Shreya Ghoshal: গানের দুনিয়ায় পুরুষদের সমান সুযোগ পান না নারীরা? বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল
Shreya Ghoshal News: সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে শ্রেয়া বলেন, 'ভারতের সেরা গানগুলির তালিকা যদি দেখা যায়, সেখানে মহিলা শিল্পীদের নাম খুবই কম'

- শ্রেয়া ঘোষাল জানিয়েছেন, বলিউডে মহিলা শিল্পীদের সুযোগ কমেছে।
- সেরা গানের তালিকায় মহিলা শিল্পীর সংখ্যা খুবই কম।
- অতীতে লতা-আশা গানে পুরুষদের চেয়ে বেশি গুরুত্ব পেতেন।
- মহিলা শিল্পীরা ফের পুরুষদের সমান সুযোগ পাবেন আশা।
কলকাতা: বর্তমানে শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal) একের পর এক সাক্ষাৎকার কার্যত ভাইরাল। সঙ্গীতশিল্পী এমনিতেই সকলেইরই ভীষণ জনপ্রিয়। সদ্যই তিনি তাঁর জনপ্রিয় গান, 'চিকনি চামেলি' নিয়ে একটি মন্তব্য রেখেছিলেন, যা ভাইরাল হয়। তিনি বলেছিলেন, ওই সময়ে দাঁড়িয়ে তিনি 'চিকনি চামেলি'-র মতো গান গাইলেও, ভবিষ্যতে আর গাইবেন না। কারণ যে গানে নারীদের বস্তু হিসেবে দেখানো হয়, সেই সমস্ত গান গাইতে নারাজ তিনি। আর এবার, বলিউডে মহিলা শিল্পীদের সঙ্গীতে সুযোগ পাওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য শ্রেয়া ঘোষালের। কী বললেন তিনি?
সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে শ্রেয়া বলেন, 'ভারতের সেরা গানগুলির তালিকা যদি দেখা যায়, সেখানে মহিলা শিল্পীদের নাম খুবই কম। প্রথম দশের মধ্যে নয় তো বটেই, প্রথম ৫০-এর মধ্যেও খুঁজে পাওয়া যাবে কি না সন্দেহ। প্রথম ৫০-এর মধ্যে মাত্র ৬ থেকে ৭টি গান হয়তো পাওয়া যাবে যা একজন মহিলা শিল্পীর গাওয়া। এই তালিকাই বলে দেয়, মহিলা শিল্পীদের সুযোগ একটা সময়ে অনেক কম ছিল। তবে গত কয়েক দশকে পরিস্থিতি অনেকটা বদলেছে। সমস্ত ইন্ডাস্ট্রিতেই মহিলা সঙ্গীতশিল্পীদের কদর বেড়েছে। গত ১০ বছরে শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি অনেক ধরণের ফিউশন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। আশা করছি, মহিলারা আরও বেশী করে সঙ্গীতের জগতে নিজেদের জায়গা তৈরি করে নিতে পারবেন।'
পুরনো কথা বলতে গিয়ে শ্রেয়ার কন্ঠে শোনা গেল লতা মঙ্গেশকর আর আশা ভোঁসলের প্রসঙ্গ। তিনি বলেন, 'একটা সময়ে ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে কাজ করেছে শ্রদ্ধেয় ২ সঙ্গীতশিল্পী, লতা মঙ্গেশকর আর আশা ভোঁসলে। সেই সময়ে পুরুষদের থেকেও তাঁদের জনপ্রিয়তা বেশি ছিল ও পুরুষ সঙ্গীতশিল্পীদের থেকে অনেক বেশি গান মুক্তি পেল তাঁদের কন্ঠে। সেই সময়ে মহিলা কন্ঠকে ভীষণ গুরুত্ব দেওয়া হত। তবে বর্তমানে ফিউশনের কারণে আবার পুরুষ কন্ঠ বেশি গুরুত্ব পাচ্ছে। আশা করছি সেই মহিলা কন্ঠের সোনালি সময় আবার ফিরে আসবে, মহিলা শিল্পীরা আবার পুরুষদের সমান সুযোগ পাবেন।'
সদ্যই তাঁর একটি সাক্ষাৎকারে শ্রেয়া ঘোষাল জানিয়েছিলেন, তাঁর কাছে করিনা কপূরের ছবির একটি গানের অফার এসেছিল। সেই গানের লাইন ছিল, 'আমি তন্দুরি মুরগী, আমায় অ্যালকোহলের সঙ্গে খেয়ে নাও।' এহেন লিরিক্স শুনেই নাকি সেই গানের অফার নাকচ করে দিয়েছিলেন শ্রেয়া।























