর 'রাজনীতির শাসন', চমকানি-ধমকানি-চোখ রাঙানি.. তৃণমূল আমলে টালিগঞ্জের সটুডিওপাড়ার অন্দরমহল থেকে বারবার উঠে এসেছে এমনই মারাত্মক সব অভিযোগ

- টলিউডে 'ব্যান কালচার', রাজনীতির শাসন নিয়ে অভিযোগ শিল্পীদের।
- শর্বরী মুখোপাধ্যায়: তৃণমূল না হলে কাজ পাওয়া কঠিন ছিল।
- পাপিয়া অধিকারী: বিশ্বাস ব্রাদার্স ইন্ডাস্ট্রিতে নিয়ন্ত্রণ করত।
- চাপে শিল্পীরা, 'বিশ্বাস ব্রাদার্স'-এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ।
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ব্যান কালচার থেকে শুরু করে, অতিরিক্ত কলাকুশলীদের কাজে নেওয়া নিয়ে বিভিন্ন বিধিনিষেধ, কোথাও লিখিত, কোথাও অলিখিত ব্যান কালচার.. টলিউডের অন্দরে যেন ভুরি ভুরি ক্ষোভ জমেছিল। পশ্চিমবঙ্গে সরকার বদলের পরে, সেই ক্ষোভ যেন বাইরে আসছে দফায় দফায়। এতদিন টলিউডে কার্যত শেষ কথা ছিলেন অরূপ বিশ্বাস ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাস। টলিউডে তাঁদের বিরুদ্ধেও অনেকে মুখ খুলেছেন। টালিগঞ্জের জয়ী প্রার্থী পাপিয়া অধিকারী একাধিকবার অরূপ বিশ্বাস ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের নামে বিস্ফোরক অভিযোগ করেছেন। আর এবার, টলিউডের সংস্কৃতি নিয়ে মুখ খুললেন, যাদবপুরের জয়ী বিজেপি প্রার্থী, শর্বরী মুখোপাধ্যায়।
টলিউডের 'ব্যান কালচার' নিয়ে কী বলছেন শর্বরী মুখোপাধ্যায়?
স্টুডিও পাড়ায় 'ব্যান কালচার', শিল্পীর ওপর 'রাজনীতির শাসন', চমকানি-ধমকানি-চোখ রাঙানি.. তৃণমূল আমলে টালিগঞ্জের সটুডিওপাড়ার অন্দরমহল থেকে বারবার উঠে এসেছে এমনই মারাত্মক সব অভিযোগ। টলিউডের নিয়ন্ত্রক সংস্থা বদলানোর ইঙ্গিত আগেই দিয়েছিলেন পাপিয়া অধিকারী। তিনি জানিয়েছিলেন, তিনি নতুন করে টলিউডকে সাজাতে চান। আর এবার, এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে শর্বরী মুখোপাধ্যায় বলছেন, 'যদি আপনি তৃণমূল না হন, তাহলে আপনার পেটে ভাত নেই, আপনার কাজ নেই। কাজ দেওয়ার সময় চিহ্নিতকরণ করা হত। আমার যে থিয়েটার দল, আমরা সরকারি হল পেতাম না। কেন হবে এরকম? ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিশ্বাস ব্রাদার্স, তাঁরা ঠিক করবে, কে ক্যামেরা চালাবে, কে চালাবে না?'
টলিউড নিয়ে স্পষ্ট বার্তা পাপিয়া অধিকারীর
তাহলে কি 'বিশ্বাস ব্রাদার্সে'র প্রতি বিশ্বাস হারিয়েছে টালিগঞ্জ? ২০২৬ সালের নির্বাচনে টালিগঞ্জ থেকে অরূপ বিশ্বাসকে হারিয়ে জয়ী হয়েছে, পাপিয়া অধিকারী (Papiya Adhikari)। তাঁর কাঁধে এখনও পর্যন্ত রুপোলি পর্দার দায়িত্ব দেওয়া হয়নি বটে, কিন্তু অরূপ বিশ্বাসকে হারিয়ে তিনি একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন। অরূপ বিশ্বাস ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাস, ২ জনের বিরুদ্ধেই মুখ খুলেছেন তিনি। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন, 'এই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর্স গিল্ডে ওই অবিশ্বাস ভাই ছিলেন। তিনি কিচ্ছু না করে শুধু ভাইয়ের জোরে এই জায়গাটা পেয়েছিলেন। এত অত্যাচার করেছেন! হাতুড়ি মারার আগে আমরা ধরে নিয়েছি। আমরা কফিনে শুতে দেব না বাংলা ছবিকে। কেউ কিচ্ছু জানে না, তবু কাজ পাচ্ছেন। কারণ তাঁরা বিশ্বাস ব্রাদার্সের পা চাটা লোক সব!'





















